চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারী নির্যাতনআমাদের সমাজে ছেলেসন্তানের মূল্য কতটুকু, তা ব্যক্তিমাত্রই বোঝেন। পিতৃসম্পত্তির দুই-তৃতীয়াংশ লাভ, খাওয়ার টেবিলে মাছের মাথা খাওয়া এবং সবশেষে বংশের বাতি জ্বালানোর মতো গুরুদায়িত্ব পালন সমাজে পুরুষের গুরুত্বেরই বহিঃপ্রকাশ। বহু কাঙ্ক্ষিত অমূল্য রতন আমরা পুরুষ। যে সমাজে আমাদের এত কদর, সেই সমাজে আমাদের ভূমিকা কতটুকু? যারা নিয়মিত পত্রিকা পড়েন, অথবা চোখ-কান খোলা রাখেন, তাঁরা মাত্রই জানেন, সমাজে পুরুষের ভূমিকা কতটুকু। এমন কোনো দিন খুঁজে পাওয়া মুশকিল, যে দিনের পত্রিকায় খুন-মারামারি, নারী নির্যাতন বা ধর্ষণের মতো কোনো খবর থাকে না। খুন-খারাবি, সন্ত্রাস-মাদক সেবনের মতো আত্মঘাতী কর্মকাণ্ডের কথা না হয় না-ই বললাম। বর্তমানে নারীদের প্রতি কিছু পুরুষের যে হিংস্রতা লক্ষণীয়, তাতে নিজেকে সভ্য সমাজের একজন ভাবতে কষ্ট হয়। রকমারি কারণে রকমারি ধরনের ধর্ষণ। প্রেমে প্রত্যাখ্যাত হয়ে, বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায়, সম্পত্তি দখলের প্রয়োজনে, নিজের ক্ষমতার দাপট দেখাতে প্রভৃতি কারণে প্রতিদিন ধর্ষিত বা গণধর্ষিত হতে হচ্ছে কোনো না কোনো নারীকে। গরিব কৃষক বা মজুরের সুন্দরী কন্যার পরিণতিই বোধ করি ধর্ষিত হয়ে মৃত্যুবরণ অথবা আত্মহত্যা করা। সামাজিক বা রাজনৈতিকভাবে প্রভাবশালী মহলের কোনো সদস্য, কিংবা তাঁদের সাঙ্গপাঙ্গরা নিজের শক্তির মহড়া দিতে কোনো কারণ ছাড়াই যৌন হয়রানিসহ হত্যার মতো ঘটনা ঘটাচ্ছেন অহরহ। বখাটে ছেলেদের প্রেমের প্রস্তাব বা কোনো কুপ্রস্তাবে সাড়া দেওয়া যেন বাধ্যতামূলক। একটা মেয়েকে আজও আমরা মানুষ ভাবতে পারি না। এর জন্য কাউকে কৈফিয়ত দিতে হয় না, দ্বিতীয়বার ভাবারও প্রয়োজন হয় না।ধর্মের অপব্যাখ্যা দিয়ে ফতোয়া দেওয়া নারী নির্যাতনের একটা বড় হাতিয়ার। নিরপরাধ একটা মেয়েকে ধর্ষিত হতে হয়, ধর্ষিত হওয়ার অপরাধে তথাকথিত বিচারের নামে প্রহসনে দোররা খেতে হয় এবং সবশেষে মৃত্যুর পর মেয়েটিকেই দোষী দেখিয়ে মামলা এজাহারভুক্ত করা হয়। কী অদ্ভুত বিচার! কী অদ্ভুত ব্যবস্থা!ইভ টিজিংয়ের প্রতিবাদ করতে গিয়ে চাপা রানীকে মোটরসাইকেলের চাপায় জীবন দিতে হয়। বিদ্যাশিক্ষার সর্বোচ্চ স্থান বিশ্ববিদ্যালয়গুলোতেও নারীশিক্ষকেরা অনেকাংশেই পুরুষ সহকর্মীর দ্বারা বৈষম্যের শিকার। পাঁচ-সাত বছরের কন্যাশিশু, গৃহপরিচারিকা, গৃহবধূ, এমনকি রাস্তার টোকানি পর্যন্ত কেউ-ই আমাদের লালসার বাইরে নয়। এসব কোন সভ্যতার ইঙ্গিত, আমার সঠিক জানা নেই। পুরুষসমাজের এত অধঃপতনে আমি বিব্রত-লজ্জিত-অনুতপ্ত। ইভ টিজিংয়ের প্রতিবাদ করতে গিয়ে আত্মদানকারী শিক্ষকের এই ত্যাগ কোনো দিনই ভোলার নয়। এ সমাজে এখনো অনেক কীর্তিমান পুরুষ আছেন, যাঁদের জন্য আমরা এখনো টিকে আছি। কিন্তু বর্তমান পুরুষসমাজের কিছু অংশের চরম অধঃপতনের দায় সমগ্র পুরুষসমাজের ওপর কোনো না কোনোভাবে বর্তায়। এ দায় কোনোভাবেই এড়ানোর নয়।এম জাবলুল তারেক, কৃষিবিদ প্রেসিডেন্ট অ্যাওয়ার্ডপ্রাপ্ত রোভার স্কাউট।