চি ঠি প ত্র
সেতু-নাটকমহাজোট সরকারের নির্বাচনী ইশতেহারে অন্যতম ইশতেহার ছিল দেশের বৃহত্তম পদ্মা সেতু নির্মাণ। যোগাযোগমন্ত্রীর নিজের দোষে এই সেতুর কাজ বন্ধ হয়ে গেছে, এ কথা দেশবাসীর কাছে এখন দিবালোকের মতো পরিষ্কার। পদ্মা সেতু নির্মাণ করা হলে দেশের বৃহত্তর স্বার্থ রক্ষিত হতো; কিন্তু যোগাযোগমন্ত্রী নিজের স্বার্থের দিকে তাকিয়ে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থকে জলাঞ্জলি দিলেন। দেশের কল্যাণের কথা ভেবে তাঁর পদত্যাগ করা উচিত ছিল। পদত্যাগ না করে এখনো বহাল তবিয়তে থাকা যোগাযোগমন্ত্রীর হীন স্বার্থকে প্রকাশ করে। এ রকম দুর্নীতিবাজ মন্ত্রী মহাজোট সরকারের নির্বাচনী ইশতেহার পূরণে শুধু প্রতিবন্ধকতাই সৃষ্টি করবেন না, বরং মহাজোট সরকারের ইমেজ নষ্ট করবেন। যার ফল ভবিষ্যতে মহাজোট সরকারকে ভোগ করতে হবে—বিষয়টি প্রধানমন্ত্রীর ভেবে দেখা দরকার। যোগাযোগমন্ত্রী আরও বলছেন, দেশের টাকা দিয়েই পদ্মা সেতু নির্মাণ করা সম্ভব। পদ্মা সেতু নির্মাণ করার জন্য দেশে উপকরণ আর পর্যাপ্ত টাকা আছে। তা-ই যদি থাকে, তাহলে বিশ্বব্যাংকের কাছে ঋণসহায়তা নেওয়ার কোনো দরকার ছিল কি? কী দরকার ছিল এত সময় নষ্ট করার? অনেক আগে থেকেই তো সেতুর নির্মাণকাজ যোগাযোগমন্ত্রী শুরু করতে পারতেন। কেন তিনি তা করলেন না, নাকি তিনি ঋণের বোঝা দেশের মানুষের ঘাড়ে চাপিয়ে দিয়ে বিশ্বব্যাংকের কোটি কোটি টাকা আত্মসাৎ করতে চেয়েছিলেন বলে তিনি অকারণ এই বিলম্ব করলেন? পদ্মা সেতু এই সরকারের আমলে হবে না, এটা এখন পরিষ্কার। নতুন কোনো সান্ত্বনা দিয়ে জনসাধারণকে যোগাযোগমন্ত্রী আর নিজের অনুকূলে আনতে পারবেন না। অতএব যোগাযোগমন্ত্রী পদত্যাগ করুন, নয়তো সাবধানে কথা বলুন।আলমগীর কবীরঢাকা বিশ্ববিদ্যালয়।