চি ঠি প ত্র
চাকরির মেয়াদ বৃদ্ধি১৯ ডিসেম্বর মন্ত্রিসভার বৈঠকে সরকারি চাকরির মেয়াদ দুই বছর বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু ২০১০ সালে প্রায় দেড় বছর আগে এমনই একটি বৈঠকের সিদ্ধান্তে প্রধানমন্ত্রী বলেছিলেন, চাকরির মেয়াদ এক বছর করে বাড়ানো হবে। তখন এ সিদ্ধান্ত বাস্তবায়িত হলে এখন যাঁরা পিআরএলে রয়েছেন তাঁরা এ সুবিধা (দুই বছর বৃদ্ধি) পেতেন। বৈঠকে দুই বছর বাড়ানোর প্রস্তাবের পরিপ্রেক্ষিতেই প্রধানমন্ত্রী তখন এ কথা বলেছিলেন। ১৯ ডিসেম্বরের (২০১১) সিদ্ধান্তে যুক্তি হিসেবে বলা হয়, অভিজ্ঞরা তাঁদের অভিজ্ঞতা দিয়ে দেশের সেবা করতে পারবেন। যাঁরা এক-দুই-তিন বছর আগে অবসর নিয়েছেন তাঁরা তো আরও বেশি অভিজ্ঞ, তাঁদের অভিজ্ঞতা কাজে লাগানোর বিষয়ে সরকারের সিদ্ধান্ত কী? কারণ, তত্ত্বাবধায়ক সরকারের সময় থেকেই বিষয়টি ফাইলবন্দী হয়ে ছিল। বিলম্বিত সিদ্ধান্তই হাজার হাজার কর্মচারীর ভোগান্তির কারণ। অন্তত যাঁরা পিআরএলে রয়েছেন (গত প্রায় এক বছর ধরে) তাঁদের ক্ষেত্রেও সরকার যদি বিষয়টি বিবেচনা করতে পারে (যাদের ইতিমধ্যে) বয়স প্রায় ৫৮ হয়ে গেছে অর্থাৎ আর এক বছর (৫৯ পর্যন্ত) সরকারি চাকরি করতে পারবেন, যদি পিআরএলে (পোস্ট রিটায়ারমেন্ট লিভ) রয়েছেন এমন কর্মচারীদের এ আদেশের আওতাভুক্ত করা হয়, তাহলে সরকারি কর্মকাণ্ডে যেমন অভিজ্ঞ লোকের সংখ্যা বাড়বে, তেমনি প্রধানমন্ত্রীর আগের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়িত হবে এবং হতাশাগ্রস্ত পিআরএল ভোগরত কর্মচারীরাও অধিকতর উৎসাহ নিয়ে দেশের স্বার্থে কাজ করতে আগ্রহী হবেন, পরিবার-পরিজন নিয়ে অন্তত একটি বছর ভালোভাবে কাটাবেন।সরকারের বিলম্বিত সিদ্ধান্তের কারণে ক্ষতিগ্রস্ত পিআরএলে রয়েছেন এমন কর্মচারীদের আরও এক বছর (পিআরএল—এক বছর ও বাড়তি এক বছর) চাকরির সুযোগ প্রদান নীতিগতভাবে সঠিক হবে।মোশাররফ কামালউত্তর যাত্রাবাড়ী, ঢাকা।যুদ্ধাপরাধীর বিচারস্বাধীনতার ৪০ বছর পেরিয়ে গেলেও আমরা মানবতাবিরোধী যুদ্ধাপরাধীদের বিচার করতে পারিনি। তাদেরকে বিচারের সম্মুখীন করতে পারিনি। এটা জাতির জন্য ব্যর্থতা হলেও আশার কথা হলো, বর্তমান সরকার এ ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছে। ইতিমধ্যে কাজ অনেক এগিয়ে গেছে। গত বুধবার শীর্ষ যুদ্ধাপরাধী হিসেবে বিবেচিত গোলাম আযমকেও আটক করা হয়েছে। কথা হচ্ছে, কেবল সব যুদ্ধাপরাধীকে বিচারের আওতায় আনা হলেই দেশ কলঙ্কমুক্ত হবে। একজন যুদ্ধাপরাধীও যেন বিচারের বাইরে না থাকে, তা নিশ্চিত করার চেষ্টা করে যেতে হবে। শীর্ষ যুদ্ধাপরাধীদের হুকুমে যারা নানা অন্যায়-অপকর্ম করেছে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে।সাইফুল ইসলাম ঘাটাইল, টাঙ্গাইল।চাকরি আমি বিএসসি (সম্মান) এমএসসি পাস করা একজন বেকার যুবক। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পাস করে এমনিতেই জীবন থেকে তিনটি বছর হারিয়ে ফেলেছি। সব মিলিয়ে এমএসসি শেষ করে সরকারি চাকরির বয়স টেনেটুনে দুই বছর আছে। সরকারি নিয়োগে যত পরীক্ষা দিই, কোনো পরীক্ষার ফল আজ পর্যন্ত সঠিকভাবে পাইনি। পরীক্ষা দিই অথচ কখন ফল প্রকাশ হয়, কখন নিয়োগ হয়—কিছুই জানতে পারি না। কখনো যদি নিয়োগ পরীক্ষার ফল জানা যেত, তবে নিজেকে যাচাই করার একটা মাধ্যম পেতাম। নিজেকে আরও কতটুকু তৈরি করতে হবে, সে ব্যাপারে সচেতন হতে পারতাম। কিন্তু হায়! এটা কেমন বিধান আমার এই দেশে! এদিকে সরকারি চাকরির মেয়াদ আরও দুই বছর বাড়ল। অন্যদিকে, বেকারের সংখ্যাও বাড়ছে। সরকার চাকরি পাওয়ার বয়স যদি আরও দুই বছর বৃদ্ধি করত, তবে জনকল্যাণকর কাজ হতো। আমার মতো এমন লাখ লাখ বেকারের কথা শোনার মতো কেউ কি আছে এ দেশে?রাজীব হাসানকুমিল্লা ভিক্টোরিয়া কলেজ, কুমিল্লা।