চি ঠি প ত্র
ফুটওভারব্রিজ দখলনগরের সড়ক থেকে জেব্রার গায়ের ডোরা হারিয়ে যেতে বসেছে। তার জায়গায় গড়ে উঠছে একের পর এক ফুটওভারব্রিজ। কিন্তু ক্লান্ত পথিক সমতল সড়ক ছেড়ে ফুটওভারব্রিজে উঠতে চাইছে না। তাই সড়কের সমতল অংশের বিভাজকে দিতে হচ্ছে বেড়া। সড়কের মোড়ে রাখতে হচ্ছে পুলিশ প্রহরা। তবু কিছুতেই কিছু হচ্ছে না। একান্ত বাধ্য না হলে দৌড়েই রাস্তা পার হচ্ছে নগর পথিক। কিন্তু তার আগে কি ডিএমপি ফুটওভারব্রিজ থেকে হকার, ভিক্ষুক, ছিনতাইকারীর মতো অনাকাঙ্ক্ষিত মানুষকে সরাচ্ছে? কিংবা ডিসিসি কি ফুটওভারব্রিজগুলোর সংস্কার ও পরিচ্ছন্নতায় জোর দিয়েছে? ফুটওভারব্রিজগুলোতে নারীরা বিভিন্নভাবে লাঞ্ছনা ও হয়রানির শিকার হন। এর প্রকৃত উদাহরণ হচ্ছে গাউছিয়া-নিউমার্কেট সংযোগকারী ব্রিজটি। এই ব্রিজটিতে হকারদের উৎপাত না দেখলে বোঝা যাবে না। এখানে হকাদের দোকানগুলো এমনভাবে সাজানো যে, এ ব্রিজ দিয়ে পার হতে হলে হকারদের গা ঘেঁষে চলতে হয় এবং পকেটমার-ছিনতাইকারীরা এসব স্থানে এমনভাবে জটলার সৃষ্টি করে যে, একমাত্র ভুক্তভোগী তা জানেন। তা ছাড়া ফুটওভারব্রিজটির দুই পাশে ময়লা-আবর্জনা থেকে এমন উৎকট দুর্গন্ধ বের হয় যে এখানে দাঁড়ানো বা এই পথে হাঁটা খুবই কষ্টকর।ঢাকায় আরও ২৬-২৭টি ফুটওভারব্রিজ হবে। আমার মনে হয়, সঠিক স্থানে—যেসব জায়গায় মানুষের রাস্তা পারাপার বেশি সেসব জায়গা বেছে নেওয়া। সর্বোপরি ফুটওভারব্রিজগুলো হকার, ভিক্ষুক, ছিনতাইকারী মুক্ত এবং পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা। তা ছাড়া সন্ধ্যার পর ফুটওভারব্রিজগুলোর আলোর ব্যবস্থা রাখতে হবে। আলমগীর ফকিরআজিমপুর, ঢাকা।পার্কে বেড়ানো!নগরবাসীর খোলা হাওয়ায় দম নেওয়ার জায়গা দিন দিন কমছে। ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) মতে, ছোট-বড় মিলিয়ে তাদের ৫৪টি উদ্যান আছে। বাস্তবে ৫৪টি উদ্যানের খুঁজে পাওয়া সত্যই কঠিন। অনেক উদ্যান আবার বেহাত হয়ে গেছে। উদ্যানগুলোর বেশির ভাগের উন্নয়ন, সংস্কার ও পরিচ্ছন্নতায় কর্তৃপক্ষের অবহেলা চোখে পড়ার মতো। পার্কগুলোয় শিশুদের জন্য নেই পর্যাপ্ত খেলার সরঞ্জাম। বেশ কিছু উদ্যানে শিশুদের খেলনাগুলো পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। অনেক পার্কের অবস্থা খুবই নাজুক। আবার বেশ কিছু পার্কে গরু-ছাগল চড়তে দেখা যায়। বিভিন্ন সময় এসব পার্কে লোকজন বসে বসে তাসের আড্ডা জমায়। অনেকগুলো পার্কে হাঁটা বা ঘোরার তেমন একটা ভালো পরিবেশ নেই।ডিসিসি কর্তৃপক্ষের কাছে আমার আবেদন, উদ্যানগুলো উন্নয়ন ও সংস্কার করে নগরবাসী যাতে প্রকৃতির সঙ্গে মিশে যাওয়ার সুযোগ পায়। আশা করি, ইট-কাঠের মাঝে বন্দী মানুষের হাঁটাচলা, বেড়ানো ও বিশ্রাম নেওয়ার জন্য উদ্যানগুলো হয়ে উঠবে চমৎকার একটি জায়গা।দীপঙ্কর হাওলাদার, শ্যামলী, ঢাকা।