চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিমানবন্দরে পৌরুষচর্চা!আমি একজন চিকিৎসক ও উন্নয়নকর্মী। পেশাগত কাজে বিভিন্ন দেশে যেতে হয়। একটি আন্তর্জাতিক কর্মশালা শেষে গত ১৯ নভেম্বর বেলা সাড়ে তিনটায় আমি দিল্লি থেকে ঢাকা শাহজালাল বিমানবন্দরে এসে নেমেছি। লাগেজ নিয়ে বেরোনোর সময় শুল্ক বিভাগের একজন কর্মচারী আমার স্যুটকেসে চকের দাগ দিয়ে কাউন্টারে যেতে বললেন। কাউন্টারের কর্মীরা বললেন, তাঁরা আমার স্যুটকেস খুলে দেখতে চান। কারণ, তাঁরা স্ক্যানারে দেখতে পেয়েছেন, স্যুটকেসে কাপড়চোপড় আছে। তাঁরা নিঃসন্দেহ হতে পারছেন না সেগুলো নতুন না পুরোনো। তাঁদের জানালাম, নতুন-পুরোনো দুরকমই আছে। নিজের এবং আত্মীয়-বন্ধুদের জন্য দিল্লি থেকে আট-দশটি কাপড় কিনেছি। কিন্তু না, তাঁরা স্যুটকেস খুলে দেখবেনই। আমার স্যুটকেসে মেয়েদের ব্যবহার্য বেশ কিছু সামগ্রী ছিল। কিন্তু শুল্ক বিভাগের কর্মচারীদের মধ্যে কোনো মেয়ে নেই। আমি বললাম, আমি চাইছি না যে শুল্ক বিভাগের পুরুষ কর্মীরা আমার ব্যক্তিগত জিনিসপত্র ঘাঁটাঘাঁটি করুক।আমাকে ঘিরে তখন শুরু হলো তাঁদের তির্যক কথাবার্তা। আপত্তিকর ও অশালীন প্রশ্নে আমাকে তাঁরা জর্জরিত করে তুলতে লাগলেন। শেষমেশ আমাকে ডেপুটি কালেক্টর সাহেবের কাছে যেতে বলা হলো। ভদ্রলোক তাঁর কক্ষের বিশাল স্ক্রিনে বাংলা সিনেমা দেখছিলেন। কম্পিউটারেও ফেসবুকটি দিব্যি খুলে রাখা। তিনি নতুন উদ্যমে আমাকে প্রশ্নবাণে ঘায়েল করতে শুরু করলেন। অবশেষে একপর্যায়ে তাঁর কণ্ঠেও ক্লান্তি নামল। তিনি জানালেন, আমি জরিমানা দিলেই কেবল দয়াপরবশ হয়ে স্যুটকেস না খুলে তিনি আমাকে যেতে দিতে পারেন।এরপর লোকজন এলেন। শুরু হলো আমার জরিমানার হিসাব-নিকাশ। আরও নানা কর্মকর্তা এলেন-গেলেন। একলা একটি মেয়েকে ঘিরে যে তামাশা জমেছে, সকল পদের কর্তারা তা দেখলেন। আমার দিকে এমনভাবে তাকালেন, যেন আমি একজন দাগি আসামি। লজ্জা ও অপমানে আমি তখন মাটিতে মিশে যাচ্ছি। যা হোক, তাঁরা গড়ে প্রতিটি কাপড়ের একটি দাম ধরলেন। সেলাইয়ের হিসাবও ধরা হলো। জটিল হিসাবের শেষে তাঁরা বললেন, আমাকে সাড়ে ১১ হাজার টাকা দিতে হবে। আমাকে জানানো হলো, আমি যা খরচ করেছি, নিয়ম হচ্ছে তার দ্বিগুণ হিসেবে জরিমানা দেওয়া। কিন্তু আমার অসহায়ত্ব দেখে অসীম করুণাবশত টাকার অঙ্ক কমিয়ে তাঁরা ৮ হাজার ২১৫ টাকা করে দিয়েছেন। টাকা জমা দিতে গেলে রসিদ কাটতে কাটতে ব্যাংকের কর্মকর্তা অবাক বিস্ময়ে আমার দিকে তাকিয়ে রইলেন। তিনি যা বললেন, তার সরল অর্থ, আমাকে মক্কেল বানানো হয়েছে।শুল্ক কর্মীদের আচরণে আমার মনে হয় তাঁরা বুঝতে পারছিলেন, আমি বাণিজ্যিক উদ্দেশ্যে কোনো মহার্ঘ্য বস্তু নিয়ে আসিনি। তাঁরা এটাও মনে করেননি যে আমার স্যুটকেসে সন্দেহজনক কিছু ছিল। তার পরও যে ঘটনাটা ঘটল, সেটা একটা একাকী অসহায় মেয়ের ওপর কয়েকজন পুরুষের ক্ষমতার প্রদর্শন ছাড়া আর কোনোভাবে ব্যাখ্যা করা যায়, আমার পক্ষে তা বলা সম্ভব নয়।ফারহানা আহমেদধানমন্ডি আ/এ ঢাকা।