চি ঠি প ত্র
তারেক-মিশুক স্মৃতিস্তম্ভবাংলাদেশে সড়ক দুর্ঘটনা নতুন কিছু নয়। এটা নিত্যনৈমিত্তিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। মনে হয় সড়ক দুর্ঘটনার ব্যাপারগুলো আমাদের অস্থিমজ্জার সঙ্গে মিশে গেছে। এতে কারও করার কিছু নেই, যেন একটি স্বাভাবিক ঘটনা। যতই দিন যাচ্ছে, এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে দুর্ঘটনার সংখ্যাও। দুর্নীতির সূচকের মতো বাংলাদেশ এখন সড়ক দুর্ঘটনার সূচকেও শীর্ষস্থান অধিকার করতে যাচ্ছে। গত ১৩ আগস্ট মানিকগঞ্জের বানিয়াজুরীর কাছে ‘জোকা’ নামক স্থানে বাংলাদেশ দুই কৃতী সন্তানকে হারায়। তাঁরা দুজনই নিজ নিজ স্থানে ছিলেন উজ্জ্বলতম তারকা। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্রকার তারেক মাসুদ মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে কাজ করে গেছেন। তিনি সুস্থধারা, অবাণিজ্যিক ও মুক্তিযুদ্ধ নিয়ে চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রে ছিলেন আপসহীন। অপরজন শহীদ মুনীর চৌধুরীর ছেলে আশফাক মুনীর চৌধুরী মিশুক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষকতার চাকরি ছেড়ে হয়েছিলেন সম্প্রচার সাংবাদিকতার পথিকৃৎ। ঢাকা-আরিচা মহাসড়ক, বিশেষ করে, সাভারের পর থেকে বরংগাইল পর্যন্ত রাস্তায় এত বিপজ্জনক এবং অপ্রয়োজনীয় বাঁক আছে, বাংলাদেশের অন্য মহাসড়কে আছে কি না, তা আমার জানা নেই। প্রথমত, এই বাঁকগুলো সরেজমিনে পর্যবেক্ষণ করে যেভাবেই হোক যোগাযোগ মন্ত্রণালয়কে ঠিক করার প্রয়োজনীয় ও ফলপ্রসূ উদ্যোগ গ্রহণ করতে হবে। দ্বিতীয়ত, ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-ময়মনসিংহ, ঢাকা-টাঙ্গাইলসহ ঢাকা-আরিচা মহাসড়কও চার লেন করার মহাপরিকল্পনা গ্রহণ করতে হবে। তৃতীয়ত, যে স্থানটিতে তারেক-মিশুক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন, ওই স্থানের রাস্তার দুই পাশে তাঁদের দুজনের ছবিযুক্ত সংক্ষিপ্ত জীবনবৃত্তান্তসহ তাঁদের স্মরণে স্মৃতিস্তম্ভ নির্মাণ করা যেতে পারে। এ উদ্যোগটি বাস্তবায়িত হলে সাধারণ মানুষের ক্ষোভ কিছুটা হলেও প্রশমিত হবে। এটাই কর্তৃপক্ষের কাছে আমাদের আবেদন।তারেক-মিশুকের মৃত্যু স্বাভাবিক মৃত্যু নয়। তাঁরা দেশের জন্য অসামান্য অবদান রেখেছেন। আমাদের সমস্যা হলো, গুণীজনেরা যখন অকালে, অস্বাভাবিকভাবে হারিয়ে যান, কিছুদিন পরেই আমরা তাঁদের ভুলে যাই, মন থেকে মুছে ফেলি। তারেক-মিশুক আমাদের চলচ্চিত্র ও সাংবাদিকতার দুই আলোকবর্তিকা। তারেক-মিশুকের দুর্ঘটনা নিছক দুর্ঘটনা নয়। ওই স্থানটিতে যদি রাস্তার দুই ধারে তাঁদের স্মরণে স্মৃতিস্তম্ভ হয়, তাহলে যেমন আমাদের চালকেরা সতর্ক হবেন, তেমনি কিছুটা হলেও প্রিয় তারেক-মিশুকের প্রতি আমাদের দায় মোচনও হতে পারে।মোহাম্মদ লিটন পাশা খানউত্তরা ব্যাংক লিমিটেড, ঢাকা ।