চি ঠি প ত্র
মানুষের দামসব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ানোর সঙ্গে সঙ্গে বাড়ল বাস ও অটোরিকশার ভাড়া। রেলওয়ের ভাড়া বাড়ানোরও চিন্তা করছে দিনবদলের সরকার। মাত্র তিন মাসের মাথায় আবার বাড়ানো হয়েছে পরিবেশবান্ধব হিসেবে ব্যবহূত সংকুচিত প্রাকৃতিক গ্যাসের (সিএনজি) দাম। শিগগিরই বিদ্যুতের পাইকারি দামও বাড়ানো হবে (সূত্র: প্রথম আলো ২০ সেপ্টেম্বর)। সব ধরনের নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম তো আগের থেকে বাড়ানো আছেই। এ কারণে জনজীবনে ভয়াবহ বিপর্যয় নেমে আসবে। এই মূল্যবৃদ্ধির কারণে সর্বস্তরের মানুষের জীবনযাত্রা মারাত্মক ব্যাহত হবে এবং কৃষি, শিল্প, বিদ্যুৎ, ব্যবসা-বাণিজ্য—সর্বক্ষেত্রে স্থবিরতা নেমে আসবে। এর প্রভাব সদূরপ্রসারি।দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ এই সরকারের এমন সিদ্ধান্ত সম্পূর্ণ গণবিরোধী। জনগণের কাছে এটা ‘মড়ার ওপর খাঁড়ার ঘা’ হিসেবেই বিবেচিত। এখন আমার প্রশ্ন দিনবদলের সরকারের কাছে, ‘জনগণের দাম বাড়বে কবে?’দীন মোহাম্মদপশ্চিম রামপুরা, ঢাকা।বেরাইদে ডাকঘরঢাকার ৪০০ বছরের ইতিহাসের ঐতিহ্যে লালিত ছায়া সুনিবিড় শান্তির নীড় একটি গ্রাম ‘বেরাইদ’। এর অবস্থান ঢাকা মহানগরের বাড্ডা থানা এলাকায়। ইউনিয়নের নয়টি ওয়ার্ডের আটটি ওয়ার্ড নিয়ে এই বেরাইদ গ্রাম, যেখানে রয়েছে ৩০ হাজার লোকের বাস। এর মধ্যে প্রায় পাঁচ হাজার শিক্ষার্থী ও শিক্ষক। কারণ, বেরাইদে স্কুল, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয় কলেজসহ ছোট-বড় প্রায় ১০টি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। এখানে অবস্থিত স্বনামধন্য এ কে এম রহমত উল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি ও বিএ/বিএসএস দুটি প্রোগ্রামের শিক্ষা ও পরীক্ষাকেন্দ্র রয়েছে। এ ছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়, ঢাকা শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান এবং শিক্ষাসংশ্লিষ্ট ইনস্টিটিউটের সঙ্গে যেসব যোগাযোগ রয়েছে, তার একমাত্র মাধ্যম হলো ডাকব্যবস্থা। কিন্তু পরিতাপের বিষয়, এই এলাকার জন্য পোস্ট কোড-১২১২-এর ডাকঘরটি গুলশানে অবস্থিত। যদিও বাড্ডায় এর একটি শাখা রয়েছে। তাদের সেবার মান নিতান্তই অপ্রতুল। নির্ধারিত সময়ে এসব স্কুল-কলেজের পরীক্ষকেরা অধিকাংশ চিঠিপত্র পান না। এ ছাড়া প্রধান পরীক্ষকদের আরও ভোগান্তি পোহাতে হয়। তাঁদের কাছে পাঠানো উত্তরপত্রগুলো অনেক সময় ডাকঘরে গিয়ে আনতে হয়, যা একজন কর্মব্যস্ত শিক্ষকের জন্য বিড়ম্বনা। এলাকায় একটি ডাকঘর না থাকায় পাবলিক পরীক্ষার কেন্দ্রের সুবিধা না পেয়ে শিক্ষার্থীরা ভোগান্তির শিকার হচ্ছে। ছাত্রাবাসে থাকা শিক্ষার্থীরা তাদের অভিভাবকদের পাঠানো মানি অর্ডারও যথাসময়ে পাচ্ছে না। এ যেন ‘প্রদীপের নিচেই অন্ধকার’।তথ্য ও যোগাযোগ মন্ত্রণালয় এবং ডাক বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিনম্র অনুরোধ, তারা যেন সমস্যার সমাধানে সচেষ্ট হয়।মোশাররফ হোসেনবেরাইদ, বাড্ডা, ঢাকা।