চি ঠি প ত্র
শিমুলগাছগ্রামবাংলা থেকে হারিয়ে যাচ্ছে দৃষ্টিনন্দন শিমুলগাছ। এখন আর তেমন চোখে পড়ে না। একসময় গ্রামবাংলার সর্বত্রই এ গাছের দেখা মিলত। বাংলার পথে-প্রান্তরে ফাল্গুনের আগমনে নব সাজে সাজত শিমুলগাছ। সবুজ বনানির ভেতর আগুনরাঙা শিমুলের ফুল দেখে মন জুড়িয়ে যেত। অথচ জ্বালানি কাঠ, ইটভাটা ও ম্যাচ ফ্যাক্টরিতে ব্যাপক হারে ব্যবহার করায় গ্রামাঞ্চল থেকে ক্রমান্বয়ে উজাড় হয়ে যাচ্ছে এ গাছ। কেবল সৌন্দর্য নয়, এ গাছের রয়েছে নানা উপকারিতা ও অর্থনৈতিক গুরুত্ব। কিন্তু আমরা এ গাছকে অতি সাধারণ মনে করে প্রয়োজনে-অপ্রয়োজনে কেটে ফেলছি। অন্যান্য গাছের মতো এ গাছের কোনো যত্ন নেওয়া হয় না। অযত্ন আর অবহেলায় যে কটি গাছ বেড়ে ওঠে, তা-ও থাকছে না। বালিশ, লেপ ও তোশক তৈরিতে শিমুল তুলার জুড়ি মেলা ভার। এ গাছ প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করে বহুদিন বেঁচে থাকে। তাই শিমুলগাছ লাগানো দরকার। সরকারি ও বেসরকারিভাবে রাস্তার দুই পাশে বনজ ও ফলদ গাছ রোপণ করলেও শিমুলগাছ রোপণে নেওয়া হয় না কোনো কর্মসূচি। তাই সরকারি-বেসরকারি উদ্যোগে শিমুলগাছ রোপণে গুরুত্ব দিন।জাহেদুর রহমানপুরানা পল্টন, ঢাকা।নিজস্ব পরিবহনদেশের ২৫তম পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) যাত্রা শুরু করেছিল ২০০৬ সালে, কিন্তু এখনো তাদের নিজস্ব পরিবহনব্যবস্থার আলো ফোটেনি। ভাড়া করা মাত্র সাতটি বাস দিয়ে প্রায় দুই হাজার ছাত্রছাত্রী আর দুটি মিনিবাস ও একটি মাইক্রোবাস দিয়ে শিক্ষকদের পরিবহনের দুর্ভোগ নিয়ে কাটছে কুবির শিক্ষার হালচাল। তথাপি এ বছর ২০১০-১১ শিক্ষাবর্ষের সঙ্গে আরও যুক্ত হলো প্রায় ৭০০ শিক্ষার্থী। মাননীয় রাষ্ট্রপতি জিল্লুর রহমান ২০০৮ সালে পাঁচটি বাস ও দুটি মাইক্রোবাস দেওয়ার প্রতিশ্রুতি দিলেও আমলাতান্ত্রিক জটিলতায় তা ভণ্ডুল হয়ে যায়। সীমিত পরিবহনের দরুন শিক্ষার্থীরা পোহাচ্ছেন নানা দুর্ভোগ, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গুনছে বাড়তি পরিবহন-ব্যয়। আমাদের পঞ্চম ব্যাচ এসেছে, আসেনি নিজস্ব বাস। তাই কুমিল্লাবাসীর গৌরব কুবির সব শিক্ষক-শিক্ষার্থীর দাবি কেবল একটি, মাননীয় প্রধানমন্ত্রী আর কর্তৃপক্ষ এদিকে একটু নজর দেবে কি?আব্দুল্লাহ্-আল-বোরহানমার্কেটিং, দ্বিতীয় ব্যাচকুমিল্লা বিশ্ববিদ্যালয়