চি ঠি প ত্র
মহাপরিকল্পনা!দেশের সড়কব্যবস্থা এখন খুব নাজুক। ইট-বালু ফেলে সড়কে চলাচলের জন্য যে সাময়িক ব্যবস্থা নেওয়া হয়েছিল, তা আবার নষ্ট হয়ে গেছে। মহাসড়কগুলো আবার পুরোনো অবস্থায় ফিরে এসেছে। কিছুদিন আগের কথা, যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনের একটি সাক্ষাৎকার দেখলাম। ওই সাক্ষাৎকারে মন্ত্রী বললেন, ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ঠিক করার জন্য মহাপরিকল্পনা নেওয়া হয়েছে। আমাদের প্রশ্ন হলো, কী সেই মহাপরিকল্পনা? বাংলাদেশে এ পর্যন্ত অনেক মহাপরিকল্পনা নেওয়া হয়েছে, ওই সব মহাপরিকল্পনা কি বাস্তবায়িত হয়েছে? তা ছাড়া ওই সব মহাপরিকল্পনা সাধারণ মানুষের কাছে দুর্ভোগে পরিণত হয়েছে। মহাপরিকল্পনার নামে বছরের পর বছর কেটে যাচ্ছে, প্রকৃতপক্ষে উন্নতি কিছুই হচ্ছে না। আমরা সাধারণ মানুষ কী মহাপরিকল্পনা নেওয়া হয়েছে, তা জানতে চাই না। আমরা চাই নিরাপদ সড়কব্যবস্থা, চাই জানমালের নিরাপত্তা। মন্ত্রী মহোদয় প্রায়ই বলেন, সমস্যা সমাধানে ও পরিকল্পনা বাস্তবায়নে সময়ের প্রয়োজন। আমরা মন্ত্রী মহোদয়ের সঙ্গে একমত। কিন্তু যে পদক্ষেপ আজ নেওয়া হচ্ছে, তা কেন তিন বছর আগে নেওয়া হয়নি? সঠিক সময়ে পরিকল্পনা নেওয়া হলে আজ এই অবস্থা হতো না। তাই কর্তৃপক্ষের কাছে আবেদন, মহাপরিকল্পনার নামে মানুষকে মিথ্যা আশা দেবেন না, আমরা এসব আশা শুনে আনন্দিত হই না।মাহবুবুল হাসানভাওয়াল বদরে আলম সরকারি কলেজ, গাজীপুর।