চি ঠি প ত্র
জনগণের বিজয়নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে জনগণ ডা. সেলিনা হায়াৎ আইভীকে বিপুল ভোটে বিজয়ী করেছে। তিনি সাবেক পৌরসভার নির্বাচিত মেয়র হলেও আওয়ামী লীগ তাঁকে সমর্থন করেনি। তাঁর এ বিজয় জনতার; এ বিজয় গণতন্ত্রের। নানা প্রতিকূলতার মধ্যেও মানুষের মন জয় করতে পারলে যে নির্বাচনে বিজয়ী হওয়া যায়, তিনি তা প্রমাণ করেছেন। নারায়ণগঞ্জবাসী সন্ত্রাস, মাস্তানির বিরুদ্ধে একজন সৎ ও যোগ্য প্রার্থীকে নির্বাচিত করেছে। সেলিনা হায়াৎ আইভী সিটি করপোরেশনের প্রথম নারী মেয়র হওয়ার গৌরব অর্জন করলেন। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সিদ্ধান্ত যে ভুল ছিল, তা নির্বাচনের ফলাফলে প্রমাণিত হলো। নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন না করার সিদ্ধান্ত সমালোচিত হয়েছে। তবে পুলিশ, র্যাবসহ বিভিন্ন বাহিনী সঠিকভাবে দায়িত্ব পালন করায় নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে। ভোট কারচুপির অভিযোগ অমূলক। নতুন নেতৃত্ব সিটি করপোরেশনকে সুন্দরভাবে পরিচালনা করবেন—এটাই আমাদের প্রত্যাশা।শেখ মনিরুজ্জামানসেগুনবাগিচা, ঢাকা।রামগতিতে সমুদ্রবন্দরযেকোনো দেশের অর্থনীতি ও বাণিজ্যিক কর্মকাণ্ডের চাকা সচল রাখতে সমুদ্রবন্দরের ভূমিকা গুরুত্বপূর্ণ। আমাদের প্রয়োজন এমন একটি সমুদ্রবন্দর, যেখান থেকে রাজধানী ঢাকা ও দেশের অন্যান্য অঞ্চলে দ্রুত ও সহজে পণ্য পরিবহন তথা আমদানি-রপ্তানির ব্যবস্থা নিশ্চিত করা যায়। এসব বিবেচনা মাথায় রেখে লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার আলেকজান্ডারে সমুদ্রবন্দর নির্মাণ করা হলে এটি হবে দেশের প্রাণকেন্দ্র তথা রাজধানী ঢাকা থেকে সবচেয়ে নিকটতম সমুদ্রবন্দর। লক্ষ্মীপুর-রামগঞ্জ-হাজীগঞ্জ-কচুয়া-গৌরীপুর (দাউদকান্দি) জাতীয় মহাসড়ক বাস্তবায়ন করা হলে ঢাকা থেকে লক্ষ্মীপুরের দূরত্ব দাঁড়াবে মাত্র ১৩০ কিলোমিটারে এবং বর্তমানে লক্ষ্মীপুর থেকে রামগতির আলেকজান্ডারের দূরত্ব মাত্র ৩৯ কিলোমিটার। রামগতিতে সমুদ্রবন্দর হলে রাজধানী থেকে এর দূরত্ব হবে মাত্র ১৬৯ কিলোমিটার। এর অবস্থান উপকূলের মাঝামাঝি। এখান থেকে দেশের যেকোনো স্থানে পণ্য পরিবহন সহজ ও সাশ্রয়ী হবে।রামগতি উপজেলার আলেকজান্ডারে সমুদ্রবন্দর নির্মাণ করা হলে লক্ষ্মীপুর জেলাসহ বৃহত্তর নোয়াখালী, কুমিল্লা, বরিশালসহ দেশের সার্বিক অর্থনৈতিক কর্মকাণ্ডে গতির সঞ্চার হবে। এ অঞ্চলে স্থাপিত হবে নতুন নতুন শিল্প-কলকারখানা। অতএব, লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার আলেকজান্ডারে প্রস্তাবিত সমুদ্রবন্দর নির্মাণের জন্য নৌপরিবহনমন্ত্রী ও প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি।ফয়সল হাসানরামগতি ডাইভারশন রোডলক্ষ্মীপুর।