চি ঠি প ত্র
অর্থমন্ত্রী সমীপেদেশের শিক্ষাপ্রতিষ্ঠানে (সরকারি/বেসরকারি) কর্মরত কর্মকর্তাদের করারোপযোগ্য আয় নির্ণয়ের ১৯৮৪ সালের আয়কর আইনের ২১ ধারায় ‘বেতন খাতে আয়’ নির্ণয় করা হয়। নিজ প্রতিষ্ঠানে পরীক্ষা কাজে অর্জিত আয়ও ২১ ধারায় এবং অন্য প্রতিষ্ঠান থেকে পরীক্ষা কাজে অর্জিত আয় ৩৩ ধারায় ‘অন্যান্য খাতে আয়’ হিসেবে আয়কর রিটার্নে দেখানোর বাধ্যবাধকতা থাকলেও পরীক্ষণ কাজে অর্জিত আয়ের যথাযথ প্রমাণপত্র না থাকায় কোনো কোনো করদাতা কর ফাঁকির উদ্দেশ্যে এ ধরনের প্রকৃত অর্জিত আয় রিটার্নে প্রদর্শন করেন না।আয়কর অধ্যাদেশের ৪৮ ধারায় আয়ের উৎসস্থলে আয়কর কর্তক বা আদায় করে তা আয়কর কর্তৃপক্ষকে পরিশোধের বিধান করা হয়েছে। নিয়মিত কর নির্ধারণের আগেই আয় বছরে ‘যখন আয় অর্জন, তখন কর প্রদান’ নীতিতে উৎসস্থলে কর কর্তন করা হয়। প্রত্যক্ষ কর আদায়ের ক্ষেত্রে ‘উৎসস্থলে কর কর্তন, পদ্ধতিটি অত্যন্ত সহজ ও স্বচ্ছ এবং শতভাগ আদায়ের নিশ্চয়তা থাকে। আবার করদাতার মধ্যেও তেমন অসন্তুষ্টি থাকে না।এ পরিপ্রেক্ষিতে বিভিন্ন পাবলিক পরীক্ষা নিয়োগ ও বাছাইসংক্রান্ত পরীক্ষা গ্রহণের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের (শিক্ষাবোর্ড, বিশ্ববিদ্যালয়, পিএসসি ও বিভিন্ন সংস্থা) ওপর পরীক্ষা কাজের সম্মানী/পারিতোষিক বিল প্রদানের সময় আয়কর আইনের ৪৮ ধারা অনুযায়ী উৎসস্থলে কর কর্তনের বিধান চালু করে সরকার কর খাতে বড় অংশের রাজস্ব আয় বাড়াতে পারে। উল্লেখ্য, শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্রে সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষা কাজের সম্মানী/পারিতোষিক বাবদ বণ্টনযোগ্য আয়ের শতকরা ১৫ ভাগ সরকারি কোষাগারে জমা দেওয়ার বিষয়টি বাধ্যতামূলক হলেও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রে তা প্রযোজ্য নয়। আবার ওই বণ্টিত অর্থ করদাতার করযোগ্য আয় নির্ণয়ে আয়কর আইনের ‘৩৩ ধারায়’ নাকি ‘৮২ সি ধারায় চূড়ান্ত করদায় পরিশোধ’ হিসেবে গণ্য হবে—এ সম্পর্কিত কোনো নির্দেশনা নেই।এ ব্যাপারে অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি।মো. আবু হোসেন সরকারঝাউতলা, কুমিল্লা।