চি ঠি প ত্র
বাড়িভাড়ার বাজারযাঁরা অন্যের বাড়িতে ভাড়া থাকেন, গ্যাস, বিদ্যুৎ ও পানির বিল তাঁরাই পরিশোধ করেন। সিটি করপোরেশনের হোল্ডিং ট্যাক্সও বাড়েনি। তাহলে কোন কারণে বছরে দুবার বাসাভাড়া বাড়ানো হয়? শুনেছি দেশে বাড়িভাড়া নিয়ন্ত্রণের জন্য আইন আছে। কিন্তু এর প্রয়োগ কখনো হয়েছে—এমনটা শুনিনি। বাড়িওয়ালারা প্রভু আর ভাড়াটিয়া যেন তাঁদের রাজত্বে বসবাস করেন। ‘কোনো কথা নয়, ভাড়া বাড়বে, পছন্দ হলে থাকেন, না হয় চলে যান’—এ হলো বাড়িওয়ালাদের আচরণ। রাজনীতিবিদেরা সবসময় বলেন, ‘জনগণ সব ক্ষমতার উৎস’। এ ক্ষেত্রে জনগণ বলতে কি শুধু বাড়িওয়ালারা? তাঁদেরই তো ক্ষমতা আছে, ভাড়াটিয়াদের তো কোনো ক্ষমতা নেই। তাহলে ভাড়াটিয়ারা কি জনগণ নয়? নির্বাচনের সময় রাজনীতিবিদেরা ও ব্যবসায়ী রাজনীতিকেরা জনগণের কল্যাণে কতকিছুই না করার প্রতিশ্রুতি দেন। বোকা জনগণ চটকদার বিজ্ঞাপনের মতো রাজনীতিকদের কথায় বিশ্বাস করেনও, এরপর তাঁদের দেখা পাওয়া ভার।পার্লামেন্টের মেম্বাররা তো দেশের কল্যাণের জন্য আইন বানান। তাঁরা কী কখনো ভেবেছেন, বাড়িওয়ালার কী অত্যাচারই না ভাড়াটিয়াদের ওপর করেন। তাঁদের সময় কোথায় পার্লামেন্টে এ ধরনের আলোচনার! পার্লামেন্টে একজন মেম্বার যে সময় পান, তা তো পার্টিপ্রধানের জয়গান করতেই ফুরিয়ে যায়। বোর্ড অব রিভিনিউ থেকে প্রত্যক্ষ কর আদায় বাড়ানোর কথা বলা হয়ে থাকে। আয়কর বিভাগ কী বলতে পারবে বাড়িওয়ালারা কত টাকা আয় করেন? তাঁদের আয়করের আওতায় নেওয়া দরকার আছে কি না? আয়কর বিভাগের কার্যকর প্রচেষ্টা যদি থাকত, তাহলে আমার বিশ্বাস, ভাড়াটিয়াদের ওপর থেকে বাড়িওয়ালাদের দৌরাত্ম্য একটু হলেও কমত। বাড়িওয়ালারা ভাড়া নেন, কিন্তু কোনো রশিদ দেন না। আবার যদি রশিদ দেন, তা-ও আবার টাকার অর্ধেক লেখা থাকে! সে জন্য আয়কর বিভাগের উচিত, প্রতিটি বাড়ির ভাড়াটিয়ার কাছ থেকে ভাড়ার পরিমাণ জেনে নিয়ে বাড়িওয়ালাদের আয়করের আওতায় নিয়ে আসা। তাহলে একদিকে সরকারের রাজস্ব আয় বাড়বে, অন্যদিকে অযৌক্তিকভাবে ভাড়া বাড়ানো এবং ভাড়াটিয়াদের হয়রানি করা কিছুটা হলেও কমবে।বাসস্থান মানুষের মৌলিক অধিকার। সরকার তো সব নাগিরকের জন্য বাসস্থান দিতে পারছে না। সে ক্ষেত্রে বাড়িওয়ালাদের জুলুম থেকে ভাড়াটিয়াদের রক্ষা করার দায়িত্ব নিশ্চয়ই রাষ্ট্রের ও সরকারের। এ ব্যাপারে যুগোপযোগী ভাড়া নিয়ন্ত্রণ আইন প্রণয়ন ও প্রয়োগ এবং বাড়িওয়ালাদের কাছ থেকে আয়কর আদায় নিশ্চিত করা সময়ের দাবি।মো. আবদুল মান্নানধানমন্ডি, ঢাকা।