চি ঠি প ত্র
ফ্লাইওভারের নির্মাণরাজধানীতে যানজট নিত্যনৈমিত্তিক ব্যাপার। যাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভারের নির্মাণকাজ চলছে। সংকুচিত হয়ে গেছে বেশ কয়েকটি রাস্তা। অথচ বিকল্প পথে চলার কোনো ব্যবস্থা করা হয়নি। ফলে একই রাস্তায় ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতে হয় যাত্রীদের। অন্য রাস্তায়ও যানজট তীব্র। বিশাল এলাকাজুড়ে সৃষ্টি হচ্ছে যানজট, দিবারাত্রির এই যানজটে ভোগান্তি বেড়েছে সাধারণ মানুষ ও যাত্রীদের।যাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভার নির্মাণকে কেন্দ্র করে ডিসিসি এবং সড়ক ও জনপথ অধিদপ্তর একটু সচেতন হলেই ভোগান্তি অনেকটা কমত। ফ্লাইওভার নির্মাণের কারণে রাস্তা সংকুচিত হওয়া এবং যানবাহন চলাচলে ব্যাঘাত সৃষ্টি হওয়া নিয়ে ট্রাফিক পুলিশও বিব্রত। একদিকে ফ্লাইওভারের কাজ চলছে, অন্যদিকে গোটা ফুটপাত দখলে রয়েছে হকার ও দোকানদারদের। রাস্তায় গাড়ি চলাচলেও কোনো শৃঙ্খলা নেই। দেশের পূর্বাঞ্চলের ১৮টি জেলা থেকে ঢাকায় আসার পথে হাজার হাজার গাড়ি আটকে যাচ্ছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে। যাত্রাবাড়ী-কুতুবখালী এলাকায় ফ্লাইওভারের কাজ চলছে রাস্তার মাঝখানে। সে কারণে ওই এলাকার রাস্তা সংকুচিত হয়ে যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। অথচ মহাসড়কের দুই দিকে বিশাল জায়গা বেদখল হয়ে আছে। মহাসড়কসংলগ্ন সড়ক দখল করে গড়ে তোলা হয়েছে মার্কেট, পাইকারি শাকসবজির বাজার, পাইকারি মাছের বাজার, ট্রাকস্ট্যান্ড, দোকানপাটসহ বিভিন্ন স্থাপনা। এগুলো দখলমুক্ত করে বিকল্প রাস্তা তৈরি করে দিলে অনায়াসে যানবাহন চলতে পারত। মহাসড়ক দখলের মহোৎসব চোখে পড়ে যাত্রাবাড়ী থানা থেকে কাঁচপুর ব্রিজ পর্যন্ত পুরো ১৪ কিলোমিটার এলাকা। যানজটের অনেক কারণ রয়েছে। ফুটপাত ও সড়ক দখল এর মধ্যে অন্যতম। হঠাৎ করে ঢাকায় যানজট এত তীব্র হয়েছে কেন, তা বোঝা যায় না। ঢাকা এখন চলাচলে যেমন অনুপযোগী হয়ে পড়েছে, তেমনি বসবাসেরও। এর দায় সরকারকেই নিতে হবে। সরকারের উচিত যানজট নিরসনে বাস্তবসম্মত উদ্যোগ নেওয়া। যাত্রাবাড়ী ফ্লাইওভার নির্মাণকাজ চলাকালে আন্তজেলা বাসগুলো শহরের মধ্যে যাতে ঢুকতে না পারে, কিংবা সায়েদাবাদ-যাত্রাবাড়ী রুট বদল করে অন্য রুটে নিয়ে যাওয়া হলে এই রাস্তায় যেমন যানজট কমবে, তেমনি ফ্লাইওভারের কাজও নির্বিঘ্নে করা সম্ভব হবে।খন্দকার ইয়াছিনযাত্রাবাড়ী, ঢাকা।প্রাণীর প্রতি আচরণএকটি দৈনিক পত্রিকায় প্রকাশিত খবরে জানতে পারলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জনৈক আইনের শিক্ষক তাঁর পোষা খরগোশ খাওয়ার অপরাধে প্রতিবেশীর কুকুরের চোখ শাবল দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে তুলে ফেলেছেন।মানুষ স্রষ্টার সৃষ্টির শ্রেষ্ঠ জীব। মানুষ শিক্ষা গ্রহণ করে দুটি কারণে, বিবেককে জাগ্রত করার জন্য, মৌলিক চাহিদা পূরণের জন্য মানসম্পন্ন পেশার সহায়ক হিসেবে। বিশ্ববিদ্যালয় দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ। তিনি আইনের শিক্ষক হয়ে একটি পশুর চোখ কীভাবে নিজ হাতে খুঁচিয়ে খুঁচিয়ে তুললেন! শিক্ষকতা একটি শ্রদ্ধেয় পেশা। শিক্ষকেরা হচ্ছেন মানুষ গড়ার কারিগর ও পথপ্রদর্শক। আমাদের শিক্ষার্থীরা গুরুজনদের অনুকরণ-অনুসরণ করে তাদের লব্ধ জ্ঞান সমাজে ছড়িয়ে দেবে, এটাই জাতির প্রত্যাশা।আমাদের খাবারের অবশিষ্ট অংশের প্রতি বিড়াল-কুকুরের অধিকার আছে। আমাদের গৃহপালিত পশুপাখি যাতে অনাহারে-অর্ধাহারে রোগে-শোকে অতিরিক্ত ঠান্ডা-গরমে কষ্ট না পায়, সেদিকে লক্ষ রাখা উচিত। পশুপাখিরা পিপাসা পেলে বলতে পারে না। এদিকে খেয়াল রেখে তাদের আহারের ব্যবস্থা আমাদের নিশ্চিত করতে হবে। আমরা আচরণ দিয়ে প্রমাণ করব, আমরা মানুষ। আসুন, আমরা আমাদের বিবেককে জাগ্রত করি, সর্বজীবে দয়া করি।মো. মহিউদদ্ীন শরীফ সোনালী ব্যাংক লিমিটেড মাদারীপুর।লোকশিল্পকে রক্ষা করুনবাংলাদেশের ইতিহাসে লোকশিল্পের অবদান অনেক। একসময় বাংলাদেশের গ্রামাঞ্চলে পুঁথিপাঠ, কবিগান, ভাটিয়ালি, গম্ভীরা, যাত্রা, পুতুলনাচ, সার্কাসের সগৌরব পদচারণ ছিল। বিভিন্ন উৎসব-পার্বণে অন্যতম মূল আকর্ষণ ছিল যাত্রা, পুতুলনাচ, সার্কাস। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, বর্তমানে এসব লোকশিল্প বিলুপ্তপ্রায়। ইতিহাসের বিভিন্ন বিষয় এই সব পুঁথিপাঠ, কবিগান ও যাত্রায় উঠে আসত। সাধারণ মানুষ দল বেঁধে নির্মল বিনোদন উপভোগ করত। সঙ্গে সঙ্গে ইতিহাসের বিভিন্ন বিষয় সম্পর্কে ধারণা লাভ করত। আধুনিকতার নামে আকাশ-সংস্কৃতির বিস্তারে আমাদের লোকশিল্প মৃতপ্রায়। শত বছরের ঐতিহ্যের ধারক-বাহক আমাদের লোকশিল্পকে ফিরিয়ে আনতে সবার সম্মিলিত প্রচেষ্টা দরকার। সরকারের ঐকান্তিক পৃষ্ঠপোষকতা এই শিল্পকে নব-জীবন দান করবে।আফসানা আন্জুমান, ঢাকা।