চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিচারক হত্যার পরআজ ১৪ নভেম্বর। আমার জীবনের ভয়ংকরতম দিন। আজ থেকে ছয় বছর আগে এই দিনে আমার বাবা ঝালকাঠির সিনিয়র সহকারী জজ জগন্নাথ পাঁড়ে জঙ্গি সংগঠন জেএমবির বোমা হামলায় নিহত হন। তাঁর সঙ্গে নিহত হন সহকর্মী সহকারী জজ সোহেল আহমদ। আমার বয়স তখন আড়াই বছর। সকাল সোয়া নয়টা তখন। জেএমবির জঙ্গিরা যে তাদের অফিসে যাওয়ার গাড়িটিতে বোমা পেতে রেখেছিল, জানতেন না বাবা বা সোহেল চাচ্চু। তাঁরা গাড়িতে ওঠার সঙ্গে সঙ্গে প্রচণ্ড শব্দে বিস্ফোরিত হয় বোমাটি। গাড়ির ছাদ উড়ে গিয়ে গাছের ডালে ঝুলে থাকে। সঙ্গে সঙ্গে উড়ে যায় আমাদের সাজানো সংসার। মুছে যায় আমার মায়ের কপালের সিঁদুর, হাতের শাঁখা।জেএমবির মূল হোতাদের ফাঁসি হয়েছে। বাংলাভাই, শায়খ আবদুর রহমান নামের দুর্ধর্ষ নরপশুরা শাস্তি পেয়েছে। কিন্তু আমরা যারা (আমি, সোহেল চাচ্চুর ছেলে ইফতি ভাইয়া) প্রিয়তম পিতাকে হারিয়েছি, একটুও শান্তি পাইনি। যখন স্কুলে যাই, অন্য সবাই বাবাদের নিয়ে স্কুলে আসে দেখি, বাবার কাঁধে চেপে বাড়ি ফিরে যায় দেখি, তখন আমার খুব কষ্ট হয়। সেই কষ্টের কথা আমি কাউকে বোঝাতে পারব না। আমার মা যখন রাতে আমাকে জড়িয়ে ধরে খুব আদর করেন, তখন বুঝি, আমার কষ্টটা মা-ই শুধু বোঝেন।মা আমাকে বলেন, অনেক বড় হতে হবে। বাবার মতো। কিন্তু আমার কিছু ভালো লাগে না। সারা দিন আমাকে একা একা কাটাতে হয়। ঘুম ভাঙলেই দেখি মা অফিসে যাওয়ার জন্য প্রস্তুত। বাবার মৃত্যুর পর মাকে সরকারের পক্ষ থেকে একটা চাকরি দেওয়া হয় বেসরকারি ব্যাংকে। সেখানে সকাল থেকে রাত পর্যন্ত তাঁকে প্রচণ্ড পরিশ্রম করতে হয়। (অনেক চেষ্টা করা হলেও তাঁকে আজ পর্যন্ত সরকার নিজে কোনো চাকরি দেয়নি।) রাতে যখন তিনি ফেরেন, তখন আমার ঘুমানোর পালা। আমার জন্য তিনি সময় দেবেন, নাকি আমার নিরাপদ ভবিষ্যতের জন্য তিনি লড়াই করবেন, আমি বুঝতে পারি না। বাবা বেঁচে থাকলে নিশ্চয়ই আমাকে এই যন্ত্রণা সহ্য করতে হতো না। আমার পরম সৌভাগ্য, আমার দাদু মুকুল মুখার্জি, দিদা মন্দিরা মুখার্জি আমার সব আবদার মেটান। বাবার মৃত্যুর পর দাদুবাড়িই আমার ঠিকানা। আমার সব কষ্ট দূর করতে তাঁরা সবকিছু করেন। তবু বাবার অভাব আমার কিছুতেই মেটে না। মা যখন পুরোনো ছবির অ্যালবাম বের করে বাবার, মায়ের, আমাদের তিনজনের ছবিগুলো দ্যাখেন, আমার ভীষণ কান্না পায়। বাবাকে পেতে আমার খুব ইচ্ছে করে। খুউব। আমি আজও বুঝি না, কী দোষ ছিল আমার বাবার, যে এভাবে ওরা আমাদের এমন শাস্তি দিল! কোনো সন্তানকে পিতৃহীন করে কি কোনো কালে কোনো মহৎ কাজ হয়েছে? বরিশালের মহাশ্মশানে বাবার সমাধি রয়েছে। দীপাবলির আগের রাতে সেখানে আমরা প্রদীপ জ্বেলে দিই। হয়তো স্থানীয় আইনজীবীরা, সরকারি কর্মকর্তারা বাবাকে চিনতেন, ভালোবাসতেন—এমন নাগরিকেরা আজ আসবেন বাবার সমাধিতে ফুল দিতে। জঙ্গিবাদের বিরুদ্ধে কথাও বলবেন। কিন্তু সেই স্বরগুলো যেন সারা দেশের মানুষ শুনতে পায়, মা বলেছেন, সেটাই যেন আমাদের চেষ্টা হয়। বাবাকে তো আর ফিরে পাব না। কিন্তু বাবার ঘাতকের অনুসারীরা, তাদের চিন্তাচেতনা যাতে বাংলাদেশের মাটিতে ঠাঁই না পায়, সেটা নিশ্চিত করতে আজ আমি সবার প্রতি আহ্বান জানাই। এ ব্যাপারে জাজেস অ্যাসোসিয়েশনও বড় ভূমিকা নিতে পারে বলেই আমাদের ধারণা। আমার এই ছোট্ট কণ্ঠের আহ্বান কি আপনাদের কানে পৌঁছাবে? শ্রেষ্ঠ অর্ঘ্য পাঁড়ে২০০৫ সালে আত্মঘাতী বোমায় নিহত বিচারক জগন্নাথ পাঁড়ের পুত্র