চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাকরির মেয়াদ ১৯ ডিসেম্বর মন্ত্রিসভার বৈঠকে সরকারি চাকরির বয়স দুই বছর বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশের মানুষের গড় আয়ু ৬৮ বছরে উন্নীত হয়েছে। অধিকাংশ মানুষ, বিশেষ করে চাকরিজীবীরা সুশৃঙ্খল জীবনযাপনে অভ্যস্ত হওয়ায় শারীরিক ও মানসিক দিক দিয়ে ৫৯ বছরের বেশি বয়স পর্যন্ত সুস্থ থাকেন এবং চাকরি করতে সক্ষম। এদিক থেকে সরকারের বর্তমান সিদ্ধান্ত সঠিক ও বাস্তবধর্মী। তবে ২০১১ সালে অনেক কর্মকর্তা-কর্মচারী প্রাক্-অবসর ছুটিতে (পিএলআর) গেছেন। তাঁদের মধ্যে হিসাব, প্রশাসন, ইঞ্জিনিয়ার, চিকিৎসকসহ বিভিন্ন পেশাজীবী রয়েছেন, যাঁরা নিজ নিজ পেশাগত ক্ষেত্রে অভিজ্ঞ ও বিশেষজ্ঞ। দীর্ঘদিন চাকরি করার কারণে তাঁদের পেশাগত দক্ষতা বিদ্যমান এবং তাঁরা ৫৯ বছর বয়স পর্যন্ত অনায়াসে চাকরি করতে সক্ষম।সরকারি চাকরিবিধি অনুযায়ী, ‘পিএলআর’ সময়টি পুরোপুরি চাকরিকালীন। এ সময় চাকরির সব সুযোগ-সুবিধা ভোগ করেন তাঁরা। সুতরাং, বয়সসীমা বাড়ানোর সিদ্ধান্ত তাঁদের ক্ষেত্রেও কার্যকর হওয়া উচিত। বর্তমান দুর্মূল্যের বাজারে দুটি বছর তাঁদের জন্য বিরাট একটা সাশ্রয় এনে দেবে। অনেকের সন্তান এখনো উপার্জনক্ষম হয়নি। দুটি বছর বেশি পেলে তাদেরও গতি হয়। বিজয়ের মাসে বিজয়ের শুভেচ্ছাস্বরূপ সরকারের এমন একটি যুগান্তকারী সিদ্ধান্ত থেকে এসব চাকরিজীবী বঞ্চিত হলে তা তাঁদের জন্য বিরাট একটা মনস্তাপের কারণ হয়ে থাকবে। প্রধানমন্ত্রীর কাছে আবেদন, সিদ্ধান্তটি কার্যকর করার সময় পিএলআর-ভোগীদেরও বিবেচনায় নেওয়া হোক।সফিউল হকসরকারি কর্মকর্তা (পিএলআর-ভোগরত), মালিবাগ, ঢাকা।[email protected]লক্ষ্মীপুরকে বাঁচান১৯৭০-৭১ সালে মেঘনার ভাঙন শুরুর পর থেকে একের পর এক এসব এলাকার বাড়িঘর, ফসলি জমি, গাছপালা, ব্রিজ, কালভার্ট, হাসপাতাল, ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র, স্কুল-কলেজ, মাদ্রাসা-মসজিদ, মন্দির, হাজার হাজার কোটি টাকার সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সহায়-সম্পত্তিসহ ১৫০ বর্গকিলোমিটার এলাকা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। নদীভাঙনে এ দুই উপজেলার ৩৮ কিলোমিটার দীর্ঘ বেড়িবাঁধের প্রায় পুরোটাই নদীগর্ভে তলিয়ে গেছে। দীর্ঘ তিন যুগের বেশি সময় ধরে মেঘনার এই ভয়াবহ ভাঙনে দুই উপজেলার লক্ষাধিক লোক হয়েছে বিপন্ন।