চি ঠি প ত্র
প্রতিবাদআমি চীনের নাননিংয়ে অনুষ্ঠিত (২-৬ সেপ্টেম্বর) সর্ব এশীয় রাজনৈতিক দলগুলো নিয়ে গঠিত ইন্টারন্যাশনাল কনফারেন্স অব এশিয়ান পলিটিক্যাল পার্টিজের (আইসিএপিপি) মহাসম্মেলনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিনিধিত্ব করতে যাই। গতকাল গভীর রাতে ঢাকায় ফিরে এসে ৬ সেপ্টেম্বরে উইকিলিকসের বরাতে প্রথম আলোয় আমাকে নিয়ে পরিবেশিত একটি সংবাদ পড়ে বিস্মিত হই।দেশবাসী ভালো করেই জানে, আমি আপাদমস্তক গভীরভাবে গণতন্ত্রে বিশ্বাসী এবং আজীবন গণতন্ত্রের চেতনায় লালিত একজন নাগরিক। সেনাবাহিনীতে আমার সুদীর্ঘ ৩৪ বছরের পেশাগত জীবনে এবং পরবর্তী সময়ে তারই সুস্পষ্ট প্রতিফলন সব সময় দেশবাসী দেখেছে। দৃষ্টান্তস্বরূপ প্রথমেই বলতে চাই, ১৯৯৬ সালের ২০ মে দেশ এক ভয়ংকর পরিস্থিতির সম্মুখীন হয়। তখন সাবেক প্রধান বিচারপতি হাবিবুর রহমানের নেতৃত্বে দেশে তত্ত্বাবধায়ক সরকার বিরাজমান এবং জাতীয় নির্বাচনের তারিখ নির্ধারিত ও তফসিল ইতিমধ্যে ঘোষিত।রাষ্ট্রপ্রধান ও সেনাপ্রধানের মধ্যে সমন্বয়হীনতা ও তীব্র দ্বন্দ্বের ফলে তখন সেনাবাহিনীতে এক বিশৃঙ্খল পরিস্থিতির উদ্ভব হয়। জাতীয় নিরাপত্তা ও গণতন্ত্র ঝুঁকির মধ্যে পড়ে। সেই অত্যন্ত নাজুক এক সময়ে দেশপ্রেমিক, গণতন্ত্রে বিশ্বাসী ও সংবিধানে অনুগত শীর্ষ সেনা কর্মকর্তারাসহ সেনাবাহিনীর সর্বস্তরের কর্মকর্তা ও সৈনিকদের নিয়ে তত্ত্বাবধায়ক সরকার কর্তৃক দায়িত্বপ্রাপ্ত হয়ে সংবিধানকে রক্ষা করি, সেনাবাহিনীর মধ্যে শৃঙ্খলা ফিরিয়ে আনি, চেইন অব কমান্ড প্রতিষ্ঠা করি এবং বিচারপতি হাবিবুর রহমানের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকারকে এক সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনে সহায়তা করি। আমি এখানে উল্লেখ করতে চাই, বাংলাদেশের সমগ্র সেনাবাহিনী, তার আপামর র্যাংক অ্যান্ড ফাইল, সেনা কর্মকর্তা ও সৈনিক গণতন্ত্রে দৃঢ়বিশ্বাস, সংবিধানে চরম অনুগত এবং সন্দেহাতীতভাবে অরাজনৈতিক। আরও বলতে চাই, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সূতিকাগৃহে বাংলাদেশ সেনাবাহিনীর জন্ম এবং তারাই মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেয়, যুদ্ধ পরিচালনা করে, ফোর্স সংগঠন করে। আর অবিসংবাদিতভাবে সত্য যে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের মূল প্রেরণা ছিল সত্যিকারের গণতন্ত্রের লক্ষ্যে এক স্বাধীন ও সার্বভৌম জাতির প্রতিষ্ঠা।