চি ঠি প ত্র
কমিউনিটি ক্লিনিক এখনো আমাদের সমাজে স্বাস্থ্যসেবার ক্ষেত্রে পুরোনো কুসংস্কার, বদ্ধমূল ধ্যান-ধারণার প্রয়োগ ও প্রাতিষ্ঠানিক সরকারি স্বাস্থ্যসেবা অপ্রতুল। পরিবারের কর্তাব্যক্তিদের নিজস্ব প্রথাগত সীমাবদ্ধ জ্ঞানই সেখানে চিকিৎসার মূল হাতিয়ার। এমনকি অনেক সময় জরুরি অবস্থায় সিদ্ধান্তহীনতার কারণে অনেকেই অকালে মৃত্যুবরণ করে। অধিকাংশ মানুষই বর্তমান উন্নত প্রযুক্তির আধুনিক চিকিৎসাব্যবস্থার মূলধারার বাইরেই অবস্থান করছে। তাই বর্তমান কমিউনিটি ক্লিনিক প্রকল্পটির মূল উদ্দেশ্য হলো, নিয়োগ করা ১৩ হাজার ৫০০ কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারের মাধ্যমে কমিউনিটির মানুষের দোরগোড়ায় অত্যাবশ্যকীয় প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া। এমনকি মাননীয় প্রধানমন্ত্রী তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে স্বাস্থ্যসেবা খাতের উন্নয়ন গতিশীল করার জন্য সম্প্রতি জাতিসংঘের সম্মানজনক যে সাউথ সাউথ পুরস্কারে ভূষিত হয়েছেন, তারই বাস্তব রূপরেখা রয়েছে এই কমিউনিটি ক্লিনিক প্রকল্পে।এই প্রকল্পের স্বেচ্ছাচারিতা হবে এ দেশের অসংখ্য মানুষের স্বাস্থ্যসেবা অধিকার নিয়ে স্বেচ্ছাচারিতা, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের পথের অন্যতম প্রতিবন্ধকতা। উচিত হবে পূর্বপরিকল্পনা অনুযায়ী সুষ্ঠুভাবে প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে এ দেশের মানুষের অনেক দিনের কমিউনিটিভিত্তিক স্বাস্থ্যসেবার আশার প্রদীপটি জ্বালিয়ে রাখতে যথোপযুক্ত পদক্ষেপ নেওয়া। এ কথা অস্বীকার করার উপায় নেই যে এ প্রকল্পের অধিকাংশই জনবলই দলীয় আনুগত্য ও নিবন্ধন করা আত্মীয়স্বজনের অনৈতিক সুপারিশের সুবাদে নিয়োগ পাওয়া। কিন্তু দলীয় পরিচয়ে নিয়োগ পাওয়া এই বিশালসংখ্যক জনবলের অমিতচারিতার কারণে যদি প্রকল্পের প্রত্যাশিত সুফল না পাওয়া যায়, যদি আত্মোৎসর্গ মনোভাবের বদলে দলীয় লোকদের প্রবঞ্চক মনোভাব বিরাজ করে, তাহলে তা হবে আমাদের জন্য চরম দুর্ভাগ্যের বিষয়। সব শেষে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর স্বাস্থ্য উপদেষ্টা সমীপে আমার অনুরোধ, আপনারা এ দেশের অবহেলিত মানুষের জন্য প্রকল্পটি বাস্তবায়নে এমন কার্যকর পদক্ষেপ নিন, যেন এটি কাগুজে প্রকল্প হয়ে দলীয় ভারে ন্যুব্জ না হয়ে পড়ে। সুমিত বণিকউন্নয়নকর্মী, কিশোরগঞ্জ।