চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাইভেট কোচিং সমস্যাপ্রাইভেট কোচিং দিন দিন বিষবাষ্প ছড়াচ্ছে। শিক্ষকের কাছে প্রাইভেট না পড়লে পরীক্ষায় ফেল। আর্থিক সংকট থাকা সত্ত্বেও অভিভাবকেরা বাধ্য হচ্ছেন হাজার হাজার টাকা খরচ করে সন্তানদের প্রাইভেট পড়াতে। তারপর রয়েছে বছর শেষে বাড়িভাড়া ও বাসভাড়া বৃদ্ধি। এ যেন কাটা ঘায়ে নুনের ছিটা। শিক্ষকেরা ইচ্ছা করেই শ্রেণীকক্ষে পাঠদানে বিরত থাকছেন। এ কারণে প্রাইভেট কোচিং বন্ধ করা প্রয়োজন।এটা যেমন ঠিক, তেমনই শিক্ষকেরাও যুক্তি তুলে ধরেছেন, প্রাইভেট কোচিং তাঁদের অধিকার। চিকিৎসক যেমন পার্টটাইম রোগী দেখে অর্থ উপার্জন করেন, আবার সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরাও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পার্টটাইম চাকরি করে অর্থ উপার্জন করতে পারেন; তাহলে কলেজ বা স্কুলশিক্ষক হয়ে কেন প্রাইভেট কোচিং করাতে পারবেন না।দুটি যুক্তিই নিজ নিজ অবস্থানে সঠিক এবং দুটি ব্যাপারই বৃহৎ সমস্যা এবং সৃজনশীল শিক্ষাব্যবস্থা বিকাশে অন্তরায়। এ সমস্যা সমাধানে সরকারের পক্ষ থেকে যদি এমন আইন করা হয় যে শিক্ষকেরা অবশ্যই প্রাইভেট পড়াবেন, কিন্তু নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থী ছাড়া। উদাহরণস্বরূপ, ঢাকা কলেজের একজন শিক্ষক নিজ কর্মঘণ্টা শেষে প্রাইভেট পড়াতে পারবেন; তবে ঢাকা কলেজের কোনো শিক্ষার্থীকে নয়। তাহলে শিক্ষকেরা শ্রেণীকক্ষে পাঠদানে অধিক মনোযোগী হবেন। শিক্ষা মন্ত্রণালয় কি কিছু করবে? এস এম ই আলমঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা। যোগ্যতা সমাচার২০০৪ সালের পর অনেক বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে বা শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওবঞ্চিত বা বন্ধ ছিল। গত বছর তাদের প্রতিষ্ঠানগুলো এমপিওভুক্ত হয়েছে কিন্তু যোগ্যতার অভাবে ১৪৪১ জনের এমপিওভুক্তি হয়নি। হয়তো তাঁরা মাননীয় প্রধানমন্ত্রীর সুদৃষ্টি পাওয়ার জন্য এবার শহীদ মিনারে ঈদ উদ্যাপন করেছেন। প্রথমে নিয়োগের সময় হয়তো তাঁদের প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা বা প্রশিক্ষণ ছিল না। পরে তাঁরা হয়তো প্রশিক্ষণসহ অন্যান্য যোগ্যতা ও অভিজ্ঞতা অর্জন করেছেন। আমার বিনীত অনুরোধ, তাঁদের শিক্ষাগত যোগ্যতা কি সব পরীক্ষায় তৃতীয় বিভাগ? যদি তা-ই না হয়। তবে কী অপরাধ তাঁদের। তাঁরা কি ৮-১০ বছর শিক্ষকতা করার পর ৬৪০০ টাকা বা ৮০০০ টাকা বেতনস্কেল পাবেন না। অথচ গত বছরের ১৮ মের পরিপত্র অনুযায়ী স্নাতক পর্যন্ত একাধিক বা সব পরীক্ষায় তৃতীয় বিভাগ পাওয়া ইনডেক্সধারী শিক্ষকেরা প্রধান শিক্ষক হতে পারছেন। বিএডসহ ১২ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা নিয়ে ১৫০০০ টাকা বেতনস্কেল পাচ্ছেন। হায় রে হায়! যাঁরা যোগ্যতার জন্য আজ শিক্ষক হতে পারলেন না তাঁদের চেয়ে কম যোগ্যতাসম্পন্ন শিক্ষকেরা প্রধান শিক্ষক হচ্ছেন। মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে সবিনয়ে জানতে চাই, যোগ্যতা বলতে আমরা কী বুঝব?তৈয়ব আলী, দিনাজপুর।