চি ঠি প ত্র
খেলার মাঠযত্রতত্র স্থাপনা নির্মাণ, হকারদের আধিপত্য, অপরিকল্পিত নগরায়ণ আর ভূমিদস্যুদের কবলে পড়ে সিলেট নগর থেকে হারিয়ে যেতে বসেছে খেলার মাঠ। যেগুলো টিকে আছে, সেগুলোও হুমকির মুখে। ফলে নিয়মিত ক্রীড়াচর্চা থেকে বঞ্চিত হচ্ছে নগরের শিশু-কিশোর, তরুণ-তরুণীরা। গত কয়েক বছরে হারিয়ে গেছে ছোট-বড় অনেক মাঠ। আকারের দিক দিয়ে নগরের অন্যতম বৃহত্তম মাঠ ছিল মেডিকেল মাঠ। কর্তৃপক্ষ খেলার মাঠের জায়গায় গড়ে তুলেছে নার্সিং হোম আর ইন্টার্নি আবাসন। স্টেডিয়ামের পর হকি খেলার জন্য সবচেয়ে উপযুক্ত মাঠ ছিল সিলেট পুলিশ লাইন মাঠ। বর্তমানে এই মাঠে পুলিশ ছাড়া কারোরই প্রবেশাধিকার নেই। এ ছাড়া ভূমিদস্যুদের কবলে পড়ে নগর থেকে হারিয়ে গেছে লালদীঘির পাড় গাছতলা মাঠ, বর্ণমালা স্কুলমাঠ, লালমাটিয়া মাঠ, রেজিস্টারি মাঠ, মজুমদারি মাঠ, বাগবাড়ী এতিম স্কুলমাঠ। নগরের প্রাণকেন্দ্রে অবস্থিত রেজিস্টারি মাঠ হকারদের দখলে চলে গেছে। হকাররা দোকান নির্মাণ করে মাঠটি দখলে নিয়েছে। যে মাঠগুলো এখনো টিকে আছে, সেগুলোও রয়েছে হুমকির মুখে। শাহি ঈদগাহ খেলার মাঠ নিয়ে অনেক নাটক মঞ্চস্থ হয়েছে। এ ছাড়া নগরের কালাপাথর মাঠটিও নানাভাবে অবহেলার শিকার। সিলেট আলিয়া মাদ্রাসার খেলার মাঠটি বর্তমানে বিভিন্ন সভা-সমাবেশ ও মেলা পরিচালনার কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করেছে। ফলে মাঠটি হয়ে পড়ছে ক্ষতবিক্ষত ও খেলাধুলার অনুপযুক্ত। সিলেট এমসি কলেজ মাঠে বাণিজ্য মেলা অনুষ্ঠিত হওয়ার ফলে মাঠটি শ্রী হারিয়েছে অনেকটাই। মাঠের নালাব্যবস্থা নাজুক থাকায় একটু বৃষ্টি হলে পানি জমে খেলার অনুপযুক্ত হয়ে পড়ে। তাই ভূমিদস্যুদের হাত থেকে খেলার মাঠ রক্ষা ও দখল হয়ে যাওয়া মাঠগুলোকে দখলমুক্ত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।মবরুর আহমদএমসি কলেজ, সিলেট।