চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাহী ম্যাজিস্ট্রেটবাংলা একাডেমীর অভিধানে ‘ম্যাজিস্ট্রেট’ শব্দটির অর্থ দেওয়া আছে ‘নিম্ন আদালতের বিচারক’। অর্থাৎ বিচারক। যে বিচারকাজ সম্পাদন করবেন, স্বাভাবিকভাবেই তাঁর বিচার সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান থাকা বাঞ্ছনীয়। ২০০৭ সালে বিচার বিভাগ পৃথক্করণের পর বিসিএস প্রশাসন ক্যাডারের সদস্যদের মূল পদের সমান্তরালে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে আখ্যায়িত করা হয়। এই ক্যাডারের প্রারম্ভিক পদে যোগ দিতে আইনি শিক্ষা ও পেশাগত অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই। যেকোনো বিষয়ের ছাত্রই বিসিএস পরীক্ষার মাধ্যমে এ ক্যাডারের সদস্য হতে পারেন। অথচ এ ক্যাডারের প্রারম্ভিক পদ হলো ‘সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট’। অর্থাৎ নিয়োগের সঙ্গে সঙ্গে ম্যাজিস্ট্রেট। যোগ দেওয়ার দিন থেকেই তাঁরা কোনো প্রকারের প্রশিক্ষণ ছাড়াই বিচারিক ক্ষমতা প্রয়োগের সুযোগ পান এবং করেনও।একসময় অন্য ক্যাডারের সদস্যদের সীমিত আকারে বিচারিক ক্ষমতা দেওয়া হয়েছিল। বিচার বিভাগ পৃথক্করণের পর তা পুরোপুরি প্রত্যাহার করে নেওয়া হয়। অথচ প্রশাসন ক্যাডারের ক্ষেত্রে শিক্ষা কিংবা প্রশিক্ষণ ছাড়াই বিচারিক ক্ষমতা প্রয়োগের সুযোগ দেওয়া আছে। সব বিভাগ থেকে মোবাইল কোর্ট পরিচালনার জন্য প্রশাসন ক্যাডারের কাছেই ধরনা দিতে হয়। তাই একই কাজে দুই বিভাগের দুজন কর্মকর্তার প্রয়োজন হয়। অথচ একই পরীক্ষার মাধ্যমে অন্য ২৭টি ক্যাডারে নিয়োগ দেওয়া হয়। উপনিবেশোত্তর একটি গণতান্ত্রিক সমাজে ‘নির্বাহী ম্যাজিস্ট্রেট’-এর এই ব্যাপারটি কতটা যৌক্তিক, একবার ভেবে দেখা দরকার।নাম প্রকাশে অনিচ্ছুকচট্টগ্রাম।কারা প্রশাসন ১৯৭৫ সালে রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে কারা অধিদপ্তর পরিচালনায় কারা মহাপরিদর্শক পদে ডেপুটেশনে সেনাবাহিনীর মেডিকেল কোরের কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হচ্ছে। নব্বইয়ের দশকে সৃষ্ট কারা অতিরিক্ত মহাপরিদর্শকের পদেও একইভাবে ডেপুটেশনে নিয়োগ দেওয়া হচ্ছে। পঁচাত্তরের আগে কারা বিভাগের কর্মকর্তাদের মধ্য থেকে কারা মহাপরিদর্শক পদে পদোন্নতির মাধ্যমে নিয়োগ দেওয়া হতো। যদিও পত্রপত্রিকায় মাঝেমধ্যে লেখা হয়, পঁচাত্তরের আগে পুলিশ বিভাগ থেকে কারা মহাপরিদর্শক পদে নিয়োগ দেওয়া হতো। তাঁরা প্রত্যেকেই কারা বিভাগের কর্মকর্তা ও পদোন্নতির