চি ঠি প ত্র
সেমিস্টার পদ্ধতিবিশ্বের সঙ্গে তাল মেলাতে ও বাজার অর্থনীতির চাহিদা পূরণ করতে ২০০৬-০৭ সেশন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) সেমিস্টার পদ্ধতি চালু হয়। একই সঙ্গে অন্তর্ভুক্ত হয়েছে অসংখ্য নতুন কোর্স। কিন্তু নতুন এই কোর্সগুলো চাকরির বাজারে চাহিদা কতটা মেটাতে পারছে, তা নিয়ে প্রশ্ন রয়েই যায়। বর্তমানে বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির সুযোগ রয়েছে সবচেয়ে বেশি। বেসরকারি প্রতিষ্ঠানের কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা মনে করেন, বেসরকারি চাকরিতে সফলতা পেতে হলে প্রাথমিকভাবে চারটি বিষয়ে দক্ষতা থাকা আবশ্যিক। যেমন: উপস্থাপন ক্ষমতা, বাণিজ্য অনুষদের বিষয়গুলোতে প্রাথমিক ধারণা, কম্পিউটার ও ইংরেজিতে দক্ষতা। তাঁরা বলেন, চাকরিতে নিয়োগের ক্ষেত্রে তাঁরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরই অগ্রাধিকার দিতে চান। কিন্তু অনেক ক্ষেত্রেই তা সম্ভব হয় না ঢাবির ছাত্রছাত্রীদের দুর্বল উপস্থাপন ক্ষমতার কারণে। আইবিএ ছাড়া ঢাবির বেশির ভাগ ছাত্রছাত্রীরই ইংরেজি বলা এবং লেখার ব্যাপারে ব্যাপক সমস্যা রয়েছে এবং জানা বিষয়গুলোও তাঁরা ঠিকমতো উপস্থাপন করতে পারেন না।ঢাবির কয়েকজন শিক্ষক এ সমস্যার কারণ হিসেবে মনে করেন, সেমিস্টার পদ্ধতিতে আগের থেকে অনেক সময় নিয়ে কোর্স শেষ করা এবং বিপুলসংখ্যক ছাত্রছাত্রীর উপস্থিতি; যার ফলে তাঁদের দিয়ে প্রেজেন্টেশন করানো সম্ভব হয় না। যা তাঁদের উপস্থাপন ক্ষমতা বাড়াতে পারত। তার ওপর ক্লাস নেওয়ার সময় মাল্টিমিডিয়া বেশির ভাগ সময়ই পাওয়া যায় না।নতুন সিলেবাসগুলো থেকে দেখা যায়, সামাজিক বিজ্ঞান অনুষদে লোকপ্রশাসন ও অর্থনীতি বিভাগে বাণিজ্য অনুষদের যথাক্রমে ১১টি (২৯ শতাংশ) বিষয়, নয়টি (১৫ শতাংশ) বিষয় অন্তর্ভুক্ত আছে এবং সমাজবিজ্ঞান বিভাগে বাণিজ্য অনুষদের কোনো কোর্স নেই। এই তিনটি বিভাগের মধ্যে একমাত্র লোকপ্রশাসন বিভাগেই সেমিস্টার পদ্ধতিতে উল্লেখযোগ্য অনেক কোর্স বাণিজ্য অনুষদ থেকে অন্তর্ভুক্ত করা হয়েছে। উল্লিখিত তিনটি বিভাগেই বাধ্যতামূলক কম্পিউটার শিক্ষার কোর্স রয়েছে। যদিও লোকপ্রশাসন বিভাগের স্নাতকোত্তর পর্যায়ের অনেক ছাত্রছাত্রী মনে করেন, এই কোর্স কম্পিউটারে তাঁদের দক্ষতা অর্জনে তেমন কোনো ভূমিকা রাখতে পারেনি।ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেমিস্টার পদ্ধতি চালু হলেও ইংরেজি এখনো বাধ্যতামূলক নয়, যেহেতু গ্রাম থেকে প্রচুর ছাত্রছাত্রী প্রতিবছর ঢাবিতে ভর্তি হন এবং তাঁদের জন্য হঠাৎ সম্পূর্ণ ইংরেজি মাধ্যমে মানিয়ে নেওয়া কঠিন হতে পারে।