আমাকে নিয়ে পত্রিকায় প্রকাশিত সংবাদের কোনো সত্যতা নেই। আমি সেনাপ্রধান থাকাবস্থায় যুক্তরাষ্ট্রের তদানীন্তন সেনাপ্রধান জেনারেল ড্যানিশ রেইমার ও যুক্তরাষ্ট্রের তদানীন্তন প্রতিরক্ষামন্ত্রী (সেক্রেটারি, ডিফেন্স) বিল কোহেনের আমন্ত্রণে দুবার পেন্টাগন ও স্টেট ডিপার্টমেন্ট সফর করি এবং প্রশংসিত হই। আরও উল্লেখ করতে চাই, সেনাপ্রধানের দায়িত্বপ্রাপ্ত হয়ে ১৯৯৬ সালের ২১ মে সেনাসদরে যে দুজন রাষ্ট্রদূতকে সর্বপ্রথম রিসিভ করি, তাঁরা হলেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ডেভিড মেরিল ও চীনা রাষ্ট্রদূত চাং শু চিয়াং। তাঁরা সেনাবাহিনী ও আমাকে সেনাবাহিনীর শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য এবং সংবিধান ও গণতন্ত্রকে সমুন্নত রাখার জন্য অভিনন্দিত করেন।বিশ্বজুড়ে সেনাবাহিনীর অসাংবিধানিক ভূমিকার বিরুদ্ধে আমি আজীবন অবস্থান নিয়েছি, গোটা জাতি এ বিষয়ে যথাযথভাবে অবগত।লে. জেনারেল মাহবুবুর রহমান (অব.)স্থায়ী কমিটির সদস্য, বিএনপি, ঢাকা।২.৬ সেপ্টেম্বর প্রকাশিত ‘দুর্নীতিগ্রস্ত ছেলেকে প্রশ্রয় দেওয়া খালেদা জিয়ার বড় ব্যর্থতা’ শিরোনামে যে খবর ছাপা হয়েছে, সে ব্যাপারে আমার বক্তব্য নিম্নরূপ: ১. হ্যারি কে টমাসের সঙ্গে আলাপচারিতায় দেওয়া আমার তথাকথিত বক্তব্য হয় ডাহা মিথ্যা, নতুবা কল্পনাপ্রসূত, নতুবা ভয়ংকরভাবে অতিরঞ্জিত।২. আমি তখন যে পদে অধিষ্ঠিত ছিলাম, সে পদ থেকে আমার পক্ষে রাজনৈতিক অথবা আইনশৃঙ্খলার বিষয়ে বক্তব্য দেওয়ার কোনো সুযোগ ছিল না এবং আমি দিইও নাই।কামাল উদ্দিন সিদ্দিকীজোট সরকারের আমলে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব।ট্রমা সেন্টারসমপ্রতি প্রকাশিত এক জরিপ থেকে জানা যাচ্ছে, বাংলাদেশ হলো বিশ্বের দ্বিতীয় সড়ক দুর্ঘটনাকবলিত দেশ। প্রতিবছর প্রায় ছয় হাজার লোক প্রাণ হারায় এই দুর্ঘটনায়। কিন্তু এই দুর্ঘটনায় যারা আহত হয়ে বেচে থাকে, তাদের জীবন হয়ে ওঠে বিষময়। আবার এসব আহত মানুষ যদি তাত্ক্ষণিক ও যথাযথ চিকিত্সাসেবা পেত, তবে তাদের অনেকেই স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারত। কিন্তু দুর্ঘটনাস্থল থেকে উপযুক্ত চিকিত্সালয় অনেক দূরে এবং উপযুক্ত চিকিত্সাপদ্ধতি না জানার কারণে অধিকাংশই যাপন করে যন্ত্রণার জীবন। আমাদের দেশের উত্তরাঞ্চল স্থানীয়-আঞ্চলিক-জাতীয় যোগাযোগের জন্য মূলত সড়কপথের ওপর নির্ভরশীল। আর তাই এই অঞ্চলে সড়ক দুর্ঘটনার হারও অনেক বেশি। এসব কারণে উত্তরাঞ্চলের সড়ক-জালের কেন্দ্রে অবস্থিত বগুড়ায় একটি অর্থোপেডিক ও ফিজিওলজি কলেজ ও হাসপাতাল প্রতিষ্ঠা করা অতীব জরুরি। এ ছাড়া সৈয়দপুর ও সিরাজগঞ্জে দুটি ট্রমা সেন্টার স্থাপন করা হোক। মো. ইফতেখার রহমান,নওগাঁ।