মাধ্যমে কারা মহাপরিদর্শক পদে নিযুক্ত হন। নব্বইয়ের দশকে কারা বিভাগের কর্মকর্তা লিয়াকত আলী খান অল্প সময়ের জন্য কারা মহাপরিদর্শকের দায়িত্ব পালনের সুযোগ পান। তাঁকে অকারণে অপসারণ করা হয়। দেশ স্বাধীনের আগে পূর্ব পাকিস্তানেও কারা অধিদপ্তরে সেনা, প্রশাসন, পুলিশ বা অন্য কোনো সংস্থা থেকে ডেপুটেশনে কোনো কারা মহাপরিদর্শক বা উপমহাপরিদর্শক নিয়োগ করা হয়নি। ১৯৭৫-এর পর থেকে কারা মহাপরিদর্শক পদে ডেপুটেশনে কর্মকর্তাদের নিয়োগ দেওয়ার ফলে বিভাগীয় কর্মকর্তাদের ছয়টি স্তরে পদোন্নতির স্বাভাবিক ধারা ব্যাহত হচ্ছে। ফলে কারা বিভাগের কর্মকর্তারা তাঁদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। এ ছাড়া বিগত তত্ত্বাবধায়ক সরকারের শাসনকালে কয়েকটি বিভাগে কারা উপমহাপরিদর্শক পদে ডেপুটেশনে কর্মকর্তা নিয়োগ দিলে কারা কর্মকর্তাদের পদোন্নতির স্বাভাবিক ধারা বাধাগ্রস্ত হয়। মেধা, দক্ষতা ও যোগ্যতা থাকা সত্ত্বেও একজন কারা কর্মকর্তা নিয়মতান্ত্রিকভাবে উচ্চতর পদে অধিষ্ঠিত হতে না পারার কারণে তাঁদের মধ্যে হতাশা সৃষ্টি হয় ও প্রশাসনে বিরাজ করে স্থবিরতা। সময়মতো কারা কর্মকর্তাদের পদোন্নতির মাধ্যমে উচ্চতর পদে দক্ষতা বিকাশের সুযোগ না থাকায় পেশাদার ও গতিশীল কারা প্রশাসন গড়ে উঠছে না।কারা বিভাগ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন অন্যতম আইন প্রয়োগকারী সংস্থা ও বিশেষায়িত সার্ভিস। সুতরাং কারা অধিদপ্তরের শীর্ষ দুটি পদেই দুজন চিকিৎসাসংশ্লিষ্ট কর্মকর্তার স্বল্পকালীন ডেপুটেশনে নিয়োগ বর্তমানের কারা প্রশাসনের চাহিদা। কারা কর্মকর্তা ও কারারক্ষীর আধুনিক প্রশিক্ষণ, কারা ব্যবস্থাপনা, বন্দীর নিরাপদ হেফাজত, বন্দী সংশোধন ও তাদের বাজারমুখী কর্মদক্ষতা উন্নয়নের মাধ্যমে সমাজে পুনর্বাসন কার্যক্রমসহ কারা সংস্কারের সঙ্গে কতখানি যুক্তিযুক্ত ও ফলপ্রসূ হচ্ছে, তা সরকারের ভেবে দেখা উচিত। এ ক্ষেত্রে দীর্ঘদিনের অভিজ্ঞতা ও দক্ষতাসম্পন্ন কারা কর্মকর্তাদের শীর্ষ পদে নিয়োগ দিয়ে বিচারপতি মুনেম কমিশনের প্রতিবেদন অনুযায়ী স্বাধীন দেশের কারা-ব্যবস্থা ঢেলে সাজানো দরকার। এ ছাড়া দেশের ৭৮টি কারাগারের হাসপাতাল ব্যবস্থাপনা তদারকির জন্য কারা অধিদপ্তরে একটি অতিরিক্ত বা উপমহাপরিদর্শক পদ সৃষ্টি করে চিকিৎসাসংশ্লিষ্ট কর্মকর্তা নিয়োগ দেওয়া যেতে পারে। কে জি এম ফারুকঅধিকারকর্মীগাবতলী, বগুড়া।