গত দুই বছরে বর্ষায় নদীভাঙন এতটাই তীব্র ও চরম আকার ধারণ করেছে যে ৭৫ বর্গকিলোমিটার বিশাল এলাকা নদীগর্ভে তলিয়ে গেছে। এভাবে চলতে থাকলে আগামী দুই বছরের মধ্যে মেঘনার উত্তর সীমানা রামগতি ও কমলনগর অতিক্রম করে হয়তো লক্ষ্মীপুরে গিয়ে ঠেকবে। ভাঙনের এই ভয়াবহ পরিস্থিতিতে রামগতি উপজেলা কমপ্লেক্সসহ উপজেলার সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলো মেঘনার মাত্র ৪০০-৫০০ মিটারের মধ্যে চলে এসেছে। ইতিমধ্যে বাংলাদেশের অন্যতম বৃহৎ আশ্রয়ণ প্রকল্প চর গজারিয়ার অনেকাংশ নদীগর্ভে বিলীন হয়েছে। মেঘনার ভয়াবহ ভাঙন থেকে উপজেলাগুলোকে রক্ষার জন্য স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলো দীর্ঘদিন থেকে মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করে আসছে। কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। আমরা জানি, নদীভাঙন বাংলাদেশের একটি স্বাভাবিক সমস্যা। কিন্তু লক্ষ্মীপুরের সমস্যাটি ভয়াবহ ও ব্যতিক্রমধর্মী। অন্যান্য এলাকার ছোটখাটো নদীভাঙনের সঙ্গে এর তুলনা করলে চলবে না। অত্যন্ত দুঃখের বিষয়, পৃথিবীর বিভিন্ন উন্নত দেশ যেখানে নদী ও সমুদ্র শাসনের মাধ্যমে নদী ও সমুদ্র গর্ভ থেকে বিশাল এলাকা উদ্ধারের মাধ্যমে দেশগুলোর আয়তন বাড়াচ্ছে, সেখানে সঠিক পরিকল্পনা, কার্যকর ও যুগোপযোগী পদক্ষেপ এবং আধুনিক টেকসই বেড়িবাঁধের অভাবে বাংলাদেশের বিশাল এলাকা নদীগর্ভে তলিয়ে যাচ্ছে—লক্ষ্মীপুর যার জ্বলন্ত উদাহরণ।লক্ষ্মীপুর পানি উন্নয়ন বোর্ড রামগতি ও কমলনগর উপজেলার মেঘনা নদীতীরবর্তী ভাঙনকবলিত অঞ্চলে ৩৮ কিলোমিটার দীর্ঘ বেড়িবাঁধ নির্মাণের জন্য প্রায় ৬০০ কোটি টাকা ব্যয়সাপেক্ষ একটি প্রকল্প প্রস্তাব পানিসম্পদ মন্ত্রণালয়ে পাঠিয়েছে, যা এখনো অনুমোদিত হয়নি। প্রকল্পটি অনুমোদন সময়সাপেক্ষ বিধায় অস্থায়ীভাবে জংলা বাঁধ নির্মাণের মাধ্যমে নদীভাঙন ঠেকানোর জন্য ৫০ কোটি টাকার থোক বরাদ্দ দেওয়া অতীব জরুরি। অতএব, লক্ষ্মীপুর জেলা তথা বাংলাদেশকে রক্ষার জন্য এ খাতে জরুরি ভিত্তিতে ৫০ কোটি টাকার থোক বরাদ্দ দেওয়া এবং লক্ষ্মীপুর পানি উন্নয়ন বোর্ড প্রণীত ৬০০ কোটি টাকার প্রকল্পটি অনুমোদন ও বাস্তবায়নের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, পানিসম্পদমন্ত্রী, পরিকল্পনামন্ত্রী এবং প্রধানমন্ত্রীর সদয় দৃষ্টি আকর্ষণ করছি।ফয়সল হাসানরামগতি ডাইভারশন রোডলক্ষ্মীপুর।[email protected]