চি ঠি প ত্র
স্কুলে মনোবিজ্ঞানীমাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) দেশের সব সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে একটি করে মোট ৩১৭টি মনোবিজ্ঞানীর পদ সৃষ্টির প্রস্তাব করেছে (প্রথম আলো, ২৪ আগস্ট, ২০১১)। এ সিদ্ধান্ত নিঃসন্দেহে দেশের শিক্ষক, শিক্ষাবিদ, মনোবিদ, অভিভাবক এবং সর্বোপরি ছাত্রছাত্রীদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষার প্রতিফলন। আশা করছি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মাউশির এ প্রস্তাব বাস্তবায়ন করে দেশবাসীর আন্তরিক অভিবাদনের পাত্র হবে। স্কুলে মনোবিজ্ঞানী নিয়োগের এই মহৎ উদ্যোগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করার প্রয়োজন অনুভব করছি।বাংলাদেশে ষাটের দশক থেকে মনোবিজ্ঞান নিয়ে পড়াশোনা শুরু হলেও এর প্রায়োগিক শিক্ষা ও প্রশিক্ষণ প্রাতিষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ১৯৯৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগ চালুর মাধ্যমে, যেখানে চিকিৎসা মনোবিজ্ঞানের ওপর উচ্চতর প্রশিক্ষণ দেওয়া হয়। সময়ের সঙ্গে চাহিদার ব্যাপকতা বাড়ার প্রেক্ষাপটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগ ২০০৬ সালে শিক্ষা মনোবিজ্ঞান এবং ২০০৯ সালে কাউন্সেলিং মনোবিজ্ঞানের ওপর তিন বছরমেয়াদি বিশেষায়িত প্রশিক্ষণ কোর্স চালু করে, যার প্রথম বছরে স্নাতকোত্তর এবং পরের দুই বছরে এমফিল ডিগ্রি দেওয়া হয়। পরবর্তী সময়ে এই দুটি বিশেষায়িত কোর্স একত্র করে শিক্ষা ও কাউন্সেলিং মনোবিজ্ঞান নামের একটি নতুন বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট থেকে অনুমোদিত হয়েছে। এসব কোর্সে প্রশিক্ষণার্থীদের নিজ বিষয়ের ওপর নিবিড় প্রশিক্ষণ দেওয়া হয়। শিক্ষাজীবনে ছাত্রছাত্রীরা যেসব সমস্যার সম্মুখীন হয়, তা মোকাবিলায় উল্লিখিত বিশেষায়িত কোর্সে উত্তীর্ণ স্নাতকোত্তর প্রশিক্ষণরত মনোবিজ্ঞানীরা (এমফিল শেষ না করা পর্যন্ত তাঁদের প্রশিক্ষণার্থী ধরা হয়) দারুণভাবে সাহায্য করতে পারেন। ইতিমধ্যে শিক্ষা ও কাউন্সেলিং মনোবিজ্ঞানের প্রশিক্ষণার্থীরা সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়, বেসরকারি স্কুল, উন্নয়ন সংস্থা এবং প্রকল্পে সফলতার সঙ্গে কাজ করছেন। অন্যদিকে চিকিৎসা মনোবিজ্ঞানীরা বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে দায়িত্ব পালন করছেন। কিন্তু প্রশ্ন হলো, উপযুক্ত প্রশিক্ষণপ্রাপ্ত এ রকম মনোবিজ্ঞানীর সংখ্যা কি পর্যাপ্ত? উত্তর হলো, না। উল্লিখিত তিনটি কোর্সে প্রতিবছর মোট ৪০ জন স্নাতকে ভর্তি হওয়ার সুযোগ পান।এ প্রেক্ষাপটে চাহিদা পূরণে মনোবিজ্ঞান বিষয়ে সাধারণ স্নাতকদেরও বিবেচনা করা যেতে পারে। তবে এ ক্ষেত্রে কর্মক্ষেত্রে যোগদানের আগে স্কুলে মনোবৈজ্ঞানিক প্রয়োগের ওপর অন্তত ছয় মাসের প্রাথমিক প্রশিক্ষণ অপরিহার্য। কেননা, অপরিণত ও বাস্তব প্রশিক্ষণহীন মনোবিজ্ঞানীদের দ্বারা উপকারের চেয়ে অপকার হওয়ার আশঙ্কা বেশি থাকে। একজন বিশ্বস্ত, নিরাপদ, গোপনীয়তা রক্ষাকারী, দক্ষ মনোবিজ্ঞানী হওয়ার জন্য প্রশিক্ষণ ও ধারাবাহিক সুপারভিশনের কোনো বিকল্প নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও কাউন্সেলিং মনোবিজ্ঞান বিভাগের সহযোগিতা নিয়ে প্রাথমিক দক্ষতা প্রশিক্ষণের ব্যবস্থা করা যেতে পারে, যাতে নিম্নোক্ত বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকা গুরুত্বপূর্ণ। যেমন: জাতিসংঘ শিশু অধিকার সনদ, শিশু সুরক্ষা নীতি, জেন্ডার, সুরক্ষা শিক্ষা, দুর্যোগ মোকাবিলায় প্রাথমিক প্রস্তুতি ইত্যাদি। প্রত্যাশা, সংশ্লিষ্ট বিষয়ে বিশেষজ্ঞরা সরকারের এই প্রচেষ্টায় আন্তরিকভাবে সহযোগিতা করবেন।মো. আজহারুল ইসলামপ্রশিক্ষণরত কাউন্সেলিং মনোবিজ্ঞানীঢাকা বিশ্ববিদ্যালয়।ড্রাইভিং লাইসেন্সশ্রমিক ফেডারেশনের সভাপতি নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান মৌখিক পরীক্ষার ভিত্তিতে ড্রাইভিং লাইসেন্স দেওয়ার সুপারিশ করেছেন। তাঁর যুক্তি, অনেক চালক বহুদিন ধরে গাড়ি চালাচ্ছেন; এঁরা দক্ষ। পরীক্ষা ছাড়া কী করে বোঝা যাবে যে চালক দক্ষ। লাইসেন্স পেতে বিআরটিএর লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় পাস করতেই হবে। তবে বিআরটিএ সম্বন্ধে সাধারণ মানুষের যা ধারণা, তাতে লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে এ প্রতিষ্ঠানটির কর্মীদের ওপর মোটেই আস্থা রাখা যায় না। ডিজিটাল পাসপোর্ট দেওয়ার ক্ষেত্রে সেনাবাহিনীকে যেভাবে কাজে লাগানো হয়েছে, ড্রাইভিং লাইসেন্স দেওয়ার ক্ষেত্রেও একই পদ্ধতি অবলম্বন করা উচিত। মোকাররম বিল্লাহ চৌধুরীঅবসরপ্রাপ্ত কর্মকর্তা, বিসিএসআইআর, ঢাকা।