চি ঠি প ত্র
শিক্ষক প্রাণগত ২২ সেপ্টেম্বর বরিশালের গৌরনদী উপজেলার পিঙ্গুলাকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ফরিদ জমাদ্দারকে শ্রেণীকক্ষ থেকে ডেকে নিয়ে নির্মমভাবে হত্যা করা হয়। এ ঘটনায় গৌরনদী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নয়ন শরীফসহ ছয়-সাতজনকে আসামি করে মামলা হলেও কোনো আসামি ধরেনি পুলিশ। এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে একজনকে ধরা হলেও সরকারি দলের লোক হওয়ায় নানা কৌশলে তাঁকে ছাড়িয়ে নেওয়া হয়। এ ঘটনার ২০ দিন পর ১২ অক্টোবর গৌরনদীর পার্শ্ববর্তী উপজেলা আগৈলঝাড়া যুবলীগের বখাটে নেতা আবুলের অবৈধ প্রস্তাবে রাজি না হওয়ায় প্রকাশ্যে রাস্তায় জীবন দিতে হলো ছয় মাসের অন্তঃসত্ত্বা স্কুলশিক্ষিকা শারমীন আক্তারকে। আবুলের মা নিজ ছেলের এ নারকীয় ঘটনার বিচার চেয়েছেন। এর পরও যদি শারমীনের পরিবার সঠিক বিচার না পায়, তাহলে এ দেশে আর কে বিচার পাবে?সারা দেশের মতো বরিশাল বিভাগেও কী হারে হত্যা, ধর্ষণ, খুন, রাহাজানি, চুরি ও ছিনতাইয়ের মাত্রা বেড়ে চলছে, তা সহজে স্পষ্ট হয়ে ওঠে বরিশালের স্থানীয় পত্রিকাগুলো খুললেই। কোথাও যেন পরিত্রাণের আশা নেই। ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ায় খুনিদের নাম ও ছবি তথ্যপ্রমাণসহ প্রকাশ হলেও এরা কেন যে, কোন অদৃশ্য শক্তির বলে পার পেয়ে যাচ্ছে, তা সাধারণ মানুষের কাছে স্পষ্ট নয়। মানুষ আজ জানতে চায়, কেন এসব খুনির সুষ্ঠু বিচার হচ্ছে না। এসব হাজারও প্রশ্ন আজ মানুষের মনে ঘুরপাক খাচ্ছে।আমরা ঘটনাগুলোর সঠিক বিচার দাবি করছি। মো. মাকসুদুর রহমান, আগরপুর রোড, বরিশাল। বিদ্যুতের ব্যবহারবিদ্যুৎ নিয়ে আমাদের দেশে আলোচনা-সমালোচনার কোনো শেষ নেই। বিদ্যুতের জন্য অফিস ভাঙচুর করা হচ্ছে, সরকারকে দোষারোপ করা হচ্ছে। কিন্তু বিদ্যুতের চাহিদা আমাদের দেশে কোনোভাবেই মিটছে না। উৎপাদনের কথা চিন্তা করলে আগে যা ছিল, তার চেয়ে একটু বেড়েছে। এই বেড়ে যাওয়া অংশটুকু দিয়ে দেশের চাহিদা পূরণ হওয়া সম্ভব নয়। তা ছাড়া নতুন নতুন ইলেকট্রিক যন্ত্রপাতি দেশে আশার ফলে বিদ্যুতের ওপর চাপ অনেক বেড়েছে। বর্তমানে বিদ্যুৎ ব্যবহারের একটা বিশেষ দিক হলো, ব্যাটারিচালিত অটোরিকশার ব্যবহার। প্রায় প্রতিটি জেলা শহরে অটোরিকশার ব্যবহার দেখা যায়। প্রতিদিন এসব অটোরিকশার ব্যাটারি চার্জ করতে খরচ হচ্ছে অধিক পরিমাণ বিদ্যুৎ। মুঠোফোন যদিও একটা ছোট ইলেকট্রিক যন্ত্র, আমাদের দেশে এর ব্যবহার কিন্তু আকাশচুম্বী আকার ধারণ করেছে। দেশে ৮০ শতাংশের বেশি মানুষ মুঠোফোন ব্যবহার করছে। এই মুঠোফোনগুলো চার্জ করার জন্য প্রতিদিন বিদ্যুৎ লাগছে। ফলে বিদ্যুতের ওপর চাপ বাড়ছে দিন দিন। আগের দিনে মানুষজন স্টোরেজ ব্যাটারিচালিত টর্চ ব্যবহার করত। কিন্তু বর্তমানে ব্যবহার করা হচ্ছে চার্জার ব্যাটারিচালিত টর্চ, যার ফলে বিদ্যুৎ ব্যবহারের হার অনেক বেড়েছে। কম্পিউটারের ব্যবহার দিন দিন বাড়ছে শহর, বন্দর ও গ্রামে এবং চালক শক্তি বিদ্যুতের ব্যবহারও বাড়ছে রাতারাতি। তা ছাড়া শপিং সেন্টার, ফিলিং স্টেশন এবং বিলবোর্ডগুলোতে প্রয়োজনের তুলনায় অধিক বিদ্যুৎ ব্যবহার করা হচ্ছে। এই অল্প বিদ্যুৎ দিয়ে এতগুলো খাত কোনোভাবেই পূরণ করা সম্ভব নয় আমাদের দেশে। ফলস্বরূপ লোডশেডিংয়ের মধ্যে আমাদের থাকতেই হচ্ছে। ধারাবাহিক এই বিদ্যুতের সংকট আমাদের দেশ থেকে কবে দূর হবে, তা কি আমরা কল্পনা করতে পারি? সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। কিন্তু বিদ্যুৎ ছাড়া ডিজিটাল কথা তো চিন্তাই করা যাবে না।মো. তানজিলশিক্ষার্থী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।