চি ঠি প ত্র
ধূমপানে স্বাস্থ্যঝুঁকিআমরা সবাই জানি, ধূমপান স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। তার পরও বাংলাদেশে ধূমপান কমছে না, ক্রমাগত বেড়েই যাচ্ছে। ধূমপান শুধু ধূমপায়ীর ক্ষতি করে না, এটি অন্যদেরও সমান ক্ষতির কারণ।ধূমপায়ী না হয়েও একজন ব্যক্তি ধূমপায়ীদের মতো মারাত্মক রোগে আক্রান্ত হতে পারে। পরোক্ষ ধূমপানের কারণে শিশু ও গর্ভবতী নারীরা মারাত্মক ক্ষতির শিকার হয়। ইউএস সার্জন জেনারেল, ডিপার্টমেন্ট অব পাবলিক হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিসের এক সমীক্ষায় বলা হয়েছে, পরোক্ষ ধূমপানের ধোঁয়ায় প্রায় ২৫০ ধরনের বিষাক্ত কেমিক্যাল থাকে। সমীক্ষায় উল্লেখ করা হয়েছে, সব গর্ভবতী নারী পরোক্ষ ধূমপানের শিকার। এ কারণে কম ওজনের শিশু জন্ম নিতে পারে। তাদের মধ্যে অন্যান্য স্বাস্থ্য-ঝুঁকির আশঙ্কা থাকে। যেসব গর্ভবতী নারী ধূমপায়ী বা পরোক্ষ ধূমপানের শিকার, তাদের নবজাতকের ফুসফুস অন্যান্য নবজাতকের তুলনায় খুব দুর্বল থাকে। শিশুদের শরীর যেহেতু বাড়ন্ত, তাই এ সময় পরোক্ষ ধূমপানের বিষক্রিয়া তাদের দেহে সুদূরপ্রসারী প্রভাব বিস্তার করে। অ্যাজমায় আক্রান্ত শিশুদের পরোক্ষ ধূমপানের কারণে শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা বেড়ে যায় এবং কানের বিভিন্ন ইনফেকশনের ঝুঁকি বৃদ্ধি পায়, যা অপারেশনের মতো পর্যায়ে নিয়ে যেতে পারে। গ্লোবাল অ্যাডাল্ট টোব্যাকো সার্ভে ২০০৯ অনুযায়ী, বাংলাদেশে পাবলিক প্লেস ও পাবলিক পরিবহনে পরোক্ষ ধূমপানের শিকার চার কোটি ২০ লাখ মানুষ। ধূমপান না করেও পরোক্ষ ধূমপানের শিকার প্রায় এক কোটি নারী। বিশ্বে পরোক্ষ ধূমপানের প্রভাব নিরূপণে প্রথমবারের মতো পরিচালিত ডব্লিউএইচওর গবেষণা থেকে জানা যায়, পরোক্ষ ধূমপানের কারণে শিশুরাই সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। এ কারণে বছরে প্রায় এক লাখ ৬৫ হাজার শিশুর মৃত্যু হচ্ছে। বাংলাদেশে ধূমপান ও তামাক নিয়ন্ত্রণ আইন ও বিধিমালা অনুযায়ী, ‘পাবলিক প্লেস ও পাবলিক পরিবহনে ধূমপান নিষিদ্ধ।’ আইনে উল্লিখিত ‘পাবলিক প্লেস’ অর্থ শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি বা আধা সরকারি ও স্বায়ত্তশাসিত অফিস, গ্রন্থাগার, লিফট, হাসপাতাল, ক্লিনিক ভবন, আদালত ভবন, বিমানবন্দর ভবন, সমুদ্রবন্দর ভবন, নৌবন্দর ভবন, রেলওয়ে স্টেশন ভবন, বাস টার্মিনাল ভবন, ফেরি, প্রেক্ষাগৃহ, আচ্ছাদিত প্রদর্শনীকেন্দ্র, থিয়েটার হল, বিপণিবিতান, পাবলিক টয়লেট, সরকারি বা বেসরকারিভাবে পরিচালিত শিশুপার্ক এবং সরকার কর্তৃক সরকারি গেজেটে প্রজ্ঞাপন দিয়ে নির্ধারিত অন্য যেকোনো বা সব স্থান। ‘পাবলিক পরিবহন’ অর্থ মোটরগাড়ি, বাস, রেলগাড়ি, ট্রাম, জাহাজ, লঞ্চ, যান্ত্রিক সব ধরনের জন-যানবাহন, উড়োজাহাজ এবং সরকার কর্তৃক সরকারি গেজেটে প্রজ্ঞাপন দিয়ে নির্দিষ্টকৃত বা ঘোষিত অন্য যেকোনো যান।আমরা একটু সচেতন হলেই পরোক্ষ ধূমপানের হাত থেকে নিজেদের রক্ষা করতে পারি। দেশের আইন অনুযায়ী, উল্লিখিত স্থানে ধূমপান না করে, অফিস-আদালতে নিজ কক্ষে বা সহকর্মীর সামনে ও কোনো রেস্টুরেন্টে ধূমপান থেকে বিরত থেকে আমরা নিজেকে সচেতন ব্যক্তি হিসেবে প্রকাশ করতে পারি। অন্যদিকে, অধূমপায়ী ব্যক্তিও সম্ভাব্য ক্ষতির বিষয় মাথায় রেখে নিজে সচেতন থাকতে পারে এবং ধূমপানমুক্ত পরিবেশের জন্য সামাজিক আন্দোলন গড়ে তুলতে পারে। মাহিফদা দীনা রুবাইয়াশ্যামলী, ঢাকা।সাপ্তাহিক ছুটিশুক্র ও শনিবার সরকারি ছুটির দিন। সরকারি (কেবল শিক্ষাপ্রতিষ্ঠান ব্যতীত) কর্মকর্তা-কর্মচারীরা এই দুই দিন ছুটি ভোগ করে থাকেন। এতে কিছু ঝামেলার সৃষ্টি হয়। বিশেষ করে, তাঁদের ব্যক্তিগত ব্যাংকিং লেনদেন করা নিয়ে সৃষ্টি হয় জটিল সমস্যা। যার যার নিজস্ব কার্যালয়ের কাজ রেখে ব্যাংকিং প্রয়োজন সারতে গিয়ে প্রত্যেক সরকারি কর্মকর্তা-কর্মচারীকে অপরিসীম সমস্যার সম্মুখীন হতে হয়। শুক্র ও শনিবার সরকারি ছুটির দিন। কিন্তু এই দুই দিন প্রতিটি সরকারি ব্যাংকও বন্ধ থাকে। যে কারণে নিজ নিজ ব্যাংকিং প্রয়োজন সারতে গিয়ে প্রত্যেক সরকারি কর্মকর্তা-কর্মচারীকে হয় কাজে ফাঁকি দিতে হচ্ছে নতুবা অন্যের ওপর নির্ভরশীল হতে হচ্ছে। আমি নিজে ব্যক্তিগতভাবে একজন সরকারি চাকরিজীবী (পরিবেশ অধিদপ্তরে কর্মরত)। উত্তরা ব্যাংকে আমার সঞ্চয়ী হিসাব রয়েছে, আমি ব্যাংকিং প্রয়োজন সারতে গিয়ে অবশ্যই ছুটি নেব। সে ক্ষেত্রে সব সময় ছুটি পাওয়া সম্ভব কি? এর পরিপ্রেক্ষিতে ব্যাংকের ছুটির দিন সপ্তাহের অন্য দিনে নির্ধারণ করার বিষয়টি কর্তৃপক্ষের ভেবে দেখা উচিত। অবশ্য সপ্তাহে এক দিন সব বিভাগের ছুটির বিষয়টি ঠিক রেখে অন্য এক দিন পরিবর্তন করার বিষয়টি ভাবতে হবে, যাতে করে ওই এক দিনে সবাই পরস্পরের খোঁজখবর নিতে পারে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভেবে দেখা উচিত।কামাল ডিউ সাইমুমঢাকা।