চি ঠি প ত্র
দেহাবশেষ দেশে আনুনআমাদের মহান মুক্তিযুদ্ধে অগণিত অকুতোভয় বীর যোদ্ধা আত্মাহুতি দিয়েছেন। শহীদ বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম বীর বিক্রম তাঁদেরই একজন। ৮ আগস্ট ১৯৭১; সুনামগঞ্জের সাচনা বাজার মুক্ত করতে গিয়ে সম্মুখসমরে শহীদ হন কমান্ডার সিরাজ। তাঁকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় ভারত-বাংলাদেশের সীমান্তে টেকেরহাটে সমাহিত করা হয়। এ সময় ভারত-বাংলাদেশের সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শহীদ সিরাজ ছিলেন বীর, তেজোদীপ্ত ও স্বাধীনতার মন্ত্রমুগ্ধে উজ্জীবিত সাহসী তরুণ। মৃত্যুর মাত্র এক সপ্তাহ আগে তাঁর পিতাকে সিরাজ একটি তেজোদীপ্ত, উদ্দীপনাময় চিঠি লিখেছিলেন। চিঠিটি ছিল স্বাধীনতাকামী, মুক্তিপাগল এক তরুণের মনোবাসনার বাস্তবচিত্র। চিঠিটি স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকেও কয়েকবার পাঠ করা হয়, যা মুক্তিযোদ্ধাদের মনোবল চাঙা করতে সহায়ক হয়েছিল। এটি এখন আমাদের স্বাধীনতাযুদ্ধের ঐতিহাসিক দলিল, মুক্তিকামী জনতার মনোভাবের বহিঃপ্রকাশ ঘটেছে এ চিঠির প্রতিটি ছত্রে ছত্রে। এ চিঠিটি পড়ে আমাদের নতুন প্রজন্ম কিছুটা হলেও স্বাধীনতার জন্য লড়াকু বাঙালির আশা-স্বপ্নের কথা জানতে পারবে। একাত্তরের চিঠি নামের বইয়েও সন্নিবেশিত হয়েছে এ চিঠি। মূল কপিটি রাজশাহী বরেন্দ্র মিউজিয়ামে সংরক্ষিত আছে।শহীদ সিরাজের কবরটি টেকেরহাটে অযত্ন ও অবহেলায় নিশ্চিহ্নের পথে। নীরবে-নিভৃতে তাঁর শাহাদাতবার্ষিকী আসে-যায়। মাঝেমধ্যে বিচ্ছিন্নভাবে শহীদ সিরাজকে আমরা স্মরণ করার চেষ্টা করি। ২০০৯ সালে আমরা শহীদ সিরাজের যুদ্ধস্মৃতিবিজড়িত সাচনা বাজার ও তাঁর কবর জিয়ারতের উদ্যোগ নিলেও তা বাস্তবায়িত হয়নি। আমরা বিভিন্ন সময়ে শহীদ সিরাজের দেহাবশেষ তাঁর জন্মভূমিতে এনে সমাহিতের দাবি জানিয়েছি। আমার প্রস্তাব, শহীদ সিরাজের দেহাবশেষ ভারতের মাটি থেকে এনে তাঁর স্মৃতিবিজড়িত গুরুদয়াল কলেজ চত্বরে সমাহিত করা হোক। যেখানে স্থাপিত তাঁর আবক্ষ স্ট্যাচুটির বুকজুড়ে খোদিত থাকবে তাঁর লেখা শেষ চিঠিটি, যা যুগ যুগ ধরে প্রজন্ম থেকে প্রজন্ম পর্যন্ত দেশপ্রেমের আলোকবর্তিকা হিসেবে পথ দেখাবে। আগামী ৮ আগস্টে শহীদ সিরাজের শাহাদাতবার্ষিকীর দিনেই তা উদ্বোধন করা হোক। এ ব্যাপারে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের হস্তক্ষেপ ও উদ্যোগ কামনা করছি।কৃষিবিদ ড. নিয়াজ পাশাঢাকা।