চি ঠি প ত্র
বোনদের অগ্রাধিকার ভিকারুননিসা নূন স্কুলের ২০১২ শিক্ষাবর্ষের প্রথম শ্রেণীতে ভর্তির জন্য ১৪ নভেম্বর থেকে আবেদন ফরম বিতরণ শুরু হয়েছে। এর মাধ্যমে স্কুলটির মূল শাখাসহ মোট চারটি শাখায় প্রথম শ্রেণীতে প্রভাতী ও দিবা শাখায় ভর্তির জন্য ছাত্রী বাছাইয়ের প্রক্রিয়া শুরু। ভিকারুননিসা নূন স্কুলে ছাত্রী বাছাইয়ের এই প্রক্রিয়া নিয়ে অভিভাবকদের মধ্যে শুরু হয়েছে ব্যাপক উৎকণ্ঠা ও উদ্বেগ। বিশেষ করে, যেসব অভিভাবকের একজন কন্যাসন্তান ইতিমধ্যেই ওই স্কুলে অধ্যয়ন করছে। বোনদের কোটা পদ্ধতি যথাযথভাবে অনুসরণ না করায় আভিভাবকেরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন।গত বছরই (শিক্ষাবর্ষ ২০১১) প্রথমবারের মতো ভিকারুননিসা নূন স্কুলে প্রথম শ্রেণীতে ভর্তির জন্য ছাত্রী বাছাইয়ের জন্য লটারি পদ্ধতি চালু করা হয়। লটারির ভিত্তিতে ছাত্রী ভর্তির পদ্ধতি চালু করায় স্কুলে অধ্যয়নরত ছাত্রীদের বোনেরা বোনের কোটায় ভর্তি হওয়ার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। ভিকারুননিসা নূন স্কুলে ভর্তির ক্ষেত্রে যদি লটারি পদ্ধতি রাখতেই হয়, তবে অন্যান্য স্কুলে প্রচলিত লটারির ক্ষেত্রে অনুসৃত বোনদের কোটা পদ্ধতি যথাযথভাবে অনুসরণ করা উচিত। ২০১১ সালের আগে স্কুলটিতে প্রথম শ্রেণীতে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে ভর্তি করা হতো। স্কুলের চিরাচরিত নিয়মানুসারে স্কুলে অধ্যয়নরত কোনো ছাত্রীর বোন প্রথম শ্রেণীতে ভর্তি পরীক্ষায় অবতীর্ণ হলে তাকে ভর্তি পরীক্ষায় ৫ নম্বর বেশি দিয়ে মেধাতালিকা চূড়ান্ত করা হতো। ফলে যেসব অভিভাবকের দুটি কন্যাসন্তান, তাঁরা তাঁদের দুটি সন্তানকেই একই স্কুলে ভর্তি করার সুযোগ পেতেন। কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী ‘হলিক্রস, মোহাম্মদপুর প্রিপারেটরি ও ওয়াইডব্লিউসিএ স্কুলে যে পদ্ধতিতে ভর্তি করা হয়, সেই পদ্ধতি অনুসরণ করা হবে’ মর্মে বলা হলেও প্রকৃতপক্ষে সে পদ্ধতি অনুসরণ করা হচ্ছে না। কারণ ওই স্কুলগুলোতে প্রথমেই ওই প্রতিষ্ঠানে অধ্যয়নরত ছাত্রছাত্রীর ভাই ও বোনদের ভর্তির ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হয়। এর পরে অবশিষ্ট আসনগুলোতে লটারি হয়ে থাকে। কিন্তু ভিকারুননিসা নূন স্কুলে গত বছরে মাত্র দুজন ছাত্রীকে বোনের কোটায় ভর্তি করা হয়। এ বছর এই সংখ্যা ৬-এ উন্নীত করা হয়েছে, যা যথেষ্ট নয়।গত বছর লটারির সময় ভর্তির আবেদনে যারা ‘ভিকারুননিসা স্কুলে তাদের বোন পড়ে’ মর্মে উল্লেখ করবে, তাদের জন্য বোনের কোটা বাছাই করার জন্য পৃথকভাবে লটারি করা হবে এবং বোনের কোটা বাছাইয়ের পরে অবশিষ্ট সবাইকে সামগ্রিক লটারিতে অংশ নেওয়ার সুযোগ থাকবে মর্মে জানানো হয়। কিন্তু বাস্তবে দেখা যায়, প্রতি শাখায় মাত্র দুজন ছাত্রীকে বোনের কোটায় বাছাই করার পরে অবশিষ্ট বোনদের রোল নম্বর সাধারণ লটারিতে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়নি, যা খুবই দুঃখজনক।একজন অভিভাবকের একাধিক সন্তান থাকলে তাদেরকে ভিন্ন ভিন্ন স্কুলে আনা-নেওয়া করা খুবই কষ্টসাধ্য, ব্যয়বহুল। বর্তমানে পরিবহন স্বল্পতা, পরিবহন ব্যয়, দুর্বিষহ যানজট এবং সময়ের কথা বিবেচনা করে ভিকারুননিসা স্কুলে অধ্যয়নরত ছাত্রীদের বোনদের ভর্তির ব্যাপারে অগ্রাধিকার দেওয়া উচিত। এ ক্ষেত্রে যদি লটারি অনুষ্ঠিত হয়, তবে বোনদের আগে নির্বাচিত করে পরে অবশিষ্ট আসনগুলোর জন্য লটারি করা হোক। ভিকারুননিসা নূন স্কুলের ছাত্রীদের অভিভাবকেরা, ঢাকা।