কপোতাক্ষ বাঁচাও বাংলাদেশের নদ-নদীগুলো খুব দ্রুত নাব্যতা হারাচ্ছে। একসময় যেসব নদ-নদী বেশ খরস্রোতা ছিল সেগুলোও এখন মরা নদীতে পরিণত হতে চলেছে। মহাকবি মাইকেল মধুসূদন দত্তের শৈশব স্মৃতিবিজড়িত কপোতাক্ষ নদ তার অন্যতম প্রমাণ। কপোতাক্ষ নদ এভাবে নাব্যতা হারানোর মূল কারণই হলো, পলি জমে ভরাট হয়ে যাওয়া। বর্ষা শুরু হলে কপোতাক্ষের বুক ভেসে প্লাবিত হয় শত শত গ্রামের হাজার হাজার একর জমির ফসল। কপোতাক্ষ নদের জলাবদ্ধতা ভেঙে দিয়ে যাচ্ছে মানুষের অর্থনৈতিক মেরুদণ্ডকে। পানি কমিটি দীর্ঘদিন ধরে কপোতাক্ষ নদ বাঁচিয়ে রাখা এবং নদ মোহনায় টিআরএম বা জোয়ার ধারা করার দাবি জানিয়ে আসছে। গত বছর কপোতাক্ষ নদের জলাবদ্ধতা দূরীকরণ প্রকল্প এর আওতায় খনন করে নদটি এখন খালের চেয়েও ছোট করে ফেলা হয়েছে। বর্তমানের বাস্তবতায় কপোতাক্ষ বাঁচাতে হলে, রাজনৈতিক নেতা ও অসাধু ঠিকাদারদের ঠেকাতে হবে। কপোতাক্ষ নদের খননকাজ সঠিকভাবে সম্পন্ন করতে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের দৃষ্টি আকর্ষণ করছি। মিল্টন দাশপাটকেলঘাটা, সাতক্ষীরা।গ্রাহক হয়রানি কথা নেই বার্তা নেই হঠাৎ ময়মনসিংহের বিদ্যুৎ বিলের মধ্যে সিল দিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হচ্ছে যে ‘আগামী ৩১/১/১২ তারিখের মধ্যে ময়মনসিংহের সকল গ্রাহককে তার পুরাতন মিটার বদলিয়ে নতুন ডিজিটাল মিটার লাগাইতে হইবে, অন্যথায় তাদের সংযোগ বিচ্ছিন্ন করা হইবে।’ আমাদের প্রশ্ন, এটা কি মগের মুল্লুক যে এককথায় হাজার হাজার গ্রাহকের মিটার বাতিল হয়ে যাবে! তাই হুট করে একটা আদেশ দিলাম, আর অমনি কার্যকর হয়ে গেল—এটা ছেলে খেলা নয়। এ ধরনের আদেশ দেওয়ার আগে এর ফলাফল কী হবে তা চিন্তা করার ব্যাপার আছে। আমাদের মনে হয় এই নির্দেশ কোনো বিদ্যুৎ সাশ্রয় বা চুরি বন্ধের জন্য নয়, বরং কোনো বিদ্যুৎ মিটার প্রস্তুতকারী কোম্পানির সঙ্গে হয়তো কোনো কর্মকর্তার সংশ্লিষ্টতা রয়েছে। মিটার বদলের নামে ওই মিটার কোম্পানিকে কোটি কোটি টাকা কামানোর সহজ ব্যবস্থা করে দিয়ে নিজেদেরও কিছু কমিশন আদায় করার সহজ ফন্দি! এটা অনেকবার প্রমাণ হয়েছে যে বিদ্যুৎ চুরির জন্য সাধারণ গ্রাহকেরা দোষী নয়, বরং বিদ্যুৎ বিভাগেরই একশ্রেণীর কর্মচারী দায়ী। অতএব, অযথা সাধারণ মানুষকে দিয়ে কোটি কোটি টাকা নষ্ট না করে আগে নিজের ঘর সামলানো দরকার। তবে প্রয়োজনে ভবিষ্যতে যারা নতুন বিদ্যুৎ সংযোগ নেবে বা যাদের মিটার নষ্ট হবে তারা যাতে ডিজিটাল মিটার নেয় সে ব্যাপারে বাধ্যবাধকতা করা যেতে পারে। এতে সাধারণ মানুষের মাথায় কোটি কোটি টাকার বোঝা চাপবে না। বিদ্যুৎ নিয়ে অনেক তুঘলকি কারবার হয়েছে। দয়া করে এবার বন্ধ করুন।আবদুল করিম, ময়মনসিংহ।