ভর্তি পরীক্ষায় বৈষম্যএসএসসি ও এইচএসসি পরীক্ষায় ভালো ফলাফলের পর সবারই প্রত্যাশা থাকে ভালো প্রতিষ্ঠানে ভর্তি হওয়া। সেই প্রত্যাশাকে কেন্দ্র করেই অনুষ্ঠিত হয় ভর্তি পরীক্ষা। এ বছর অনুষ্ঠিত বিভিন্ন প্রতিষ্ঠানে ভর্তি পরীক্ষায় ছাত্রছাত্রীর মধ্যে সমানাধিকার থাকলেও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ছাত্রীদের চরম বৈষম্যের শিকার হতে হয়েছে। এ বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ইউনিটে অন্তর্ভুক্ত বিষয়গুলোয় ছেলেদের আসনসংখ্যা ৬০ শতাংশ এবং মেয়েদের আসনসংখ্যা ৪০ শতাংশ। উদাহরণস্বরূপ ‘ঘ’ ইউনিটে ৪৩৫টি আসনের মধ্যে ২৮৫টি আসন ছিল ছাত্রদের আর ছাত্রীদের জন্য আসন ছিল মাত্র ১৫০টি। ছাত্রদের মৌখিক পরীক্ষার জন্য ২৮৫টি আসনের বিপরীতে ৪৫০০ জনকে নির্বাচিত করা হয়েছিল। আর ছাত্রীদের ১৫০টি আসনের বিপরীতে ৩০০০ জনকে নির্বাচিত করা হয়েছিল। কিন্তু গত ৩ নভেম্বর চূড়ান্তভাবে নির্বাচিত ফলাফলে দেখা যায়, অপেক্ষমাণ তালিকায় ছাত্রদের নির্বাচিত করা হয়েছে ৪৪৯৬ (মেধাতালিকা অনুসারে অবস্থান) পর্যন্ত। অথচ ছাত্রীদের নির্বাচন করা হয়েছে ২২৩৫ পর্যন্ত। ভর্তি পরীক্ষায় এ ধরনের লিঙ্গবৈষম্য মোটেই কাম্য নয়। এতে দেখা যায়, একজন দুর্বল ছাত্র উচ্চশিক্ষা গ্রহণে প্রবেশের সুযোগ পাচ্ছে অথচ একজন মেধাবী ছাত্রী সেই সুযোগ পাচ্ছে না।আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলছি, ভর্তি পরীক্ষায় ছাত্র ও ছাত্রীদের জন্য কোনো রকম বৈষম্য সৃষ্টি না করে অতিসত্ত্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ মেধাতালিকার ভিত্তিতে যোগ্য শিক্ষার্থীদের নির্বাচিত করা হোক। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সমালোচিত এ সমস্যাটি নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে কি?পারমিতা সরকারপ্রাক্তন ছাত্রী, রংপুর ক্যান্ট. পাবলিক স্কুল ও কলেজ, রংপুরকপোতাক্ষ নদ খননকপোতাক্ষ নদ ভরাট হয়ে যাওয়ার কারণে সৃষ্ট জলাবদ্ধতায় কপোতাক্ষ অববাহিকার লাখ লাখ মানুষ কয়েক বছর ধরে মানবেতর জীবন যাপন করছে। নদটি খনন করলে এ সমস্যার সমাধান হবে বলে বিশেষজ্ঞদের ধারণা। বিশেষজ্ঞরা মনে করেন, নদটি খনন করলে এর গভীরতা বেড়ে পানির ধারণক্ষমতা ও পানিপ্রবাহ যেমন বাড়বে, তেমনই খনন করা মাটি ড্রেজারের লম্বা পাইপ দিয়ে নদের পার্শ্ববর্তী জলাবদ্ধ এলাকায় ফেলে তা উঁচু করা যাবে।এ বছর কপোতাক্ষ নদ খননের জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে। জানা গেল, খননের জন্য ড্রেজারও আনা হয়েছে। খবরের কাগজে পড়লাম, কিছু লোক ঝুড়ি-কোদাল দিয়ে নদটি খননের দাবি করছে। তাদের এ দাবি আবেগের। এর পেছনে কোনো জোরালো যুক্তি নেই; বরং ড্রেজার দিয়ে নদটি খনন করাই যৌক্তিক। কারণ: ১. ভরাটের ফলে সাধারণ ভূমি থেকে কপোতাক্ষ নদের তলদেশ উঁচু হয়ে গেছে। তাই বৃষ্টির পানি নিষ্কাশন হতে না পারায় নদের পার্শ্ববর্তী এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। এ ক্ষেত্রে ঝুড়ি-কোদালে খনন করলে খননের মাটি নদের পাড়ে ফেলা হবে। এতে নদসংলগ্ন এলাকা উঁচু থেকেই যাবে। যদি ড্রেজার দিয়ে খনন করা হয়, তাহলে খননের মাটি পাইপ দিয়ে নদের পাশে দূরবর্তী জলাবদ্ধ সাধারণ ভূমিতে ফেলে তা নদের লেভেল থেকে উঁচু করা যাবে। এ কারণে সাধারণ ভূমি উঁচু হবে এবং নদ ও নদসংলগ্ন এলাকা তুলনামূলক নিচু থাকবে। এ কারণে বর্ষাকালে সাধারণ ভূমিতে আর জলাবদ্ধতার সৃষ্টি হবে না। ২. ঝুড়ি-কোদালে খনন করলে কপোতাক্ষ নদের বিশাল এলাকার খননকাজ অত্যন্ত বিলম্বিত হবে। পক্ষান্তরে, ড্রেজার দিয়ে খনন করলে খননকাজ অতিদ্রুত সম্পন্ন হবে এবং জনদুর্ভোগ দ্রুতই লাঘব হবে।আশা করি, কর্তৃপক্ষ বিষয়টি সুবিবেচনা করে কপোতাক্ষ নদ খননকাজ ঝুড়ি-কোদাল দিয়ে নয়, ড্রেজার দিয়েই করবে।শেখ কিরণ ও শেখ অরণ্য পাটকেলঘাটা, সাতক্ষীরা।