চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষাব্যবস্থায় ভূতবর্তমানে আমাদের শিক্ষাব্যবস্থায় বেশ কিছু ভূতের আধিপত্য রয়েছে, সেগুলোর মধ্যে কোচিং বা প্রাইভেট বাণিজ্য ও নোট-গাইডের বিষয় দুটি বেশ আলোচিত। আজকের বাস্তবতায় লক্ষ করলে দেখা যাবে, শিক্ষার্থীরা স্কুল-কলেজের চেয়ে কোচিং বা প্রাইভেট পড়া ও নোট-গাইডের দিকে আগ্রহী বেশি! তারও চেয়ে শিক্ষকদের আগ্রহ এসব বিষয়ে চোখে পড়ার মতো। এ ক্ষেত্রে অনেক শিক্ষকের অভিযোগ, তাঁরা যা বেতন পান, তাতে একরকম নিরুপায় হয়েই প্রাইভেট বা কোচিং সেন্টারের দিকে ঝুঁকে যান। আবার সরকারও কোচিং সেন্টারকে লাইসেন্স দিয়ে ট্যাক্স আদায়পূর্বক এই ভূতকে সরকারি আয়ের একটি উৎস হিসেবে নিয়েছে। এটা কি আমাদের জাতির জন্য একটুও আশাব্যঞ্জক? মোটেও তা নয়। আমাদের সরকারগুলো সব সময় জাতীয় বাজেটের একটা বড় অংশ শিক্ষা খাতে ব্যয় করছে শিক্ষিত জনগোষ্ঠী গঠনের লক্ষ্যে। শিক্ষাকে ব্যবসা হিসেবে আশ্রয়-প্রশ্রয় দেওয়া কোনো সরকার তো দূরের কথা, কোনো ব্যক্তির জন্যও সমীচীন নয়। প্রয়োজনে সরকার শিক্ষা খাতে আরও অর্থ বরাদ্দ দিতে পারে (শিক্ষকদের আনুষঙ্গিক সুবিধার্থে), কিন্তু কোনোমতেই প্রাইভেট বা কোচিং এবং নোট-গাইডকে শিক্ষাব্যবস্থায় আধিপত্য বিস্তার করতে দেওয়া উচিত নয়। তা-ই যদি হবে, তাহলে শিক্ষা খাতে অত অর্থ ব্যয়ের প্রয়োজন কিসে? স্কুল-কলেজ বাদ দিয়ে কোচিং দিয়ে সরকারও বড় একটা আয় করতে পারে। কোচিং ও নোট-গাইডের রেডিমেড জ্ঞানচর্চা থেকে জাতিকে বাঁচানোর জন্য ‘সৃজনশীল পদ্ধতি’ চালু করা হলো, আবার সৃজনশীল নোটও বাজারে ঢুকতে দেওয়া হলো। তাতে সৃজনশীল পদ্ধতি আনয়নের ফলটা কী হবে? অভিযোগ আছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মোটা অঙ্কের অর্থের বিনিময়ে এসব বিষয়কে গোপনে সমর্থন দিয়ে যাচ্ছে। এ রকম গোপন সমর্থন যে আমাদের কতটা পিছিয়ে দিচ্ছে, তা ভেবে দেখার বিষয়। কোচিং বা প্রাইভেট বাণিজ্য, নোট-গাইডের বিপণন বিষয়ে মহামান্য হাইকোর্টের নিষেধাজ্ঞা সত্ত্বেও কেন এসব ভূত শিক্ষাব্যবস্থার মাথা থেকে সরানো যাচ্ছে না, তা বড়ই প্রশ্নসাপেক্ষ বিষয়। আমরা চাই, দ্রুতই এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় তথা সরকার ব্যবস্থা নিক।আসাদ আল-আমিন রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী।