চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৃক্ষঘাতক উন্নয়ন১৮ জানুয়ারি প্রথম আলোয় প্রকাশিত ‘জলবায়ু তহবিলের টাকায় বন কেটে বাঁধ’ শিরোনামের সংবাদটি পড়ে আঁতকে উঠলাম। প্রকাশিত সংবাদ থেকে জানা যায়, জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের প্রায় সাড়ে ৪৬ কোটি টাকা ব্যয়ে উপকূলীয় জেলা ও পটুয়াখালীর মধ্যে সড়ক যোগাযোগ স্থাপনের জন্য একটি প্রকল্প নেওয়া হয়েছে, যে কারণে উপকূলীয় বনের প্রায় ৩৯ হাজার গাছ কাটা পড়বে। খবরটি শোনার পর গাছগুলোর অকাল মৃত্যুর কথা ভেবে বুকের মধ্যে হাহাকার অনুভব করছি। এ রকম প্রকল্প গ্রহণের আগে পরিবেশগত সমীক্ষা থাকার বাধ্যবাধকতা থাকা সত্ত্বেও অজ্ঞাত কারণে ওই এলাকার কোনো জরিপ বা সমীক্ষা চালানো হয়নি। জলবায়ু তহবিলের মূল উদ্দেশ্য হচ্ছে, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বিভিন্ন প্রকল্প গ্রহণের মাধ্যমে পরিবেশ ও প্রতিবেশের উন্নতি সাধন তথা অভিযোজনক্ষমতা বাড়ানো এবং এর ক্ষতিকর প্রভাব প্রশমিত করা। এটা আজ সর্বজনস্বীকৃত যে জলবায়ু বিপর্যয়জনিত পরিবেশ রোধে গাছের কোনো বিকল্প নেই। অথচ আমাদের দেশে চলছে গাছবিনাশী উন্নয়ন। সবচেয়ে ভয়ানক ব্যাপার হলো, এ প্রকল্পের কারণে প্রায় সাড়ে পাঁচ হাজার একর বনভূমি হুমকির মুখে পড়বে। এ কারণে ভেঙে পড়বে এ বন তথা আশপাশের পরিবেশ ও প্রতিবেশব্যবস্থা। বনের ওপর নির্ভরশীল বিভিন্ন ধরনের বন্যপ্রাণীকে অস্তিত্ব-সংকটে পড়তে হবে। পাশাপাশি এর সঙ্গে অস্তিত্ব-সংকটে পড়বে এ বনের ওপর নির্ভরশীল এক বিশাল জনগোষ্ঠী। আশ্চর্যজনক ব্যাপার হলো, প্রকল্প প্রণয়নের সময় সুপরিকল্পিতভাবে এ এলাকাকে বনভূমি হিসেবে চিহ্নিত করা হয়নি এবং পরিবেশ ও বন মন্ত্রণালয়ের আপত্তি থাকা সত্ত্বেও পানি উন্নয়ন বোর্ড (পাউবো) এটা বাস্তবায়নের জন্য উঠে পড়ে লেগেছে! উন্নয়নের নামে এ রকম অবিবেচক কাজে সরকারের উদাসীনতা ও নির্লিপ্ততা পরিবেশ সংরক্ষণে তাদের আন্তরিকতাকে প্রশ্নবিদ্ধ করে। পরিবেশ সংরক্ষণের টাকায় পরিবেশ ধ্বংস করার এ রকম নগ্ন মহোৎসবের নজির পৃথিবীর আর কোথাও আছে বলে আমার মনে হয় না। জলবায়ু বিপর্যয়ের এ সন্ধিক্ষণে সরকার কীভাবে হাজার হাজার গাছের লাশের ওপর দাঁড়িয়ে তথাকথিত নামসর্বস্ব উন্নয়নের নামে এ রকম হঠকারী সিদ্ধান্ত নেয়, তা আমাদের বোধগম্য নয়। সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয়হীনতা, আইনের প্রতি অশ্রদ্ধা ও বনাঞ্চলকে সবসময় অর্থমূল্যের মানদণ্ডে বিবেচনা করার দৃষ্টিভঙ্গিজনিত মানসিক সমস্যার কারণে জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকিতে ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে আমাদের অবস্থান সবার শীর্ষে। তাই সরকারের কাছে আমাদের আবেদন, প্রকল্পটি বন্ধ করে ৩৯ হাজার গাছ রক্ষা করা হোক এবং বিকল্প উপায়ে পরিবেশের কোনো রকম ক্ষতিসাধন না করে তা বাস্তবায়ন করা হোক।সুজয় সুব্রতশাবিপ্রবি, সিলেট।যাত্রীছাউনি চাইঢাকা জেলার দোহার উপজেলাধীন মেঘুলা একটি জনবহুল এলাকা। এখানে একটি বাজার আছে। প্রতিদিন শত শত লোক এখান থেকে রাজধানী ঢাকা যাতায়াত করে। এখানে কোনো যাত্রীছাউনি না থাকায় যাত্রীদের রোদে পুড়তে ও বৃষ্টিতে ভিজতে হয়।তাই মেঘুলায় একটি যাত্রীছাউনি নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।মাজেদ আহমেদ চোকদারমেঘুলা, ঢাকা।