চি ঠি প ত্র
দর্শনশাস্ত্র অন্তর্ভুক্তিদেশে উচ্চশিক্ষার অবারিত দ্বার উন্মোচনের পথে অনেক নতুন নতুন বিশ্ববিদ্যালয় স্থাপিত হচ্ছে—এটা নিঃসন্দেহে আমাদের দেশের জন্য সুসংবাদ। দেশে অনেক পাবলিক বিশ্ববিদ্যালয় হচ্ছে; বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নামে অনেক বিশ্ববিদ্যালয় হচ্ছে, কিন্তু কোনো বিশ্ববিদ্যালয়েই দর্শন বিষয়টি অন্তর্ভুক্ত হচ্ছে না। সেখানে গুরুত্ব দেওয়া হচ্ছে না যে দর্শন সব বিজ্ঞানের সেরা বিজ্ঞান। বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গঠনের পেছনে একটা বড় যুক্তি হলো, যুগের দাবি। যুগোপযোগী বিষয়ভিত্তিক শিক্ষা। কিন্তু বিজ্ঞান শিক্ষার আগে দর্শনকে বা দর্শনের জ্ঞানকে স্বীকার না করলে সে বিজ্ঞানের কোনো প্রাণ থাকবে না। কারণ, দর্শন বিজ্ঞানের জনক। দর্শনের সত্য শিব ও সুন্দরের শিক্ষা দেশ-জাতি-ব্যক্তিকে সর্বাঙ্গীণ পরিশীলিত করে। দার্শনিক জ্ঞান তথা পণ্ডিতজনের চিন্তা বিজ্ঞান তথ্যপ্রযুক্তি তথা সব ধরনের আধুনিকতার প্রকৃত বুনিয়াদ। দর্শন সমগ্র জীবনবোধের পরিচালক। দার্শনিক জ্ঞানই মানুষকে মানুষ করেছে। তাই বলা যেতে পারে, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখন আর যুগের দাবি নয়, জ্ঞানচর্চার দাবি নয়; রীতিমতো হুজুগের দাবি হয়ে উঠেছে। এখন বলতে গেলে উচ্চমাধ্যমিক শ্রেণী থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়সমূহে স্নাতক, স্নাতকোত্তর, এমফিল, পিএইচডি—সর্বস্তরেই দর্শন বিষয়টিকে বাদ দিয়ে শিক্ষার বুনিয়াদ রচনার চেষ্টা করা হচ্ছে। জ্ঞান যদি সত্য হয়, দর্শন অনিবার্যভাবে সত্য। দর্শনকে বাদ দিয়ে উচ্চশিক্ষার বুনিয়াদ রচিত হতে পারে না। দর্শন হলো সব বিষয়ের সার্বিক জ্ঞান। তাই উচ্চশিক্ষার প্রকৃত মূল্য ও জ্ঞানের প্রকৃত রস পেতে হলে প্রতিটি বিশ্ববিদ্যালয়ে যেকোনো বিষয় অন্তর্ভুক্ত করার আগে দর্শন বিষয়টি অন্তর্ভুক্ত করার বিষয়টা বিদ্বান ও পণ্ডিতজনদের দাবি। দেশের শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠালগ্নেও দর্শন ছিল অন্যতম প্রধান বিষয়। আধুনিক সব সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ে দর্শন পড়ানোর সুযোগ না সৃষ্টি করলে একসময় দেশের শিক্ষাব্যবস্থা পরিণত হবে হরিষে বিষাদে।ড. প্রণবানন্দ সাহাবিভাগীয় প্রধান, দর্শন বিভাগনীলফামারী সরকারি কলেজ।