চি ঠি প ত্র
ঈদে জাল টাকাঈদ সামনে রেখে রাজধানীতে প্রায় প্রতিদিনই ধরা পড়ছে বিপুল পরিমাণ জাল টাকা। আবিষ্কার করা হচ্ছে জাল টাকা তৈরির কারখানা। এর সঙ্গে জড়িত মাঠপর্যায়ের সদস্যরা ধরা পড়লেও মূল অপরাধী থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। দেশজুড়ে এদের শক্তিশালী নেটওয়ার্ক বন্ধ করতে পারছেন না আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সামনে কোরবানির ঈদ। তাই ঈদ উপলক্ষে জাল নোটধারীরা আরও বেপরোয়া হয়ে উঠতে পারে। তাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়া দরকার। এখনই জাল নোটধারীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে আরও আশঙ্কাজনক পরিস্থিতি তৈরি হবে। ঈদের বাজারে লেনদেনের ব্যস্ততায় অনেকের পক্ষেই জাল টাকা চিহ্নিত করা সম্ভব হয় না। আর এ সুযোগটিই কাজে লাগাচ্ছে ওই চক্র। এ জন্য সাধারণ মানুষকেও সচেতন হওয়া দরকার।ঈদের গরুর হাটে যেন জাল টাকা শনাক্তকরণ মেশিন বসানো হয়। তাই সরকারের প্রতি আবেদন, ঈদের বাজারে জাল নোট ছেড়ে জালিয়াত চক্র যাতে সাধারণ মানুষকে প্রতারিত করতে না পারে, সে ব্যাপারে ব্যবস্থা নেওয়া হোক।জহির উদ্দিন লস্করকুমিল্লা বিশ্ববিদ্যালয়।প্রাইভেট পড়াবাংলাদেশে অনেক নামকরা স্কুল রয়েছে। এ স্কুলগুলোতে শিক্ষার্থীরা ভালো ফল করেছে এবং বর্তমানেও করছে। তবে অতীতকাল ও বর্তমানকালের মধ্যে অনেক পার্থক্য দেখা যায়। আগে শিক্ষার্থীরা নিজে নিজে পড়ালেখা করে ভালো ফল করত। কিন্তু বর্তমানে অন্য রকম চিত্র লক্ষ করা যায়। এখন শিক্ষার্থীরা বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের কাছে প্রাইভেট পড়ে এবং গাইডের সাহায্যে ভালো ফল করছে। এর ফলে শিক্ষার্থীদের সৃজনশীলতা বাড়ছে না। শিক্ষার্থীরা হাজার হাজার টাকা দিয়ে শিক্ষকদের কাছে পড়ে পরীক্ষায় উত্তীর্ণ হতে পারছে। কিন্তু যারা প্রাইভেট না পড়ে নিজেরা পড়ে পরীক্ষা দিচ্ছে, তাদের শিক্ষকেরা অবহেলা করছেন। প্রাইভেট পড়লে শিক্ষক-শিক্ষিকারা পরীক্ষার পড়া কমিয়ে দিচ্ছেন। পরীক্ষার প্রশ্ন পরীক্ষার আগেই বলে দিচ্ছেন, এ কারণে তারা সামনে এগিয়ে যাচ্ছে। কিন্তু এ সুযোগ অন্যান্য শিক্ষার্থী পাচ্ছে না। যারা শিক্ষক-শিক্ষিকাদের কাছে প্রাইভেট পড়ে না, তারা পরীক্ষায় ভালো ফল করা সত্ত্বেও উত্তীর্ণ হতে পারছে না। এ জন্য অনেক ভালো শিক্ষার্থী পিছিয়ে যাচ্ছে। এ সমস্যা বেশির ভাগ স্কুলে দেখা দিয়েছে। এর জন্য শিক্ষার্থীরা খুব চিন্তিত। তাই এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এবং গণশিক্ষা অধিদপ্তরের ব্যক্তিদের সঠিক পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ করছি।নুদরাত নাওয়ালশান্তিনগর, ঢাকা।ধর্মপাশা থেকে সুনামগঞ্জরূপকথার গল্প আর আমার উপজেলা ধর্মপাশা থেকে নিজ জেলা সুনামগঞ্জের যাতায়াতের বিষয়টি প্রায় সমার্থক। একসময় দাদা-দাদিরা নীল পরি, লাল পরি আর দৈত্য-দানবের গল্প শোনাতেন। কাল্পনিক এসব গল্প শুনতে শুনতে ঘুমিয়ে যেতাম। এখন সেই গল্পগুলোকে খুব কাল্পনিক মনে হলেও ধর্মপাশা থেকে ট্রলার বা লঞ্চে করে যে সময় সুনামগঞ্জের উদ্দেশে রওনা হই, তখন রূপকথার ডানাকাটা পরি আর দৈত্য-দানবের কথা মনে হয়। প্রতীক্ষার প্রহর গুনতে গুনতে যখন সুনামগঞ্জের মুখ দেখি, তখন বড়ই আক্ষেপ করে মনে মনে বলতে থাকি, ‘ইস আমার যদি ডানাকাটা পরি আর দৈত্য-দানবের সঙ্গে কোনো রকম যোগাযোগ থাকত, তাহলে পরির ডানায় ভর করে অথবা দৈত্যের পীঠে চড়ে ধর্মপাশা থেকে নিজের জেলা সুনামগঞ্জে আট ঘণ্টার পরিবর্তে মুহূর্তের মধ্যেই চলে যেতে পারতাম।’দেশে বর্তমান সরকার যখন ‘ডিজিটাল’ গাঙে উথাল বৈঠা নাচাচ্ছে, তখন ধর্মপাশাবাসী যুগ যুগ ধরে আগের পায়ে হাঁটার পথ, ট্রলার বা লঞ্চে করে নিজের জেলায় যাওয়ার প্রতীক্ষায় পুরোনো বৈঠায় তরী বেয়ে যাচ্ছে। সুনামগঞ্জ জেলার ১১টি উপজেলার মধ্যে ধর্মপাশা, তাহিরপুর, বিশ্বম্ভরপুর তিনটি উপজেলার সঙ্গে জেলার যোগাযোগ ব্যবস্থা একেবারেই বিচ্ছিন্ন। যদিও বর্ষাকালে ধর্মপাশা থেকে ট্রলারে বা লঞ্চে করে আট ঘণ্টা পর সুনামগঞ্জে যাওয়া যায়, কিন্তু শুকনো মৌসুমে নদীর পানি শুকিয়ে ট্রলার বা লঞ্চ চলাচল বন্ধ হয়ে গেলে এই দুর্ভোগ আরও বেড়ে যায়।দেশের সরকার বারবার পরিবর্তন হয়, কিন্তু পরিবর্তন হয় না আমাদের এ দুর্ভোগের। ধর্মপাশা উপজেলাবাসীর করুণ আর্তনাদ, আমরা স্বল্প সময়ে আমাদের জেলা সুনামগঞ্জে যেতে চাই। এনামুল হক থানা রোড, ধর্মপাশা, সুনামগঞ্জ