দ্বিতীয় মহাসড়কঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ক্রমবর্ধমান গুরুত্ব অনুধাবন করে সরকার দ্বিতীয় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক তথা ঢাকা-চট্টগ্রাম এক্সেস কন্ট্রোল এক্সপ্রেসওয়ে নির্মাণের উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে সম্ভাব্যতা যাচাইয়ের কাজ করছে এডিবি। ঢাকা-চট্টগ্রাম এক্সেস কন্ট্রোল এক্সপ্রেসওয়ের রুট নির্ধারণ, তথা সম্ভাব্যতা যাচাইয়ের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এটা অবশ্যই মাথায় রাখতে হবে, যেসব জেলার ওপর দিয়ে ইতিমধ্যে ঢাকা-চট্টগ্রাম প্রথম মহাসড়ক (বর্তমানে চার লেনে রূপান্তরাধীন) অতিক্রম করেছে, সেগুলোকে বাদ দিয়ে যথাসম্ভব নতুন নতুন জেলা (লক্ষ্মীপুর, চাঁদপুর, নোয়াখালী) অন্তর্ভুক্ত করে যাতে ঢাকা-চট্টগ্রাম এক্সেস কন্ট্রোল এক্সপ্রেসওয়ের রুট নির্ধারণ করা হয়। ঢাকা-চট্টগ্রাম প্রথম মহাসড়ক যে জেলাগুলোর (কুমিল্লা, ফেনী) ওপর দিয়ে গেছে, সেগুলো পার্শ্ববর্তী অন্য জেলার তুলনায় যোগাযোগ, উন্নয়ন ও অর্থনৈতিক সমৃদ্ধির ক্ষেত্রে অনেক দূর এগিয়ে গেছে।বর্তমান সরকার সুষম উন্নয়ন ও আঞ্চলিক বৈষম্য দূরীকরণে বিশ্বাসী। সে বিবেচনায় ঢাকা-চট্টগ্রাম এক্সেস কন্ট্রোল এক্সপ্রেসওয়ের রুট নির্ধারণের ক্ষেত্রে যেন লক্ষ্মীপুর, চাঁদপুর ও নোয়াখালী জেলাকে অন্তর্ভুক্ত করা হয়, সে বিষয়টি সম্ভাব্যতা যাচাইকারী কর্তৃপক্ষকে অবশ্যই গুরুত্বের সঙ্গে অনুধাবন করতে হবে। আজ থেকে প্রায় ১০ বছর আগে একটি বিদেশি সম্ভাব্যতা যাচাইকারী প্রতিষ্ঠান ঢাকা-নারায়ণগঞ্জ-মতলব-চাঁদপুর-লক্ষ্মীপুর-মাইজদী (নোয়াখালী)-সোনাগাজী (ফেনী)-মিরসরাই-সীতাকুণ্ড-চট্টগ্রাম রুটে ঢাকা-চট্টগ্রাম এক্সেস কন্ট্রোল এক্সপ্রেসওয়ের রুটম্যাপ নির্ধারণ করেছিল, যা অত্যন্ত যৌক্তিক ও ন্যায়সংগত। ভোলা-বরিশালসহ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের যোগাযোগের সবচেয়ে সহজ পথ হচ্ছে লক্ষ্মীপুর জেলা। তাই এ জেলার ওপর দিয়ে ঢাকা-চট্টগ্রাম এক্সেস কন্ট্রোল এক্সপ্রেসওয়ে বাস্তবায়িত হলে লক্ষ্মীপুর জেলাসহ ভোলা ও বরিশাল জেলার সঙ্গে রাজধানী ঢাকা ও বন্দরনগর চট্টগ্রামের সহজ যোগাযোগ স্থাপিত হবে। তাই ঢাকা-চট্টগ্রাম এক্সেস কন্ট্রোল এক্সপ্রেসওয়ের রুট নির্ধারণের ক্ষেত্রে কোনোভাবেই যাতে লক্ষ্মীপুর জেলা বাদ না পড়ে, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষসহ সম্ভাব্যতা যাচাইকারী প্রতিষ্ঠানকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিতে হবে। ফয়সল হাসানদক্ষিণ বাঞ্ছানগর, রামগতি ডাইভারশন রোড, লক্ষ্মীপুর।