চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রেলওয়ে অ্যাম্বুলেন্সপ্রতিদিন বিভিন্ন উপজেলা ও জেলা থেকে বেশ কিছু লোক উন্নত সেবা গ্রহণের জন্য রাজধানী ঢাকায় আসা-যাওয়া করে থাকে। তারা একমাত্র অ্যাম্বুলেন্স ছাড়া অন্য কোনো কিছুতে রোগী পরিবহন করতে পারে না। দূরদূরান্ত থেকে রাজধানীতে রোগী পরিবহন করা যেমন ব্যয়বহুল তেমনি ঝুঁকিপূর্ণ ও কষ্টদায়ক। যে খরচ হয় তাতে অনেক সময় সঠিকভাবে চিকিৎসা করা খুব কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়ায়। একটি অ্যাম্বুলেন্স কোনো এক প্রান্ত থেকে ১০-১২ হাজার টাকার নিচে রাজধানীতে পৌঁছায় না। আসা ও যাওয়ার খরচ নিয়ে ২০-২৫ হাজার টাকা পড়ে যায়।আমার মনে হয়, এসব সাধারণ মানুষের জন্য একমাত্র সরকারই পারে সুষ্ঠু ব্যবস্থাপনা করতে। বর্তমান সরকার কিছু যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে। যেমন রেলওয়েকে আলাদা করে নতুন মন্ত্রণালয় তৈরি করেছে। সরকারের ইচ্ছে, সাধারণ মানুষের জন্য কিছু করার। সেই সুবাদে বলছি, বর্তমানে আমাদের রেলমন্ত্রী একজন বিজ্ঞ প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্বসম্পন্ন যোগ্য ব্যক্তি। মাননীয় মন্ত্রী, আপনি বলেছেন, এত অল্প সময়ের মধ্যে কী করতে পারব জানি না। তবে রেলওয়ের সময়সূচিটাকে ঠিক করার চেষ্টা করব। তা ছাড়া আপনি স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি বেশ কিছু পরিকল্পনা হাতে নিয়েছেন। স্বল্প মেয়াদি পরিকল্পনার মধ্যে আমার এ প্রস্তাবটা অন্তর্ভুক্ত করলে বেশ খুশি হতাম।সাধারণ মানুষের জন্য আপনার অনেক কিছু করার চিন্তাভাবনা আছে জানি। তাই বলছি, বিভিন্ন আন্তনগর ট্রেনের সঙ্গে একটা করে কামরা জুড়ে দিয়ে ভ্রাম্যমাণ রেলওয়ে হাসপাতাল কাম অ্যাম্বুলেন্স বানাতে পারেন। এতে মানুষ উৎসাহিত হবে এবং বেশি ব্যয় থেকে বাঁচবে ও খুব সুন্দরভাবে রোগী পরিবহন করতে পারবে। একটা কামরায় ১০টা বেড করতে পারেন। সেখানে একজন পাস করা ডাক্তার, নার্স ও দুজন অ্যাটেনডেন্ট রাখতে পারেন। আমার মনে হয় বেড প্রতি ২০০০-২৫০০ ভাড়া করলেও মানুষ খুব সহজেই তা গ্রহণ করবে।আমার মতো অবসরপ্রাপ্ত অনেক ডাক্তার পাবেন কাজ করার জন্য। পরীক্ষামূলকভাবে দিনাজপুর, নীলফামারী, রংপুর, লালমনিরহাট, রাজশাহী, খুলনা, জামালপুর, সিলেট, চট্টগ্রাম ও কিশোরগঞ্জ থেকে আন্তনগর ট্রেনের সঙ্গে চালু করলে জনগণ দারুণভাবে উপকৃত হবে। এই সেবা চালু হলে মানুষ কিছু নতুনত্বের স্বাদ পাবে এবং আপনার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। জাতীয় সম্পদের অপচয় কম হবে এবং মানুষ কম খরচে রাজধানীতে যেতে পারবে। এই পদক্ষেপ যুগান্তকারী পদক্ষেপের মাইলফলক হয়ে থাকবে। তাই পরীক্ষামূলকভাবে চালু করার জন্য রেলমন্ত্রী মহোদয়ের সমীপে আকুল আবেদন জানাচ্ছি।ডা. কাজল কুমার কুন্ডুনীলফামারী বাজার, নীলফামারী।ঢাকার পার্করাজধানী ঢাকায় খোলা হাওয়ায় দম নেওয়ার মতো স্থান ধীরে ধীরে কমছে। এক কোটি ৫০ লাখ মানুষের বসবাসের এই ঢাকা শহরে ছোটবড় প্রায় ৫৪টির মতো পার্ক রয়েছে। যা প্রয়োজনের তুলনায় খুবই কম। যে কটি আছে সেগুলো রক্ষণাবেক্ষণ আর পরিচ্ছন্নতার অভাবে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ছে। পার্কের যেখানে-সেখানে ময়লা-আবর্জনা, ভাসমান মানুষের উৎপাত, মাদকাসক্ত ব্যক্তিদের অবাধ বিচরণ ও দিনের বেশির ভাগ সময় বন্ধ থাকার কারণে এসবে পথচারীদের কোনো আগ্রহ নেই। প্রাকৃতিক দুর্যোগ, বেকারত্ব আর একটু বেশি আয়ের আশায় মানুষ রাজধানীতে আসছে। এসব মানুষের ঠিকানা হচ্ছে বস্তি বা রাস্তার পাশে। এদের পুনর্বাসন না করা গেলে এই সমস্যার কোনো সমাধান হবে না। পার্কে সবাই আসে একটু নির্মল হাওয়া ও নিরিবিলি পরিবেশের জন্য। কিন্তু পার্কগুলোতে ময়লা-আবর্জনা, দুর্গন্ধ আর চারপাশের গাড়ির শব্দ নির্মল হাওয়ার চেয়ে ভোগান্তি পোহাতে হয় বেশি। এ অবস্থার প্রতিকার হওয়া দরকার। না হলে ঢাকা শহরে সবুজের শেষ চিহ্নও শেষ হয়ে যাবে। একটু নিরিবিলি পরিবেশ তৈরির সুযোগ সৃষ্টি করতে কর্তৃপক্ষের যথাযথ উদ্যোগ নেওয়া জরুরি। জরুরি ঢাকার পার্কগুলো সংরক্ষণ করা।জাহেদুর রহমান ইকবালপুরানা পল্টন, ঢাকা।