চি ঠি প ত্র
ওয়াঙ্গারি মাথাই১ অক্টোবর প্রথম আলোয় প্রকাশিত ফরিদা আখতারের লেখায় জানতে পারলাম, কেনিয়ার প্রখ্যাত পরিবেশবিদ ও নারী আন্দোলনের কর্মী ওয়াঙ্গারি মাথাইয়ের অনেক না-জানা কথা। যিনি পিএইচডি ডিগ্রি নিয়ে অধ্যাপনার পাশাপাশি গ্রামীণ নারীদের জীবন-জীবিকার জন্য গাছ লাগানো, পানির ব্যবস্থাসহ অন্যান্য সামাজিক কাজ করেছেন। গাছ লাগিয়ে দূর করেছেন সে দেশের মরুময়তা। পরিবেশ রক্ষার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠায় অবদানের জন্য তিনি পেয়েছেন নোবেল পুরস্কার। আমরা কি এই বৃক্ষমাতা ওয়াঙ্গারি মাথাইয়ের কর্ম থেকে কিছু শিখতে পারি না? ভাদ্র-আশ্বিন মাসে আমরা পাকা তাল দেখতে পাই। অথচ তালগাছটি শহর তো বটেই, গ্রামেও যে পরিমাণ থাকার কথা, তা নেই। শহরগুলোতে শোভাবর্ধনের জন্য লাগানো হয় বিদেশি পামগাছ। অথচ তালগাছ যেমন শক্তিশালী, তেমনি রয়েছে এর প্রচুর গুণ। ঢাকাসহ সব শহরের সড়কদ্বীপে যদি একটা বড় গাছ থাকে—তালগাছ অথবা দেশি বট, বকুল, কদম ইত্যাদি, যা পাখিদের জন্য উপযোগী—তাতে সৌন্দর্য আর পরিবেশ দুই-ই রক্ষা পাবে। যেকোনো বড় গাছের নিচে ভাস্কর্য, পানির ফোয়ারা, বিজ্ঞাপনের বিলবোর্ড, মৌসুমি ফুলের গাছসহ সবই করা যেতে পারে।নূরজাহান আহেমদযশোর।প্রান্তিক চিকিৎসকএকটি বাস্তব অভিজ্ঞতা ভাগাভাগি করছি। কয়েক বছর ধরে আমার আম্মু ছোটখাটো বিভিন্ন অসুখে ভুগছেন। এর জন্য জেলা সদরে প্রতি মাসেই তিনি কোনো না কোনো চিকিৎসকের শরণাপন্ন হতেন। নানা রকম পরীক্ষার মাধ্যমে চিকিৎসকেরা রোগ শনাক্তে ব্যর্থ হলেও নিয়মিত ওষুধ সেবন করতেন তিনি। অবশেষে ঢাকা মেডিকেল কলেজের এক চিকিৎসকের পর্যবেক্ষণে গত সপ্তাহে সঠিক রোগটি চিহ্নিত হয়।শুধু চিকিৎসাই নয়, আগের চিকিৎসকের ব্যবস্থাপত্র দেখে অনেকটা অবাক হতে হলো আমাকে। ব্যবস্থাপত্রে চিকিৎসকের উল্লিখিত বিশেষণগুলোতেই তাঁর মিথ্যার বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে। বিদেশি ডিগ্রির কথা সেখানে উল্লেখ করলেও অত্যন্ত সুচারুরূপে এড়িয়ে যান কোন বিষয়ে তিনি তা অর্জন করলেন, সে বিষয়টি। রোগীদের আকৃষ্ট করতে অসম্পূর্ণ এসব অর্জন ফলাও করে উল্লেখ করাটা আমাদের দেশের চিকিৎসকসমাজের জন্য লজ্জাকর নয় কি?এ দেশের চিকিৎসাব্যবস্থার মূলে যে সমস্যাটি আজ প্রকট রূপ ধারণ করেছে, তা হলো প্রান্তিক পর্যায়ের চিকিৎসকদের কাজের প্রতি অশ্রদ্ধা এবং নিজেদের কৃত্রিমভাবে বিশেষায়িত করে উপস্থাপন করা। চিকিৎসকদের নির্ধারিত হাসপাতাল রেখে হাসপাতালের বাইরের ওষুধের দোকান, জেলা সদর থেকে বিভাগের হাসপাতালে গিয়ে খণ্ডকালীন রোগী দেখা—এসব এখন অহরহ ঘটছে। আর এসব অবহেলায় বলির পাঁঠা হচ্ছে গ্রামের সহজ-সরল মানুষ। পথের সন্ধান না পেয়ে সমাপ্তিলগ্নে জটিল রোগ দেহে বাসা বাঁধলে তারা বাধ্য হয় শহরমুখী হতে।বাণিজ্যিক চিন্তা থেকে মুক্ত হয়ে নিজেকে সঠিকভাবে পরিবেশনের মাধ্যমে আর্তমানবতার সেবায় কাজ করার মানসিকতা যাতে চিকিৎসকদের মধ্যে তৈরি হয়, সে জন্য তাঁদের দৃষ্টি আকর্ষণ করছি।নাজমুজ্জামান নোমানশিক্ষার্থী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।গবেষণাবৃত্তিদেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য গবেষণাকর্ম উৎসাহিত করা অতীব জরুরি। প্রধানমন্ত্রীও এ বিষয়ে গুরুত্ব আরোপ করে বিভিন্ন সময় বক্তব্য দিয়েছেন। অথচ সম্প্রতি প্রধানমন্ত্রীর গবেষণা ও উচ্চ সহায়তা তহবিল থেকে পিএইচডি ডিগ্রি অর্জনের জন্য ভর্তি হওয়া বা ভর্তির নিশ্চয়তা পাওয়া শিক্ষার্থীদের মাসে ১০ হাজার টাকা হারে বৃত্তির জন্য আবেদন আহ্বান করা হয়েছে।শিক্ষার সব স্তরে প্রথম শ্রেণী পাওয়া একজন প্রকৃত মেধাবী শিক্ষার্থী তাঁর উপযুক্ত চাকরিতে মাসে ৩০ হাজার টাকা উপার্জনের মায়া ছেড়ে ১০ হাজার টাকার গবেষণাকর্মে উৎসাহী হবেন কি? প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংশ্লিষ্ট ব্যক্তিদের বিষয়টি ভেবে দেখার অনুরোধ করছি।মাহবুব ইলাহীআজিমপুর, ঢাকা।