চি ঠি প ত্র
কেন এই ভর্তিযুদ্ধ?এ বছর অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের পর শিক্ষামন্ত্রী আমাদের আশ্বাস দিয়েছিলেন, উচ্চশিক্ষার জন্য বিভিন্ন প্রতিষ্ঠানে আসনসংখ্যার কোনো সমস্যা হবে না। প্রত্যেকেই উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ পাবে। এমনকি ভর্তি-প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পরও বিভিন্ন প্রতিষ্ঠানে শূন্য আসন থেকে যাবে। যদি আসনসংকট না থাকে, তাহলে প্রতিবছরের মতো এ বছরও বিভিন্ন প্রতিষ্ঠানে কেন ভর্তিযুদ্ধ চলছে? আসনসংকটের বহুমুখী কারণের মধ্যে একটি উল্লেখযোগ্য কারণ হলো বিভিন্ন কোটাব্যবস্থা। মুক্তিযোদ্ধা সন্তান, যুদ্ধে আহত, উপজাতি, ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী, বিশ্ববিদ্যালয়গুলোয় কর্মরত শিক্ষক-কর্মচারীদের সন্তান ইত্যাদি কোটা থাকার কারণে সাধারণ মেধাবী ছাত্রছাত্রীদের চরম আসনসংকটের মধ্যে পড়তে হয়। ভর্তি পরীক্ষায় দেখা যায়, একজন মেধাবী শিক্ষার্থী অনেক বেশি নম্বর পেয়েও ভর্তি হতে পারে না। অথচ একজন দুর্বল শিক্ষার্থী বিভিন্ন কোটাব্যবস্থার কারণে সহজেই ভর্তি হতে পারে। একটি দেশের সার্বিক উন্নয়ন ও ভবিষ্যৎ নির্ভর করে মেধাবী শিক্ষার্থীদের ওপর। শিক্ষামন্ত্রী কি আমাদের জন্য কিছু করবেন?পারমিতা সরকার, রংপুর।ঢাকা ভাগের ফল কী হবেপ্রধানমন্ত্রী জাতীয় সংসদে বলেছেন, এতে করে ঢাকার নাগরিক সেবার মান বৃদ্ধি পাবে। এ নগরের এক কোটির বেশি মানুষের জন্য যানজট ও গণপরিবহন-ব্যবস্থার অপ্রতুলতা এক নম্বর সমস্যা। অবশ্য শুধু ঢাকা মহানগর নয়, সারা দেশের যোগাযোগব্যবস্থার ক্ষেত্রে এটি সমভাবে প্রযোজ্য। বর্তমান সরকারের শুরুর দিকে ঢাকায় চক্রাকার নৌপথ গড়ে তোলার কিছু কথাবার্তা শোনা গিয়েছিল। কিন্তু এখন আর তেমন কথা উচ্চারিত হচ্ছে না। ঘটা করে অপরিকল্পিতভাবে আমিনবাজার-সদরঘাট ওয়াটার বাস সার্ভিস চালু করা হলেও তা দ্রুত মুখথুবড়ে পড়েছে। মেট্রোরেলের রুট চূড়ান্ত করা নিয়ে সৃষ্টি জটিলতার কারণে সেটিও অনিশ্চয়তার মুখে পড়েছে। যাত্রীদের জন্য ব্যয়সাশ্রয়ী ও আরামদায়ক নৌপথ এবং রেলব্যবস্থার পরিবর্তে শুধু সড়কনির্ভর ফ্লাইওভার নির্মাণে যাতায়াত ব্যয় বৃদ্ধি পাবে, নগরজীবনে কিছু নতুন সমস্যা ও ঝুঁকি সৃষ্টি হবে। সড়ক পরিবহন মালিক-শ্রমিকদের একচেটিয়া আধিপত্য ও দৌরাত্ম্যের হাত থেকে নগরবাসীর মুক্তি মিলবে না। অথচ নগরবাসীর প্রধান সমস্যাটির প্রতি সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার পরিবর্তে সরকার শুধু রাজনৈতিক বিবেচনায় ঢাকা সিটি করপোরেশনকে দুই ভাগ করেছে। এখন ঢাকার নাগরিক জীবনের সমস্যা কমবে না আরও বাড়বে, সেটিই এখন দেখার বিষয়।শহীদুল আলম, মিরপুর, ঢাকা।