চি ঠি প ত্র
চবিতে নেই১৯৭৩ সালের বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ অনুযায়ী ছাত্র উপদেষ্টার পদ থাকলেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নেই কোনো ছাত্র উপদেষ্টা। প্রক্টর এই দায়িত্বে থাকলেও শিক্ষার্থীদের স্বার্থ সংরক্ষণের দায় এড়িয়ে কেবল প্রশাসনের স্বার্থ রক্ষায় সারাক্ষণ নিয়োজিত থাকেন। ‘পরিবেশ কমিটি’ নামে একটি পরিষদ থাকলেও শিক্ষার্থীদের স্বার্থ দেখা নয়, প্রশাসনের বিরুদ্ধে শিক্ষার্থীদের আন্দোলন নিয়ন্ত্রণ করতেই নিয়োজিত থাকেন কমিটির সদস্যরা। রাজনৈতিক ছাত্র সংগঠন ও বিপথগামীদের দ্বারা নির্যাতিত শিক্ষার্থীরা ছাত্র উপদেষ্টা না থাকায় বঞ্চিত হচ্ছে ন্যায়বিচার থেকে। নতুন শিক্ষার্থীরা কলেজপর্যায় থেকে বিশ্ববিদ্যালয়ের মতো বড় পরিসরে এসে বুঝতে পারে না অনেক কিছুই। এ ছাড়া নিয়মিত ছাত্রছাত্রীদের একাডেমিক সমস্যা, হলের সিট, বিভাগ পরিবর্তন, মানোন্নয়ন বা অন্য কোনো সমস্যায় শিক্ষার্থীরা কার কাছে যাবে এই নিয়েও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কোনো দিকনির্দেশনা নেই। শুধু সঠিক দিকনির্দেশনার অভাবে অনেক ছাত্রছাত্রীর শিক্ষাজীবনে ঘটছে অপূরণীয় ক্ষতি। প্রশাসনিক কর্মকর্তাদের বিমাতাসুলভ আচরণ বিষয়গুলোকে করে তোলে আরও প্রকট। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১৯৭৩ অ্যাক্ট অনুযায়ী শিক্ষার্থীদের স্বার্থ সংরক্ষণ, তাদের অধিকার আদায়ের ব্যাপারে তত্ত্বাবধায়ন করার জন্য একজন ছাত্র উপদেষ্টার পদ রয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পদের ধারাবাহিকতায় উপাচার্যের পর ষষ্ঠ পদটি হলো ছাত্র উপদেষ্টার। অথচ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেই দায়িত্ব দিয়ে রেখেছে পদের ধারাবাহিকতায় নবম অবস্থানে থাকা প্রক্টরের হাতে। অবস্থাদৃষ্টে একটি গ্রাম্য শ্লোক বলা যায়, এ যেন ‘শেয়ালের কাছে মুরগি পোষা’। গত বছর শিক্ষার্থীর বেতনভাতা বৃদ্ধির প্রতিবাদে আন্দোলনরত ছাত্রীদের ওপর পুলিশের বেধড়ক লাঠিচার্জ, একে একে বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র খুনসহ নানা সমস্যার কোনো সমাধানই প্রশাসন করেনি, উপরন্তু কোনো বেগতিক অবস্থার সৃষ্টি হলেই প্রক্টর পদত্যাগের নাটক মঞ্চায়িত হচ্ছে বারবার। উপরিউল্লিখিত সমস্যার বাস্তবতা বিবেচনা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যথাসম্ভব কম সময়ের মধ্যে একজন ছাত্র উপদেষ্টা নিয়োগ দেবে বলে আশা রাখছি। আবু আজাদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।