এমন অবস্থায় নিয়োগকর্তারা যেসব দক্ষতা চাইছেন এবং ঢাবিতে যেসব বিষয় পড়ানো হচ্ছে, তাতে একটা ব্যবধান রয়ে যাচ্ছে। কারণ অনুসন্ধান করতে গেলে লোকপ্রশাসন বিভাগের একজন অধ্যাপক বলেন, ‘সিলেবাস পরিবর্তন এবং নতুন কোর্স চালু করার ক্ষেত্রে লিখিতভাবে ঢাবির সব রকম স্বাধীনতা থাকলেও সিলেবাস পরিবর্তন করা এতই সময়সাপেক্ষ ব্যাপার যে এরই মধ্যে নতুন বিষয়গুলো পুরোনো হয়ে যায়। এ কারণে ১০ বছরে (১৯৯৬-৯৭ থেকে ২০০৫-০৬) লোকপ্রশাসন বিভাগে সিলেবাসে পরিবর্তন করা হয়নি। এ ছাড়া কোনো শিক্ষক একদম নতুন কোনো কোর্স শুরু করতে চাইলে অন্যরা ভাবেন, ওই শিক্ষক কোনো কারণে চলে গেলে কে সেই কোর্স পড়াবেন?’সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন মনে করেন, কোর্স চালু করা ও পরিবর্তন করার ক্ষেত্রে ঢাবির সম্পূর্ণ স্বাধীনতা রয়েছে এবং সেমিস্টার পদ্ধতিতে বিষযটি আর আগের মতো সময়সাপেক্ষ নেই।চাকরির চাহিদা পূরণে ব্যর্থতার সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হিসেবে উল্লেখ করা যেতে পারে—নতুন কোর্স চালু করার সময় কখনোই নিয়োগকর্তাদের সঙ্গে আলোচনা না করা বা তাঁদের চাহিদা বিবেচনা না করা। ঢাবির শিক্ষকেরাও এই বিষয়টি নিয়ে একমত নন।কয়েকজন শিক্ষক মনে করেন, শিক্ষক এবং নিয়োগকর্তাদের একসঙ্গে মতবিনিময় সভায় অংশ নেওয়া উচিত। আবার কয়েকজন শিক্ষক বলেন, ঢাবি কোনো ট্রেনিং সেন্টার নয় যে এ ধরনের সভার প্রয়োজন হবে।অপরদিকে বেসরকারি প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা মনে করেন, এ ধরনের মতবিনিময় সভার আয়োজন করলে উভয় পক্ষই উপকৃত হবে এবং তাদের চাহিদা এবং ঢাবির প্রাতিষ্ঠানিক শিক্ষায় যে বৈসাদৃশ্য তা এ ধরনের সভার মাধ্যমেই দূর করা সম্ভব।বিপাশা দত্তমাস্টারস অব ডেভেলপমেন্ট স্টাডিজ (এমডিএস) ঢাকা বিশ্ববিদ্যালয়প্রমোটিং ডেমোক্রেটিক ইনস্টিটিউশন অ্যান্ড প্র্যাকটিস (প্রদীপ), এশিয়া ফাউন্ডেশন। ডলফিন ও শুশুকএ দেশের উপকূলীয় জলসীমায় মারাত্মক অস্তিত্বসংকটে রয়েছে স্তন্যপায়ী প্রাণী শুশুক ও ডলফিন। নদ-নদীর নাব্যতাসংকট, পানিতে লবণাক্ততা বৃদ্ধি, ক্রমাগত পরিবেশদূষণ—সর্বোপরি জলবায়ু পরিবর্তনের মারাত্মক প্রভাবে স্তন্যপায়ী প্রাণী দুটির অস্তিত্ব এখন হুমকির মুখে। তা ছাড়া সমুদ্র এলাকায় জেলেদের জালে প্রতিনিয়ত মারা পড়ছে বিশ্বের বিপন্ন প্রজাতির এই প্রাণী। দেশের উপকূলীয় এলাকা বিভিন্ন প্রজাতির বিপুলসংখ্যক জলজ স্তন্যপায়ীর অবাধ বিচরণক্ষেত্র। এশিয়ার অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের নদী ও উপকূলীয় এলাকায় বিভিন্ন প্রজাতির জলজ স্তন্যপায়ী প্রাণী অনেক বেশি দেখা যায়। একসময় এ দেশের খুব কম নদী ছিল, যেখানে শুশুক দেখা যেত না। প্রতিকূল পরিবেশ, মানুষের বৈরিতায় আস্তে আস্তে বড় কিছু নদী ছাড়া সব জলাশয় থেকেই হারিয়ে গেছে ডলফিনের এই প্রজাতি। এরা সব প্রাকৃতিক বৈচিত্র্য। পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এদের রক্ষা করতে হবে। এদের টিকে থাকার উপযুক্ত পরিবেশ গড়তে সবাইকে সচেষ্ট হওয়া দরকার। আসুন, জীববৈচিত্র্য ও উপকূলীয় স্তন্যপায়ী প্রাণী রক্ষায় আমরা অন্যদের উদ্বুদ্ধ করি।জাহেদুর রহমানপুরানা পল্টন, ঢাকা।