চি ঠি প ত্র
ফুটপাতে মোটরসাইকেলঢাকা শহরে চলাচলের সমস্যা দিন দিন প্রকট থেকে প্রকটতর হচ্ছে। ভিড়ের কারণে বাসে উঠতে পারি না, সিএনজি-ট্যাক্সি প্রয়োজনমতো ও ন্যায্য ভাড়ায় পাওয়া যায় না। রিকশাভাড়া বেড়ে হয়েছে সিএনজিচালিত অটোরিকশাভাড়ার কাছাকাছি। তাই স্বল্প দূরত্বে এখন হেঁটেই চলাচল করার চেষ্টা করি।কিন্তু আমাদের এই প্রিয় নগরে হাঁটার উপযোগী ফুটপাতের বড়ই অভাব। ভাসমান দোকানপাটে দখল হয়ে আছে অধিকাংশ ফুটপাত। যেটুকু ফাঁকা পাওয়া যায়, হাঁটতে গেলে গায়ে গায়ে ধাক্কা লাগে। এসবের সঙ্গে যোগ হয়েছে আরেক বিপজ্জনক ব্যাপার। ফুটপাতের ওপর দিকে এখন মোটরসাইকেল চলে সারি ধরে। কখনো কখনো গায়ের ওপর মোটরসাইকেল উঠে যায়।আশ্চর্যের বিষয় হলো ফুটপাত দিয়ে যারা হেঁটে যায়, তারা কেউ প্রতিবাদ করে না। মোটরসাইকেলের চালকেরা বিকট শব্দে হর্ন বাজিয়ে ফুটপাতের ওপর দিয়ে মোটরসাইকেল চালিয়ে যান এমনভাবে, যেন ফুটপাত পায়ে হাঁটার জন্য নয়, মোটরসাইকেল চালানোর জন্যই। পথচারীদের জন্য এটা বিপজ্জনক, অনেকেই ফুটপাতে মোটরসাইকেলের ধাক্কায় আহতও হয়।রাজধানী ঢাকার ফুটপাতগুলো মোটরসাইকেলের চালকদের হাত থেকে উদ্ধার করার কোনো উদ্যোগ নেওয়ার কেউ কি নেই?আনোয়ার হোসেনকল্যাণপুর, ঢাকা।রেলের উন্নয়ন চাইরেল বিভাগ নামে একটি পৃথক মন্ত্রণালয় হয়েছে। এটি একটি বড় সুসংবাদ। বর্ষীয়ান পার্লামেন্টারিয়ান সুরঞ্জিত সেনগুপ্তকে রেলমন্ত্রী নিয়োগ করা হয়েছে, এটাকেও একটা সুসংবাদ হিসেবে ভাবতে ইচ্ছে করে। মন্ত্রিত্বের অভিজ্ঞতা তাঁর নেই বটে, কিন্তু তিনি যে রেলের উন্নতি করতে কিছু ভূমিকা রাখতে পারবেন, এমন আশা করতে চাই। যেকোনো দেশের জন্য রেল যোগাযোগ খুবই গুরুত্বপূর্ণ। এত জনবহুল একটি দেশে এত দিন রেলব্যবস্থার যথেষ্ট উন্নয়নের কথা কেন যে ভাবা হয়নি, তা দেখে বিস্মিত হতে হয়। রেলপথের সুবিধার কথা সবাই জানে। এ ছাড়া বিশ্বের সব দেশেই সবচেয়ে কার্যকর গণপরিবহন হিসেবে রেল স্বীকৃত। পাশের দেশ ভারতের দিকে তাকালেও আমরা সেই দৃষ্টান্ত দেখি।আমাদের দেশে সড়ক পরিবহন খাতের সঙ্গে যাঁদের স্বার্থ জড়িত, তাঁরা রেলব্যবস্থার উন্নয়ন চান না, এমন একটি কথা প্রায়ই শোনা যায়। এটা সত্য হতেও পারে। কিন্তু কিছু মানুষের স্বার্থের কাছে গোটা জাতির স্বার্থ তো জিম্মি করে রাখা যায় না। সরকার যখন রেলকে একটা পৃথক মন্ত্রণালয়ের মর্যাদা দিয়েছে, তখন রেল যোগাযোগের উন্নয়নের জন্য এখন যা-কিছু করা প্রয়োজন, তার সবই করতে হবে। রেলের উন্নতি হলে সারা দেশের গণপরিবহন-ব্যবস্থার চেহারাই বদলে যাবে।আবদুল মালেকপূর্ব রাজাবাজার, ঢাকা।