চি ঠি প ত্র
গাড়ি-বিদ্বেষআমরা গাড়ি ভাঙা ও গাড়ি পোড়ানোর সংস্কৃতি থেকে কবে বেরিয়ে আসতে পারব? পৃথিবীর অনেক দেশেই আন্দোলন হয়, সংগ্রাম হয়, সরকারও উৎ খাত হয়। মিসরে দীর্ঘ সরকারবিরোধী আন্দোলন হয়েছে—এ ঘটনায় সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে কয়েক শ লোক মারা গেছে। কিন্তু কোথাও আমাদের দেশের মতো সাধারণ জনগণের গাড়ি ভাঙতে ও পোড়াতে দেখলাম না। আমাদের দেশে ক্ষোভ প্রশমনের হাতিয়ার গাড়ি কেন?হরতালের আগের রাতে গাড়ি পোড়ানো এবং হরতালের দিন গাড়ি ভাঙচুর নিয়মে পরিণত হয়েছে। রাস্তায় ছোটখাটো দুর্ঘটনা বা সামান্য কারণে গাড়ি ভাঙচুর হচ্ছে। বাস কাউকে চাপা দিয়ে চলে গেছে, কিন্তু ভাঙচুরের শিকার হচ্ছে পেছনের প্রাইভেট কারগুলো। শেয়ার মার্কেটে দরপতন হচ্ছে, রাস্তায় গাড়ি ভাঙচুর হচ্ছে। শ্রমিক অসন্তোষের নামে রাস্তা অবরোধ করে গাড়ি ভাঙচুর যেন আন্দোলনের একটি অবিচ্ছেদ্য অংশ। আন্দোলনকারীদের গাড়ির ওপর এত আক্রোশ কেন, জানতে ইচ্ছে করে। মিছিল-মিটিং, সমাবেশ-অবরোধ যত ইচ্ছে করুন, কিন্তু দয়া করে গাড়ি ভাঙবেন না। গাড়ি ভাঙচুরের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আরও সক্রিয় ভূমিকা পালন করা উচিত। ভাঙচুরকারীদের ধরে কঠিন শাস্তি দিতে হবে। তা না হলে আমাদের এই ভাঙচুরের রাজনীতি অচিরেই ভয়ংকর রূপ ধারণ করবে।ডা. মো. শহীদুর রহমানইস্কাটন গার্ডেন রোড, ঢাকা।ডাকসু নির্বাচন১১ ফেব্রুয়ারি প্রথম আলোয় প্রকাশিত ‘ঢাকা বিশ্ববিদ্যালয়: বড় গৌরব, বড় পতন’ শিরোনামের লেখাটি ভালো লেগেছে। লেখক বড় পতনের অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করেছেন ছাত্ররাজনীতিকে। অথচ বায়ান্নর ভাষা আন্দোলন, চুয়ান্নর যুক্তফ্রন্ট নির্বাচন, বাষট্টির শিক্ষা আন্দোলন, ঊনসত্তরের গণ-অভ্যুত্থান, একাত্তরের মুক্তিযুদ্ধ ও নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনসহ বিভিন্ন আন্দোলনের সঙ্গে ছাত্ররাজনীতির সম্পর্ক ছিল অবিচ্ছেদ্য। আর এসব আন্দোলনের কেন্দ্রবিন্দু ছিল ডাকসু। অথচ প্রায় সাড়ে ১৯ বছর ধরে ডাকসু নির্বাচন হচ্ছে না। ১৯৯০ সালের ৬ জুন সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়। অথচ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নির্বাচন, বিশ্ববিদ্যালয় অফিসার্স অ্যাসোসিয়েশন নির্বাচন, তৃতীয় শ্রেণীর কর্মচারী সমিতির নির্বাচন নিয়মিতভাবে অনুষ্ঠিত হচ্ছে। কিন্তু ডাকসু নির্বাচনের ব্যাপারে প্রশাসনের তেমন মাথাব্যথা নেই।ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস যেমন পুরোনো, ডাকসুর ইতিহাসও তেমনি পুরোনো। অথচ ‘দ্য মিনি পার্লামেন্ট’ নামে খ্যাত ডাকসু আমাদের স্মৃতি থেকে মুছে যাচ্ছে। ২০০৯ সালের শেষদিকে ডাকসু নির্বাচন নিয়ে তোলপাড় উঠেছিল। আমরাও আশায় বুক বেঁধেছিলাম। ছাত্রলীগ বা ছাত্রদল কারোর মধ্যেই ডাকসু নির্বাচন নিয়ে দ্বিমত নেই। কিন্তু বিড়ালের গলায় ঘণ্টা বাঁধার মতো নির্বাচনের উদ্যোগ কারা নেবেন। ১৯৯৮ সালে ডাকসুর কমিটি ভেঙে দেওয়ার পরও নতুন নির্বাচনের কয়েক দফা উদ্যোগ নেওয়া হয়, তা বেশি দূর এগোয়নি। আওয়ামী লীগ সরকারের প্রথম দিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণার আশ্বাস দিলেও তা করা হয়নি। ডাকসু নির্বাচন না হওয়া অস্বস্তিকর ছাত্ররাজনীতির প্রভাব দিন দিন বেড়েই চলেছে, যার প্রভাব পড়ছে প্রশাসনে। শিক্ষাপদ্ধতি হচ্ছে ব্যাহত, চূর্ণবিচূর্ণ হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের আশা-আকঙ্ক্ষা। যোগ্য নেতৃত্ব খুঁজে পাওয়ার পথ হচ্ছে রুদ্ধ। তবু আশায় বুক বেঁধে আছি, অচিরেই ডাকসু নির্বাচনের উদ্যোগ নেওয়া হবে, ক্যাম্পাস পরিণত হবে মুক্তবুদ্ধি ও গণতন্ত্রচর্চার প্রাণকেন্দ্র হিসেবে।শরিফ খানআইন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।পেনশনভোগীনিত্যপ্রয়োজনীয় দ্রব্যসহ জীবনধারণের সব জিনিসের দাম সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে চলে গেছে। এ অবস্থায় সবচেয়ে বিপদে পড়েছেন পেনশনভোগীরা। অথচ এই পেনশনভোগী সরকারি কর্মকর্তা-কর্মচারীরা একসময় তাঁদের মেধা ও শ্রম দিয়ে দেশ ও জনগণের সেবা করেছেন। দ্রব্যমূল্যের বর্তমান অবস্থা বিবেচনায় নিলে পেনশনের পরিমাণ বাড়ানোর বিষয়টি জরুরি হয়ে পড়েছে। পেনশনের পরিমাণ যথাযথভাবে বাড়িয়ে পেনশনভোগীদের বাঁচানোর উদ্যোগ নিতে সরকারের প্রতি অনুরোধ জানাচ্ছি।মো. বেলায়েত হোসেনপেনশনভোগী খিলগাঁও, ঢাকা।