চি ঠি প ত্র
জাতির কারিগরআমরা সবাই জানি, শিক্ষা জাতির মেরুদণ্ড, আর শিক্ষকেরা জাতির কারিগর। ভাবতে অবাক লাগে, আজকাল এই মহান কারিগরদের নিয়ে নানা ধরনের প্রাসঙ্গিক-অপ্রাসঙ্গিক প্রশ্ন উঠছে। কেউ কেউ বলছেন, শিক্ষার্থীদের পাঠদানে বর্তমান শিক্ষকদের আন্তরিকতার অভাব আছে। আবার কারও মতে, টাকার জন্য শিক্ষকেরা শ্রেণীকক্ষে পাঠদানে মনোযোগী না হয়ে প্রাইভেট কিংবা কোচিংয়ে বেশি মনোযোগী হচ্ছেন। এটা সত্য, সব শিক্ষক শ্রেণীকক্ষে পাঠদানে মনোযোগী হলে কোনো শিক্ষার্থীকে আর বাইরে কোচিং কিংবা প্রাইভেট পড়ার প্রয়োজন পড়ে না। আবার এ-ও সত্য, শুধু আইন করে তা বন্ধ করাও সম্ভব নয়। কোচিং সেন্টারগুলো বন্ধ হয়ে গেলেও বাসায় বাসায় গিয়ে প্রাইভেট পড়ানো বন্ধ করা যাবে না। এ জন্য শিক্ষকদের মানসিকতায় পরিবর্তনের পাশাপাশি ধনী অভিভাবকদের ‘বড়লোকি’ মানসিকতা পরিবর্তনও জরুরি। অন্যদিকে, বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের একজন শিক্ষকের মাসিক আয় ও তাঁর সর্বনিম্ন ব্যয়ের হিসাবটাও মাথায় রাখতে হবে। কারণ, এই টাকায় তাঁর সংসার, বাড়িভাড়া, চিকিৎসা, যাতায়াত, সন্তানদের লেখাপড়ার খরচ প্রভৃতি বহন করা সম্ভব কি? সরকার তাঁদের বেতনের শুধু মূল অংশটাই দিচ্ছে, কিন্তু প্রতি মাসে অনেক কষ্ট করে এসব খরচ শিক্ষককেই বহন করতে হচ্ছে। এ জন্য অনেকে বাধ্য হয়ে জীবন বাঁচানোর তাগিদে প্রাইভেট বা কোচিংয়ের পথ বেছে নেন। আমরা জানি এটা অন্যায়, কিন্তু ক্ষুধার্ত জাতির কারিগরদের অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দেওয়া কি অন্যায় নয়?বাপ্পী, রামগঞ্জ, লক্ষ্মীপুর।নাসিক নির্বাচনআওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা নানা ধরনের হাস্যরসাত্মক নাটকীয়তা সমাপন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) নির্বাচনে মেয়র পদে শামীম ওসমানকে সমর্থন দিয়েছেন। আর এ ঘোষণার সঙ্গে সঙ্গে কারবার শুরু হয়ে গেছে। বিভিন্ন ওয়ার্ডে আইভীর পোস্টার-ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযান চালিয়ে এই কারবারের শুভ উদ্বোধন করা হয়েছে। ১৮ অক্টোবর রাতেই কয়েকটি ওয়ার্ডে আইভীর কোনো ধরনের প্রচারকাজ আওয়ামী লীগের ক্যাডাররা নিষিদ্ধ ঘোষণা করেছে। ঘোষণা দেওয়া হয়েছে, এসব এলাকায় আইভীর মাইক প্রবেশ করলে সেগুলো আর ফেরত যেতে দেওয়া হবে না। আরও বলা হয়েছে, ‘আমাদের বিজয় সুনিশ্চিত।’ আমি নারায়ণগঞ্জের একজন আদি বাসিন্দা হিসেবে আওয়ামী লীগের নেতাদের কাছে জানতে চাই, দেশের তাবৎ মিডিয়ার যুক্তিতর্ক এবং নারায়ণগঞ্জবাসীর আশা-আকাঙ্ক্ষা উপেক্ষা করলেন কেন? যে নারায়ণগঞ্জে আওয়ামী লীগের প্রতিষ্ঠা হয়েছিল, সেই নারায়ণগঞ্জে তার জয় অনিশ্চিত করা হলো? সৈয়দ শামীম আল কোরাইশীউত্তর চাষাঢ়া, নারায়ণগঞ্জ।