চি ঠি প ত্র
আমনের দাম ও কৃষকএক কাপ চায়ের দাম এক টাকা। এটি ২০০০ সালের কথা। বর্তমানে এক কাপ চায়ের দাম পাঁচ টাকা। গত ১১ বছরে চায়ের দাম বেড়েছে পাঁচ গুণ। শুধু চায়ের ক্ষেত্রেই নয়, এটি বেশির ভাগ প্রয়োজনীয় দ্রব্যের ক্ষেত্রেই প্রযোজ্য। ২০০০ সালে এক মণ ধানের দাম ছিল ২০০ টাকার মতো। বর্তমানে এক মণ ধানের দাম ৬৫০-৭০০ টাকা। হিসাবমতে, ধানের দাম বেড়েছে তিন থেকে সাড়ে তিন গুণ। কৃষকেরা ধান উৎপাদন করে অন্যান্য প্রয়োজনীয় দ্রব্য ক্রয় করে। কিন্তু সব পণ্যের দাম ধানের দামের চেয়ে কয়েক গুণ বেশি। ধান উৎপাদন করতে সার ও কীটনাশকের দামও বেশি। শুধু কৃষকের উৎপাদিত পণ্যের দামই কম। এ বছর আমন মৌসুমের শুরুতেই ধানের দাম কম। পত্রপত্রিকায় দেখা যায়, ধানের দাম কম হওয়ায় কৃষক দিশেহারা। পথে বসতে হচ্ছে কৃষকদের। এই চিরাচরিত নিয়তির খেলা কি বদলাবে না? না কি কৃষকেরা খেলার পাত্র হয়েই থাকবে? খাদ্য মন্ত্রণালয় গত বছর ধান ক্রয় করলেও এবার ক্রয়ের সিদ্ধান্ত নেয়নি। গত বছরের তুলনায় এবার ধানের দাম মণে ২০০ টাকা কম। কিন্তু গত বছরের তুলনায় কি কোনো জিনিসের দাম কমেছে? এভাবে চলতে থাকলে তো কৃষকেরা ধান চাষের আগ্রহই হারিয়ে ফেলবে। পত্রিকায় দেখলাম, খাদ্যমন্ত্রী ধান কেনার ব্যাপারে শিগগিরই উদ্যোগ নেবেন। এটি যেন কালবিলম্বে না পড়ে সেদিকে তীক্ষ দৃষ্টি রাখতে হবে। কৃষিপ্রধান দেশে কৃষককেই সর্বাগ্রে মূল্য দিতে হবে। কথাটি শুধু মুখে বলে বা লিপিবদ্ধ না রেখে সরকারকে এটি বাস্তবায়নের চ্যালেঞ্জ হাতে নিতে হবে। ধানের দাম কমানোর ক্ষেত্রে ধান ব্যবসায়ীদের সিন্ডিকেট যেন সোচ্চার হতে না পারে সেদিকে প্রশাসনকে সতর্ক থাকতে হবে। কৃষিবান্ধব সরকার দাবি করলেই তা হয় না। কৃষকদের ফসলের ন্যায্য মূল্য দিতে হবে। নয়তো সরকারের বিরুদ্ধে প্রশ্ন তুলবে জনগণ। কৃষি বিভাগের তথ্যমতে, এ বছর চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে এক কোটি ৩৩ লাখ টন। ধান আবাদ হয়েছে প্রায় ১০ লাখ ৮৪ হাজার ১৬২ হেক্টর জমিতে। ভবিষ্যতে ধান চাষ যেন কমে না যায় তার গ্যারান্টি দিতে হবে ধানের ন্যায্য মূল্যের মধ্য দিয়েই। কৃষি ও খাদ্য মন্ত্রণালয়ের অদূরদর্শিতাই দেশকে খাদ্যঝুঁকির মধ্যে ফেলতে পারে। তাই সংশ্লিষ্ট সবাইকে অকুণ্ঠ আহ্বান জানাই, আমনের দাম বাড়ান, কৃষককে বাঁচান। মো. শাহীন আলমবাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ।