চি ঠি প ত্র
শিক্ষাবৃত্তি না মেধাবৃত্তিআমাদের দেশের প্রত্যন্ত অঞ্চলে অনেক মেধাবী আছে। কিন্তু তাদের সিংহভাগই আর্থিক সমস্যায় জর্জরিত। মেধাবী হওয়া সত্ত্ব্বেও অর্থের অভাবে তাদের লেখাপড়া বেশি দূর এগোয় না। অনেকে কষ্ট করে এগোলেও আর্থিক সমস্যার কারণে ফলাফলে তার বেশ প্রভাব পড়ে। অনেকে আবার ঝরে পড়ে। এসব সমস্যা লাঘবের জন্য কয়েক বছর ধরে আমাদের দেশের বিভিন্ন প্রতিষ্ঠান দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, যা নিঃসন্দেহে একটি মহৎ উদ্যোগ। এ কারণে মেধাবী শিক্ষার্থীদের ঝরে পড়া বন্ধ হয়েছে। কিন্তু পরিতাপের বিষয়, কিছু কিছু প্রতিষ্ঠান, সংস্থা ও ব্যাংক প্রায় এক বছর আগে এ রকম সাহায্য দেওয়ার কথা বলে বিভিন্ন প্রচার চালিয়ে বৃত্তি বা সাহায্যের দরখাস্ত আহ্বান করেছে। কিন্তু এখন পর্যন্ত তা বাস্তবায়ন করেনি।এর জন্য তারা কোনো যুক্তিসংগত কারণ দাঁড় করাতে পারেনি, যা আবেদনকারী শিক্ষার্থীদের জন্য হতাশাব্যঞ্জক। আমি নিজেও এ রকম প্রচারে আকৃষ্ট হয়ে গত মার্চে একটি ব্যাংকে আবেদনপত্র পাঠিয়েছিলাম। কিন্তু আজও তার কোনো প্রত্যুত্তর পাইনি।তাই বাংলাদেশের হাজার হাজার শিক্ষার্থীর পক্ষে আমি এর প্রতিবাদ জানাচ্ছি এবং সমস্যার সমাধানের জন্য সংশ্লিষ্ট ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংস্থার কাছে অনুরোধ জানাচ্ছি। এম রুহুল আমিন, ঢাকা।ফুটপাত তুমি কার?ঢাকা শহরের রাস্তার সৌন্দর্য হচ্ছে এর দুই পাশের ফুটপাত। যানজটের নগরে হেঁটে পথ চলতে ফুটপাতের কোনো বিকল্প নেই। ফুটপাত ব্যবহার করলে দুর্ঘটনাও কম ঘটে। তা ছাড়া, যানজটে আটকে পড়ে সময় নষ্ট করার চেয়ে হাঁটাই ভালো।কিন্তু ঢাকা শহরের অধিকাংশ ফুটপাতই বেদখল এবং এগুলোর অবস্থা বেহাল। ফুটপাতগুলো বিভিন্ন দোকান, গাড়ি রাখার স্থান, ডাস্টবিন, রিকশা ও ভ্যানের গ্যারেজে পরিণত হয়েছে। তাই মনে প্রশ্ন জাগে, ‘ফুটপাত তুমি কার?’ পত্রিকার চিঠিপত্র কলামে ফুটপাত নিয়ে অভিযোগের শেষ নেই। খোলা ম্যানহোলের ঢাকনা লাগানোর অনুরোধ, বেদখল ফুটপাত দখলমুক্ত করার অনুরোধ করেই চলছে সাধারণ মানুষ। কিন্তু এ নিয়ে কর্তৃপক্ষের তেমন পদক্ষেপ লক্ষ করা যাচ্ছে না।মো. নুর আলমহিসাববিজ্ঞান বিভাগ, সরকারি তিতুমীর কলেজ।