চি ঠি প ত্র
পর্যটনের সম্ভাবনাআয়তনে ছোট হলেও বাংলাদেশের সংস্কৃতি ও প্রকৃতি বড় বৈচিত্র্যময়। অতীতে বহু নামকরা পর্যটক এ দেশ ঘুরে গেছেন। বিভিন্ন বইপুস্তকে তাঁরা তাঁদের অভিজ্ঞতা লিপিবদ্ধ করে গেছেন। অথচ স্বাধীনতার ৪০ বছর পার হলেও পর্যটনশিল্পের বিকাশ আশানুরূপ হয়নি। অথচ এ দেশের সাধারণ মানুষের সরলতা, উপজাতি তথা আদিবাসীদের জীবনধারা, দিগন্তবিস্তৃত সবুজ প্রকৃতি, উঁচু-নিচু পাহাড়-টিলা, ম্যানগ্রোভ বন বা সুন্দরবন, সুবিশাল বঙ্গোপসাগর—এগুলো সবই বিদেশিদের দৃষ্টি কাড়ার মতো। প্রতিবেশী নেপাল, ভুটান, ভারত, থাইল্যান্ড, মালয়েশিয়া যেখানে পর্যটন খাত থেকে লাখ লাখ ডলার আয় করছে, সেখানে এ ক্ষেত্রে আমরা পিছিয়ে আছি যথাযথ অবকাঠামো উন্নয়নের অভাবে। নিরাপত্তার নিশ্চয়তাও একটি বড় সমস্যা। দেশীয় পর্যটকেরাই যেখানে কক্সবাজার বা এ ধরনের পর্যটন স্থানে নিরাপদ বোধ করেন না, সেখানে বিদেশি পর্যটকদের নিরাপত্তার নিশ্চয়তা কোথায়? আমরা মনে করি, সরকার আন্তরিক হলে বেসরকারি উদ্যোক্তাদের সঙ্গে নিয়ে কার্যকর উদ্যোগ নিলে দেশের পর্যটনের সম্ভাবনাকে কাজে লাগাতে পারে। এর মাধ্যমে দেশে অনেক বেকারের কর্মসংস্থান সম্ভব। আশা করি, সরকার এ ব্যাপারে উদ্যোগী হবে।আখতারুল ইসলামউন্নয়নকর্মী, সিলেট।