চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্র-শিক্ষক সম্পর্কশিক্ষকদের সম্মান প্রদর্শন আজ হারানো ঐতিহ্য যেন ভুলে যাওয়া স্মৃতি নয়। হয়তো সে জন্য ফরাসি বংশোদ্ভূত আমেরিকান ইতিহাসবিদ জ্যাক বার্জুন (Jacques Barzun) আফসোস করে বলেছেন, ‘শিক্ষকতা বিলুপ্ত শিল্প না হলেও এর গরিমা এক হারানো ঐতিহ্য।’ বতর্মান প্রেক্ষাপটে তৃতীয় বিশ্বের ক্ষুদ্রতম দেশ বাংলাদেশের শিক্ষকেরা কেমন আছেন, তা জানা একদম সহজ। আর্থিক অনটনে নুয়ে পড়া শিক্ষক-জাতির কাঁধে এক অপরিসীম দায়িত্ব। একটি রাষ্ট্রের ভবিষ্যৎ কর্ণধার গড়ার পেছনে যে নির্মাতারা আজীবন কাজ করে যাচ্ছেন, তাঁদের খবর আজ কে রাখে? এখনকার ছাত্র-শিক্ষক সম্পর্ক দেখলে বিস্মিত না হয়ে পারা যায় না। আধুনিক যুগের শিক্ষার্থীরা শিক্ষকের যথোপযুক্ত সম্মান দিতে কুণ্ঠাবোধ করে। আর শিক্ষক জাতির এই করুণ জীবনযাপন ও অক্লান্ত পরিশ্রমের স্বীকৃতি না পাওয়ার বেদনা দেখে বতর্মান মেধাবী শিক্ষার্থীরা শিক্ষকতা পেশায় আসতে অনীহা প্রকাশ করে। এভাবে যদি ভবিষ্যৎ প্রজন্ম শিক্ষকতা পেশাকে সবচেয়ে অবহেলার চোখে দেখে, তবে আগামী প্রজন্ম বিনির্মাণের ভার কে নেবে? আজ (১৯.০১.২০১২) আমাদের দেশে জাতীয় শিক্ষক দিবস। কিন্তু বেশির ভাগ ছাত্রছাত্রীর কাছে এই দিনটি অজানা। শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে সেতুবন্ধকারী এই দিনটির কথা ভুলে যাওয়াটাই প্রমাণ করে শিক্ষকদের বতর্মান অবস্থা। অন্ধকার দূর করে আলো বিতরণকারী ধ্রুব শিখা জ্বালানোর দায়িত্ব নিয়ে এগিয়ে আসা শিক্ষক-জাতির কল্যাণে সরকারের আশু পদক্ষেপ কামনা করছি। তার সঙ্গে অনুরোধ করছি শিক্ষকদের সর্বোচ্চ সম্মানে ভূষিত করতে।সনেট দেবচট্টগ্রাম কলেজ, চট্টগ্রাম।যানজট ও রেলওয়েরাজধানী ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে যানবাহন সমস্যা ক্রমান্বয়ে তীব্র থেকে তীব্রতর হচ্ছে। উপরন্তু যানজটও নিত্যদিন ভয়াবহ আকার ধারণ করছে। অথচ রেল মন্ত্রণালয় জনগণের প্রতি একটু সদয় হলে অতিসহজেই এ সমস্যার অনেকখানি সমাধান করতে সক্ষম হতো। এ লক্ষ্যে খুব সংক্ষেপে পাঁচটি প্রস্তাব রেলওয়ে মন্ত্রণালয় সমীপে পেশ করা হলো, যা স্বল্প সময়ে এবং খুব কম অর্থ ব্যয়ে বাস্তবায়ন করা সম্ভব। ১. জয়দেবপুর থেকে টঙ্গী পর্যন্ত ১২ কিমি দীর্ঘ আরও একটি নতুন ডুয়েল গেজ এবং কমলাপুর থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত ২০ কিমি দীর্ঘ আরও একটি মিটার গেজ রেললাইন জরুরি ভিত্তিতে স্থাপন। ২. প্রচুর লোকসমাগম এবং গুরুত্বপূর্ণ সংযোগস্থলের কারণে ঢাকা-টঙ্গী রুটে মহাখালী রেলগেট সংলগ্ন উত্তর পাশে এবং মগবাজার ওয়্যারলেস রেলগেট ও মালিবাগ রেলগেটের মধ্যবর্তী স্থান এবং ঢাকা-নারায়ণগঞ্জ রুটে জুরাইনে একটি করে মোট তিনটি সি-গ্রেডের রেলস্টেশন নির্মাণ। ৩. ঢাকা ও টঙ্গী রেলস্টেশনকে বাইপাস করে দেশের পূর্বাঞ্চল থেকে পশ্চিমাঞ্চলে এবং আগরতলা-কলকাতা (ভায়া-পুবাইল, জয়দেবপুর) রুটে দ্রুত যোগাযোগের জন্য পুবাইল থেকে ধীরাশ্রম রেলস্টেশন পর্যন্ত আট কিমি দীর্ঘ একটি ডুয়েল গেজ রেললাইন স্থাপন। ৪. আখাউড়া-ঈশ্বরদী এবং ঈশ্বরদী-আখাউড়া ভায়া টঙ্গী (পুবাইল থেকে ধীরাশ্রম পর্যন্ত রেললাইন স্থাপন না হওয়া পর্যন্ত) প্রতিদিন দুই জোড়া ট্রেন চালু করা।