চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলোকে ধন্যবাদবিজয়ের ৪০ বছর পূর্তি উপলক্ষে প্রথম আলো ধারাবাহিকভাবে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সম্মুখ রণাঙ্গনে বীরত্বপূর্ণ অবদানের কথা সংক্ষিপ্ত আকারে তুলে ধরছে। এ কাজটি করে প্রথম আলো জাতীয় দায়িত্ব পালন করছে বলেই আমার দৃঢ়বিশ্বাস। প্রথম আলো এ কাজটি না করলে এই বীরদের বীরত্বগাথা অন্ধকারেই থেকে যেত। আশা করি, প্রথম আলো পরবর্তী প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধে রাষ্ট্রীয় খেতাবপ্রাপ্ত ৬৭৬ জন বীরের বীরত্বগাথা একটি বই আকারে প্রকাশ করবে। দীর্ঘ ৪০ বছর ধরে আমাদের বড় বড় রাজনৈতিক দলের জাতীয় নেতা-নেত্রী এবং বুদ্ধিজীবীরা মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস প্রণয়নের জন্য অনেক উপদেশ ও নির্দেশ দিয়েছেন। আসলে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস প্রণীত হোক—এটা তাঁরা হয়তো কেউই চান না। আমাদের মুক্তিযোদ্ধাদের শতকরা ৯০ জনই ছিল সাধারণ কৃষক, শ্রমিক ও দিনমজুর। এঁদের মধ্যে শতকরা ৮০ জনই ছিল নিরক্ষর বা স্বল্পশিক্ষিত। প্রাইমারি স্কুলের গণ্ডি পার হয়নি এমনতর মুক্তিযোদ্ধার সংখ্যাই ছিল শতকরা ৭০ জন। নিজ নিজ অভিজ্ঞতার আলোকে মুক্তিযুদ্ধের ইতিহাস লেখা এবং তা প্রকাশ করার মেধা ও আর্থিক সামর্থ্য এঁদের কারোরই নেই। আর তাই মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস অলিখিত থেকে যাচ্ছে। শিক্ষিত মুক্তিযোদ্ধাদের মধ্যে হাতেগোনা যে কয়জন মুক্তিযুদ্ধের ইতিহাস লিখেছেন, তাতে গ্রামেগঞ্জে অবহেলিতভাবে পড়ে থাকা অগণিত মুক্তিযোদ্ধার অবদানের কথা ফুটে ওঠেনি। এঁরা শুধু নিজস্ব কৃতিত্বের কথাই বর্ণনা করেছেন। এ পর্যন্ত মুক্তিযুদ্ধের ওপর যতগুলো বই প্রকাশিত হয়েছে, তাতে মুক্তিযুদ্ধের আংশিক সত্য প্রকাশিত হয়েছে। এটা আমাদের জাতির জন্য এক চরম দুর্ভাগ্যের বিষয়। আমাদের মহান মুক্তিযুদ্ধটি ছিল একটি সত্যিকারের জনযুদ্ধ। সকল স্তর ও পেশার মানুষের স্বতঃস্ফূর্ত প্রত্যক্ষ ও পরোক্ষ অংশগ্রহণের ফলেই মাত্র নয় মাসের স্বশস্ত্র যুদ্ধের মাধ্যমে আমরা অতি উচ্চমানের সামরিক প্রশিক্ষণপ্রাপ্ত এক লাখ পাকিস্তানি সেনা এবং তাদের এ দেশীয় দুই লাখ সহযোগী সদস্যকে পরাজিত করে স্বাধীনতা ছিনিয়ে আনতে সক্ষম হয়েছিলাম। আমাদের জনসংখ্যার শতকরা ৯৫ জনই এই জনযুদ্ধে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অংশগ্রহণ করেছিলেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমাদের জনগণের এই অবদানের কথা ইতিহাসের পাতায় স্থান পাচ্ছে না। প্রথম আলোয় ৬৭৬ জন রাষ্ট্রীয় খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধার বীরত্বগাথা প্রকাশ করার মাধ্যমে মুক্তিযুদ্ধের এক অজানা ইতিহাসের দ্বার উন্মোচন হচ্ছে। এ জন্য সম্মুখ রণাঙ্গনের একজন মুক্তিযোদ্ধা হিসেবে কৃতজ্ঞতা জানাচ্ছি। লে. কর্নেল (অব.) এস আই এম নূরুন্নবী খানবীর বিক্রম, শেওড়াপাড়া, ঢাকা।