চি ঠি প ত্র
নির্বাচনের অযোগ্যপ্রথম আলোর কুমিল্লার প্রতিনিধি গাজীউল হকের সাম্প্রতিক প্রতিবেদন (৪ নভেম্বর ২০১১) থেকে জানা যায়, কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতাকারী ১০ জন প্রার্থীর পাঁচজনেরই পেশা ঠিকাদারি। এসব প্রার্থীর অনেকেই সরকারের সঙ্গে ব্যবসায়িক সম্পর্কে লিপ্ত। আবার কেউ কেউ অধুনালুপ্ত কুমিল্লা পৌরসভার সঙ্গেও ব্যবসায়িক কর্মকাণ্ডে জড়িত। এই প্রতিবেদনের ভিত্তিতে মনে হয়, প্রার্থীদের অনেকেই আসন্ন নির্বাচনে অংশগ্রহণে অযোগ্য।স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯ অনুযায়ী, কোনো ব্যক্তি সরকার বা সিটি করপোরেশনের সঙ্গে ব্যবসায়িক সম্পর্কে লিপ্ত হলে, তিনি সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থী হওয়ার অযোগ্য। আইনের ৯(২) ধারা অনুযায়ী: ‘কোন ব্যক্তি মেয়র বা কাউন্সিলর পদে নির্বাচিত হইবার জন্য এবং উক্ত রূপ মেয়র বা কাউন্সিলর পদে থাকিবার যোগ্য হইবেন না, যদি তিনি—(ছ) কোন সমবায় সমিতি এবং সরকারের মধ্যে সম্পাদিত চুক্তি ব্যতীত, সরকারকে পণ্য সরবরাহ করিবার জন্য বা সরকার কর্তৃক গৃহীত কোন চুক্তির বাস্তবায়ন বা সেবা কার্যক্রম সম্পাদনের জন্য, তিনি তাহার নিজ নামে বা তাহার ট্রাস্টি হিসাবে কোন ব্যক্তি বা ব্যক্তিবর্গের নামে বা তাহার সুবিধার্থে বা তাহার উপলক্ষ্যে বা কোন হিন্দু যৌথ পরিবারের সদস্য হিসাবে তাহার কোন অংশ বা স্বার্থ আছে এইরূপ চুক্তিতে আবদ্ধ হইয়া থাকেন;(জ) বা তাহার পরিবারের কোন সদস্য সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনের কার্য সম্পাদনের বা মালামাল সরবরাহের জন্য ঠিকাদার হন বা ইহার জন্য নিযুক্ত ঠিকাদারী প্রতিষ্ঠানের অংশীদার হন বা সিটি কর্পোরেশনের কোন বিষয়ে তাহার কোন প্রকার আর্থিক স্বার্থ থাকে বা তিনি সরকার কর্তৃক নিযুক্ত অত্যাবশ্যক কোন দ্রব্যের ডিলার হন।’সংশ্লিষ্ট প্রার্থীদের ঠিকাদারি ব্যবসা-সম্পর্কিত বিস্তারিত তথ্যের ভিত্তিতে তাঁদের প্রার্থিতার বৈধতা নিরূপণ করা বাঞ্ছনীয়। আশা করি, কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের দায়িত্বে নিয়োজিত রিটার্নিং কর্মকর্তা মনোনয়নপত্র বাছাইয়ের ক্ষেত্রে বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখবেন। আমরা আরও আশা করি, আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে অযোগ্য প্রার্থীদের নির্বাচন থেকে বিরত রাখা হবে। ড. বদিউল আলম মজুমদারসম্পাদক, সুজন—সুশাসনের জন্য নাগরিক।