চি ঠি প ত্র
মোটরসাইকেল ভাড়াপার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি জেলায় মোটরসাইকেল ভাড়াটিয়াদের দৌরাত্ম্যে সাধারণ মানুষসহ বিভিন্ন পেশাজীবীরা অতিষ্ঠ হয়ে পড়েছে। এই জেলায় আনুমানিক দুই হাজারের বেশি মোটরসাইকেল ভাড়া হিসেবে চলাচল করছে। এই চালকদের গাড়ির নেই রেজিস্ট্রেশন, নেই ড্রাইভিং লাইসেন্স, মানছে না কোনো ট্রাফিক আইনের নিয়মকানুন। একটা মোটরসাইকেল কিনেই স্বল্প ট্রেনিংয়ে মোটরসাইকেল ভাড়া চালানো হচ্ছে। এতে অনেক দুর্ঘটনা ঘটে বহু লোক প্রাণ হারিয়েছে। এমনিতেই তিন পার্বত্য জেলা আইনের দিক দিয়ে সর্বক্ষেত্রে ‘মগের মুলুক’ হিসেবে পরিচিত।ভাড়ায় মোটরসাইকেল চালকদের বিষয়ে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কিছু দিক ভেবে দেখার সময় এসেছে। এ ছাড়া আইনি ব্যবস্থা নেওয়া খুবই জরুরি হয়ে পড়েছে। অনেক সরকারি কর্মকর্তা-কর্মচারী ছাড়াও বিভিন্ন সংস্থার কর্মকর্তা-কর্মচারী মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় লোকজন বা যাত্রীরা হাত তুলে থাকে। এতে বিব্রত অবস্থায় পড়তে হয়। তাই ভাড়ায় মোটরসাইকেল চালকদের বিশেষ রঙের পোশাক বরাদ্দ করা এবং তাঁদের আইনের আওতায় আনার জন্য বিনীত অনুরোধ করছি।পলিসি চাকমাব্যাংক কর্মকর্তা, খাগড়াছড়ি।স্থায়ী ঠিকানাসরকারি চাকরি লাভের আগে প্রার্থীর ‘পুলিশ ভেরিফিকেশন’ বাধ্যতামূলক। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই পুলিশ তদন্তে এসে স্থায়ী ঠিকানা সম্পর্কে অনেক প্রশ্ন তোলে। যে স্থায়ী ঠিকানা দেওয়া হয়েছে, সেই বাড়িতে তাঁর কী অধিকার আছে, কোনো সূত্রে তিনি ওই বাড়ির মালিক বা স্বত্বাধিকারী কি না ইত্যাদি। অনেক দিন ধরে তিনি সেখানে থাকলেও তাঁর স্বত্ব না থাকলে তিনি সেই স্থান বা বাড়িকে স্থায়ী ঠিকানা হিসেবে দেখাতে পারবেন না। স্থায়ী ঠিকানার মাধ্যমে আবার জেলা কোটা পূরণ করার নিয়ম রয়েছে। অতএব স্থায়ী ঠিকানার গুরুত্ব সম্পর্কে বেশি কিছু বলার প্রয়োজন পড়ে না। কিন্তু প্রশ্ন হলো:১. কারও গ্রামের বাড়ি যদি ১০-১৫ বছর আগে নদীতে ভেঙে যায় এবং তিনি যদি কোনো জেলা শহরে এসে ওঠেন। সেখানে ভাড়া বাসা নিয়ে বসবাস করতে থাকেন এবং এ পরিবারের কেউ যদি যোগ্যতাবলে সরকারি চাকরি পান, তবে তাঁর স্থায়ী ঠিকানা কী হবে, স্থায়ী ঠিকানা না দিতে পারলে প্রার্থীর কি চাকরি হবে না? ২. স্থায়ী ঠিকানা দেওয়ার সময় কেউ ঢাকার বাড়ির ঠিকানা দেখালেন। কিছুদিন পর তিনি ওই বাড়ি বিক্রি করে অন্য ভাড়াবাড়িতে চলে গেলেন। তখন তাঁর স্থায়ী ঠিকানা কী হবে? ৩. কোনো ‘মেয়ে চাকরিপ্রার্থীর’ বিবাহ হয়ে গেলে স্বভাবতই তিনি স্বামীর বাড়ি চলে যাবেন। এখন স্বামী যদি ভাড়াবাড়িতে থাকেন, তখন তিনি ‘স্থায়ী ঠিকানা’ হিসেবে কী দেখাবেন? ৪. হিন্দু মেয়েরা পিতার সম্পত্তির কোনো অংশেরই ভাগ পান না। তাঁরা কীভাবে তাঁদের স্থায়ী ঠিকানা দেখাবেন?স্থায়ী ঠিকানার বিষয়টি ব্রিটিশ আমলে জরুরি ছিল। তখনকার আর্থিক, সামাজিক ও রাষ্ট্রীয় অবস্থা ভিন্ন ছিল। এখন রাষ্ট্রীয় কাঠামোর অনেক পরিবর্তন হয়েছে। তাই চাকরির ক্ষেত্রে স্থায়ী ঠিকানা কোনো মুখ্য ভূমিকা পালন করে না। চাকরির ক্ষেত্রে স্থায়ী ঠিকানা পুলিশ ভেরিফিকেশনের জন্য কতটা প্রয়োজন, তা নতুনভাবে বিচার-বিশ্লেষণ করে দেখা আবশ্যক বলে মনে করি। এখন ভোটার কার্ড ও আইডি কার্ডই যথেষ্ট বলে বিবেচিত হতে পারে। বিষয়টি সরকার ভেবে দেখবে বলে আশা করি।জাহাঙ্গীর চাকলাদারলালবাগ, ঢাকা।রাজশাহীর অ্যালুমিনিয়ামরাজশাহী নগরের অ্যালুমিনিয়াম কারখানাগুলো থেকে উৎপাদিত অ্যালুমিনিয়াম দিয়ে রাজশাহী ছাড়াও কয়েকটি জেলার অ্যালুমিনিয়াম পণ্যের চাহিদা মিটে থাকে। শহরের বিসিক শিল্প এলাকায় উৎপাদিত কারখানাগুলোয় প্রতিদিন প্রায় তিন হাজার কেজি বিভিন্ন অ্যালুমিনিয়াম পণ্য উৎপাদিত হয়। তবে বর্তমান সময়ে দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় রাজশাহীর অ্যালুমিনিয়াম কারখানাগুলো পিছিয়ে পড়ছে। কেননা উৎপাদনকাজ চালাতে হচ্ছে নানা প্রতিকূলতার মধ্য দিয়ে। বিভিন্ন সমস্যার মধ্যে গ্যাসের সমস্যা প্রধানতম। শুধু গ্যাসের অভাবে গতি পাচ্ছে না রাজশাহীর অ্যালুমিনিয়াম-শিল্প। ঢাকা অঞ্চলের কারখানাগুলোতে গ্যাস থাকার কারণে তাদের পণ্যের দাম তুলনামূলক কম। অন্যদিকে জ্বালানি তেল দিয়ে কারখানা চালানোর কারণে তেমনটি পারছেন না রাজশাহীর ব্যবসায়ীরা। এতে গুণে ও মানে ভালো হলেও রাজশাহী অঞ্চলের ব্যবসায়ীরা অ্যালুমিনিয়াম-শিল্পের বাজার ধরতে পারছেন না। বাজারে এখন স্টেইনলেস স্টিল, প্লাস্টিক ও মেলামিনের যে দাপট, তাতে আগের তুলনায় অ্যালুমিনিয়াম পণ্যের বিক্রি কমে গেছে। শহরে বলতে গেলে বিক্রি নেই। গ্রামাঞ্চলে কিছুটা বিক্রি হয়। রাজশাহীর কারখানাগুলোতে গ্যাস-সংযোগ পেলে পণ্যের মূল্য অর্ধেকে নেমে আসত। এতে এই শিল্প বড় বাজার ধরতে পারত। তাই ঐতিহ্যবাহী এই শিল্প টিকিয়ে রাখতে অগ্রাধিকার ভিত্তিতে ব্যবস্থা নেওয়া দরকার। রাজশাহীতে গ্যাস-সংযোগের পাশাপাশি শিল্পের উন্নয়নে সরকারকে আন্তরিক হতে হবে।জাহেদুর রহমানপুরানা পল্টন, আজাদ সেন্টার, ঢাকা।