৫. ঢাকা-জয়দেবপুর এবং ঢাকা-নারায়ণগঞ্জ রুটে আরও দুই জোড়া করে নতুন ট্রেন চালু করা। উপরিউক্ত প্রস্তাবসমূহ ক্রমিকসংখ্যা অনুযায়ী অগ্রাধিকার ভিত্তিতে জরুরিভাবে বাস্তবায়ন করা হলে দ্রুত যোগাযোগ এবং যানবাহন সংকট নিরসনে বৈপ্লবিক পরিবর্তন আসবে। এতে একদিকে যেমন সাধারণ মানুষ কম খরচে এবং স্বল্প সময়ে যাতায়াত করতে পারবে, অন্যদিকে বাসমালিকদের একচেটিয়া ব্যবসায়ও অনেকটা ভাটা কড়বে। বিষয়টি গভীরভাবে অনুধাবনপূর্বক জরুরি ভিত্তিতে বাস্তবায়ন করার জন্য রেলমন্ত্রী মহোদয়কে বিশেষভাবে অনুরোধ করা হলো।ডা. মোহাম্মদ আশরাফ হোসেন গাজীজয়দেবপুর, গাজীপুর। প্রধানমন্ত্রীর প্রতিআমার স্বামী শহীদ নুরুল ইসলাম (পিতা- মৃত লুৎফল করিম, সাং- চরলক্ষ্মী, ডাকঘর- রামগতির হাট, উপজেলা- রামগতি, জেলা- লক্ষ্মীপুর) পিলখানায় বিডিআর বর্তমানে বিজিপি সদর দপ্তরে সুবেদার মেজর হিসেবে কর্মরত ছিলেন। ২০০৯ সালের বিডিআর বিদ্রোহের সময় বিদ্রোহে বাধা দেওয়ায় বিদ্রোহীরা তাঁকে নৃসংশভাবে হত্যা করে এবং গণকবরে পুঁতে রাখে। পরে আমরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ মর্গ থেকে গ্রামের বাড়িতে নিয়ে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই দাফন করি। ২০০৯ সালের ২০ আগস্ট সরকারি নির্দেশে বিডিআরের কুমিল্লা সেক্টরের কমান্ডার কর্নেল মির্জা এজাজুর রহমানের নেতৃত্বে তাঁর সমাধিতে গার্ড অব অনার প্রদান করে তাঁকে রাষ্ট্রীয় সম্মান জানানো হয়। তিনি মহাপরিচালকের পক্ষ থেকেও তাঁর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। আমার স্বামী অত্যন্ত সৎ ছিলেন। আমরা দুইবার নদীভাঙনের শিকার হই। আমার স্বামী জীবিত থাকা অবস্থায় আমরা তাঁর স্বল্প বেতনের টাকা দিয়ে অত্যন্ত কষ্টের সঙ্গে জীবিকা নির্বাহ করতাম। আমার স্বামী তাঁর সন্তানদের ভবিষ্যতের জন্য কোনো অর্থসম্পদ রেখে যেতে পারেননি। আমার স্বামীর পেনশনের সব টাকা তাঁর ঋণকৃত অর্থ পরিশোধ করতে শেষ হয়ে যায়। বর্তমানে আমি মাসিক পেনশনের স্বল্প টাকা দিয়ে অত্যন্ত কষ্টের সঙ্গে জীবিকা নির্বাহ করছি। মাননীয় প্রধানমন্ত্রী, বিডিআর বিদ্রোহে শহীদ সেনাকর্মকর্তাদের পরিবারের প্রতি আপনি সাহায্য ও সহানুভূতির হাত বাড়িয়ে দিয়েছেন। পুনর্বাসনের ব্যবস্থাও করেছেন। কিন্তু আমি বিডিআর বিদ্রোহে শহীদদের পরিবারের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত ও ব্যাংকমালিকদের সংগঠনের গৃহীত কোনো সুযোগ-সুবিধা পাইনি।আমি অসহায় ও নিরুপায়। আমি ও আমার সন্তানদের ভবিষ্যৎ ও দৈনন্দিন জীবন নির্বাহের সুবিধার্থে বিডিআর বিদ্রোহে শহীদদের পরিবারের জন্য আপনার ঘোষিত সব সাহায্য ও সহযোগিতা আমাকেও প্রদানের জন্য বিনীত আবেদন জানাচ্ছি।আয়েশা বেগমরামগতি, লক্ষ্মীপুর।