চি ঠি প ত্র
নির্বাসিত বাংলাবিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে সম্প্রতি ঢাকা শহর; বিশেষ করে, মিরপুর এলাকাটিকে নতুন ও বর্ণিল সাজে সাজানো হয়েছে, যা দেখে মুগ্ধ না হয়ে পারা যায় না। কিন্তু সেই সঙ্গে যা দেখে বিস্মিত ও ক্ষুব্ধ হলাম, তা হলো প্রতিযোগিতাস্থল শেরেবাংলা স্টেডিয়ামের মূল প্রবেশ তোরণের পিতলের নামলিপি থেকে শুরু করে সবকিছুই ইংরেজি ভাষায় লেখা, কোথাও বাংলা হরফের জায়গা হয়নি। স্টেডিয়াম ও ক্রিকেট কন্ট্রোল বোর্ডের নাম বাংলা ও ইংরেজি উভয় ভাষায় লেখা যেত না কি? মনে হয় সচেতনভাবেই বাংলা নির্বাসনের কাজটি করা হয়েছে। প্রতিযোগিতাটি আন্তর্জাতিক পর্যায়ের, কাজেই এ উপলক্ষে ইংরেজি এমনকি অন্য বিদেশি ভাষার ব্যবহার নিয়েও আপত্তি তোলার কারণ নেই। কিন্তু তাই বলে স্বাগতিক দেশের সরকারি ভাষার প্রতি এই অবহেলা বা উপেক্ষার মনোভাব, তা-ও আবার আমাদের এই ভাষা আন্দোলনের স্মৃতিবহ মাসে, এর মাধ্যমে বিদেশি অতিথি-অভ্যাগতদের কাছে আমরা আমাদের কোন পরিচয়টি তুলে ধরছি? এ-জাতীয় হীনম্মন্যতার অবসান আমাদের কবে হবে? এ ব্যাপারে আমাদের সর্বোচ্চ রাষ্ট্রীয় কর্তৃপক্ষের মনোযোগ ও হস্তক্ষেপ কামনা করছি।হাসান শফি৭৩০ মণিপুর, মিরপুর, ঢাকা।বিশেষ রেলরাজধানী ঢাকার পার্শ্ববর্তী জেলা গাজীপুর ও নারায়ণগঞ্জে শহরভিত্তিক কলকারখানা ও জনবসতি বেশি। অফিস-আদালত ও ব্যবসায়িক ক্ষেত্রে রাজধানীর সঙ্গে যোগাযোগ বেশি। মতিঝিলে বিভিন্ন অফিসের চাকরিজীবীদের অনেকের বাসাবাড়ি গাজীপুর ও নারায়ণগঞ্জে। এ কারণে সড়কপথে যাতায়াতের ক্ষেত্রে এই দুই জেলার বাসিন্দারা চরম দুর্ভোগে পড়ে। রাস্তার যানজটের কারণে সময়ের যেমন অপচয় হয়, তেমনই নষ্ট হয় কর্মঘণ্টা। অপচয় হয় জ্বালানির। এর সঙ্গে আছে কালো ধোঁয়া ও শব্দদূষণ।এ অবস্থায় গাজীপুর থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত বিশেষ ট্রেন সার্ভিস রাজধানীর অন্যান্য সড়কে গাড়ির চাপ কমাবে বলে মনে করি। বর্তমানে গাজীপুর, টঙ্গী ও নারায়ণগঞ্জ থেকে বহু যাত্রী রেলগাড়িতে যাতায়াত করছে। এই সার্ভিসের সংখ্যা আরও বাড়ানো এবং সকাল থেকে রাত পর্যন্ত প্রতি ঘণ্টায় ট্রেন চালুর আবেদন করছি।মো. মুখলেছুর রহমানমুক্তাগাছা, ময়মনসিংহ।মন্দিরে চুরিরাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মন্দিরগুলোতে চুরির ঘটনা ঘটেই চলেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে একের পর এক চুরির ঘটনা আইনশৃঙ্খলার অবনতিই জানান দিচ্ছে। প্রথম পর্যায়ে মন্দিরে চুরির পর যদি দেশের অন্য মন্দিরগুলোতে নিরাপত্তা নিশ্চিত করা যেত, তাহলে ধারাবাহিকভাবে মন্দিরে চুরির ঘটনা ঘটত না।যারা এই চুরির সঙ্গে জড়িত এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার চেষ্টা করে, তারা দেশ ও সমাজের শত্রু। স্বরাষ্ট্রমন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ, সারা দেশের মন্দিরগুলোর নিরাপত্তা জোরদার করা হোক এবং চুরির ঘটনায় জড়িত ব্যক্তিদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।সাধন সরকার শিক্ষার্থী, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঢাকা।রাস্তা পারাপারবাংলাদেশের মানুষ প্রতিদিন যেসব সমস্যার সম্মুখীন হচ্ছে, এগুলোর মধ্যে অন্যতম প্রধান একটি সমস্যা হচ্ছে রাস্তা পারাপার। রাস্তা পারাপার অত্যন্ত সাধারণ একটি বিষয় হলেও আমাদের দেশে এটি একটি কষ্টসাধ্য এবং ঝুঁকিপূর্ণ বিষয়, যে কারণে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। এ সমস্যায় সবচেয়ে বেশি ভোগান্তির শিকার শিশু ও বৃদ্ধরা। সিলেটের মতো ছোট শহরে এ সমস্যা দিন দিন তীব্রতর হচ্ছে। জেব্রা ক্রসিং বা রাস্তা পারাপারের প্রয়োজনীয় ও কার্যকর ব্যবস্থা না থাকা, চালকদের বেপরোয়া গাড়ি চালানো, ট্রাফিক আইনের প্রতি অশ্রদ্ধা—সব মিলিয়ে অবস্থা এখন শোচনীয়। এসব সমস্যা সমাধানযোগ্য নয়, এমন নয়। কিন্তু এ জন্য সিটি করপোরেশনসহ শহরের বাসিন্দাদের এগিয়ে আসতে হবে। এ ব্যাপারে সিটি করপোরেশনের দায়িত্ব হবে রাস্তা পারাপারের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া, জনগণকে সচেতন করে তোলা এবং নাগরিকদের দায়িত্ব হবে আইনকানুন মেনে চলা। আমরা আমাদের প্রিয় শহরকে দুর্ঘটনামুক্ত দেখতে চাই। এ ব্যাপারে আমি আমাদের শহরের মেয়র মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি এবং দ্রুত পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানাচ্ছি।নুরুল আনোয়ার সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়।