চি ঠি প ত্র
কার-বাণিজ্যআমাদের এ দেশে সরকারি কাজকারবার সত্যিই অদ্ভুত। বোধ করি এসব অদ্ভুত কাজকারবার প্রত্যক্ষ করেই একদা আমাদের দেশের এক কবি লিখেছিলেন, ‘বানরে সংগীত গায়, শিলা ভাসে জলে, দেখিলেও না হয় প্রত্যয়।’মাঝখানে একবার শুরু হয়েছিল কার-বাণিজ্য: কিছু ট্রাফিক পুলিশকে গাড়ির নম্বরের লম্বা তালিকা হাতে রাজধানীর রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে থাকতে দেখা যেত এবং আপনার গাড়ির নম্বর মিলে গেলেই গাড়ি থামিয়ে আপনাকে বলা হতো, ‘গাড়ির বিরুদ্ধে আইন অমান্যের কেইসে কোর্ট কর্তৃক দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে, এই দেখুন কোর্ট-অর্ডার। তবে এক হাজার টাকা দিলে আর কোনো অসুবিধা হবে না।’ অন্য অনেকের মতো আমাকে এটার ভুক্তভোগী হয়ে এক হাজার টাকা দিতে হয়েছিল, অথচ সাধারণ জ্ঞানই বলে দেয়, কোর্ট দুই হাজার টাকা জরিমানা করলে এক হাজার ৯৯৯ টাকা দিয়েও পার পাওয়ার কথা নয়। স্পষ্টতই এক শ্রেণীর কোর্ট অফিশিয়াল ও পুলিশ মিলে একটি দুষ্ট চক্রের সৃষ্টি করেছিল। যা হোক, পত্রপত্রিকায় লেখালেখির ফলে ব্যাপারটার আপাতত পরিসমাপ্তি ঘটেছে বলে আমার মনে হয়।ইদানীং নতুন ধরনের আরেক কার-বাণিজ্য শুরু হয়েছে। সরকারের অবিমৃষ্যকারিতার ফলে রাস্তাঘাট মোটরগাড়িতে সয়লাব, অথচ অফিস কিংবা বিপণিবিতানের পাশের সড়কে বিধিসম্মতভাবে গাড়িগুলো সাময়িক পার্কিংয়ের কোনো ব্যবস্থা করে দেওয়া হয়নি, যেটা পাশ্চাত্যে ওরা করেছে। তাই গাড়ির মালিকদের বাধ্য হয়ে ক্ষেত্রবিশেষে যান চলাচল বিঘ্নিত না করে ফুটপাত ঘেঁষে সাময়িক পার্কিং করতে হচ্ছে। কিন্তু হঠাৎই দেখা যাচ্ছে, পুলিশ গাড়ি নিয়ে এসে (পুলিশের গাড়ি যেখানে-সেখানে পার্ক করতে বাধা-নিষেধ নেই) পাইকারি হারে জরিমানা করছে, কোনো ওজর-আপত্তিই আর ঘটছে না। দিন কয়েক আগে আমি ঢাকার পান্থপথ ও গ্রিন রোডের সংযোগস্থলে দুপুরবেলায় এই ফাঁদে পড়েছিলাম। শেষতক ‘যস্মিন দেশে যদাচার, কাছা খুলে নদী পার’—প্রতিবেশী পুলিশ অফিসার দিয়ে টেলিফোন করিয়ে এযাত্রা রক্ষা পেলাম, কিন্তু সবাই তো আর আমার মতো ‘ভাগ্যবান’ নয়। আর ফাঁদ কেন বলছি, সেটা পরবর্তী প্যারায় বর্ণিত।আমি পুলিশ ভাইদের দোষ দিই না। তাঁদের ওপর নাকি অর্ডার। রেলের টিটিইদের মতো সপ্তাহে নির্দিষ্ট পরিমাণ পার্কিংজনিত জরিমানা আদায় করে দিতে হবে, নইলে খবর আছে। আবার শোনা যাচ্ছে, সম্ভাব্য জরিমানালব্ধ অর্থের অংশবিশেষ ‘কমিশন’ হিসেবে সংশ্লিষ্ট পুলিশের সদস্যকে দেওয়ারও চিন্তাভাবনা চলছে। সেটা যদি ঘটে, তাহলে বোধ করি ষোলোকলা পূর্ণ হবে। এই প্রণোদনামূলক (!) ব্যবস্থা লর্ড কর্নওয়ালিস কর্তৃক প্রবর্তিত চিরস্থায়ী বন্দোবস্তকেও হার মানাবে। আমি শুধু ভাবি, কারা এসব ফরমানের উদ্যোক্তা! তারা কি ভুলে বসে আছে, সরকারি চাকরি শেষে তাদেরও একদিন সংসারের অমোঘ নিয়মে জনারণ্যে মিশে যেতে হবে?আমি সেবারও পত্রিকায় লিখেছি, এবারও লিখছি। শুধু নিজের স্বার্থে নয়, সমাজের প্রতি একধরনের দায়বদ্ধতা থেকেই। যদিও জানি, ঘুমের লোককে জাগানো যায়, কিন্তু যে জেগে ঘুমায়, তাকে জাগানো কঠিন। কাউকে না কাউকে তো অন্যায় ও অনাচারের প্রতিবাদ করতেই হয়।আতাউর রহমানডাক বিভাগের সাবেক মহাপরিচালক।অবসর গ্রহণের বয়স বর্তমানে সরকারি চাকুরেদের অবসর গ্রহণের বয়স ৫৭ বছর। জনসাধারণের সচেতনতা ও আধুনিক চিকিৎসাব্যবস্থার কারণে মানুষের গড় আয়ু বেড়েছে। সাধারণত ৫৭ বছর বয়সে অধিকাংশ চাকরিজীবী সবল ও পূর্ণ কার্যক্ষম থাকেন এবং বর্তমানে চাকরিজীবীরা বিলম্বে বিয়ে করার কারণে ৫৭ বছর বয়সে অনেকের সন্তান স্কুল বা কলেজে অধ্যয়নরতই থাকে। সন্তান অধ্যয়নরত অবস্থায় চাকরি থেকে অবসর নেওয়ার কারণে অনেকের ছেলেমেয়েদের পড়ালেখা বন্ধ করে দিতে হয় বা পড়ালেখায় বিঘ্ন ঘটে থাকে। যেহেতু সরকার চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ২৭ থেকে ৩০ বছর করেছে এবং প্রচলিত সংজ্ঞা অনুযায়ী ৬০ বছর বয়সের আগে কাউকে প্রবীণ বলে গণ্য করা যায় না। এসব কারণে সরকারি চাকরিজীবীদের চাকরি থেকে অবসর গ্রহণের বয়স ৬০ বছরে উন্নীত করা ন্যায়সংগত। অতএব, সরকারি চাকরিজীবীদের অবসর গ্রহণের বয়স ৫৭ বছর থেকে বাড়িয়ে ৬০ বছর করার জন্য প্রধানমন্ত্রী, সরকারি দল ও বিরোধীদলীয় সাংসদ এবং সরকারের নীতিনির্ধারকদের দৃষ্টি আকর্ষণ করছি। আনিসুর রহমানএকজন চাকরিজীবী, ঢাকা।