চি ঠি প ত্র
পরীক্ষা কেন্দ্রকক্সবাজার জেলার অন্তর্গত টেকনাফ উপজেলার বিচ্ছিন্ন স্থলভূমি, প্রাকৃতিক সৌন্দর্যের আধার এবং পর্যটকদের মনকাড়ানো এক দ্বীপের নাম সেন্টমার্টিন। সেখানে প্রায় সাড়ে সাত থেকে আট হাজার লোকের বসবাস। সেন্টমার্টিনবাসী বঞ্চিত আধুনিক সব সুযোগ-সুবিধা থেকে। সেখানে নেই কোনো গ্যাস, বিদ্যুৎ এবং ভালো কোনো শিক্ষাপ্রতিষ্ঠান। প্রতিদিন পত্রিকা ছাড়া যেমন আমাদের সকালের নাশতাই চলে না, সেখানে তারা পত্রিকার কথা কল্পনাই করতে পারে না। অথচ টেকনাফ থেকে স্পিডবোটে মাত্র ১৫ মিনিটের দূরত্ব সেন্টমার্টিন। সেখানকার মানুষের প্রধান পেশা মাছ ধরা। তা ছাড়া অনেকে পর্যটকদের আকৃষ্ট করার জন্য শামুক ও ঝিনুকের তৈরি করা শিল্পসামগ্রী বেচাকেনায় ব্যস্ত। শিক্ষার প্রতি তাদের আগ্রহ খুবই কম। একেবারে নেই বললেই চলে। ছোট ছোট বাচ্চারাও তাদের জীবিকা উপার্জনে ব্যস্ত। আগ্রহ থাকবেই বা কেমন করে—সমাপনী ও জেএসসিসহ সব রকম পাবলিক পরীক্ষার জন্য দীর্ঘ নৌপথ পাড়ি দিয়ে তাদের টেকনাফে আসতে হয়, যা দরিদ্র সেন্টমার্টিনবাসীর পক্ষে অনেক কষ্টকর। অথচ সরকারের একটু সুনজর থাকলে সেখানে পাবলিক পরীক্ষাগুলো নেওয়া সম্ভব।বর্তমান সরকারের প্রতি আমার আবেদন, সেন্টমার্টিনে পরীক্ষাকেন্দ্র স্থাপন অথবা পরীক্ষা চলাকালীন টেকনাফে শিক্ষার্থীদের থাকা-খাওয়ার ব্যবস্থা করা। যাতে তারা শিক্ষার আলো থেকে বঞ্চিত না হয়। তাহলে ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে তারা সামান্য হলেও অবদান রাখতে পারবে।ইমরুল হাসানশাবিপ্রবি, সিলেট।‘বাঘবিধবা’৭ মে, ২০০৯ খুলনার দৈনিক পূর্বাঞ্চল পত্রিকায় প্রকাশিত হয়, ‘সুন্দরবনের বাঘের আক্রমণে এক মাসে নয় জেলে ও মৌয়াল হতাহত’ শিরোনামের খবরটি। আমরা জানি, সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার সুন্দরবনসংলগ্ন গ্রামগুলোতে অসংখ্য ‘বাঘবিধবা’ পরিবার বসবাস করে। সুন্দরবনে মাছ ধরতে অথবা মধু সংগ্রহ করতে গিয়ে যাঁরা হিংস্র বাঘের আক্রমণের শিকার হয়ে প্রাণ হারিয়েছেন, তাঁদের স্ত্রীরা ‘বাঘবিধবা’ হিসেবে অসহায় জীবনযাপন করছেন। সমাজে তাঁরা অলক্ষ্মী, অপয়া হিসেবে পরিচিত।৩১ জানুয়ারি, ২০১১ সালে প্রথম আলোর ৫ পৃষ্ঠায় ‘বন্য প্রাণীর আক্রমণে হতাহতের ক্ষতিপূরণের বিধান, প্রচারণার অভাবে সুফল নেই’—শিরোনামের খবরটি প্রকাশিত হয়। এখানে উল্লেখ করা হয়, ২০১০ সালের ১০ নভেম্বর পরিবেশ ও বন মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারি করে। বলা হয়, বৈধভাবে সরকারি বনাঞ্চলে প্রবেশের পর কোনো ব্যক্তি বন্য প্রাণী বিশেষ করে বাঘ, কুমির কিংবা হাতি দ্বারা আক্রমণে নিহত হলে এক লাখ, পঙ্গু হলে ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ পাবেন। বন্য প্রাণী দ্বারা ফসলের ও গবাদিপশুর ক্ষতি হলে ২৫ হাজার টাকা পাবেন। কিন্তু পরিতাপের বিষয়, কয়জন ‘বাঘবিধবা’ এই সাহায্য পেয়েছেন? অজ্ঞতার কারণে এই সাহায্য থেকে অসহায় পরিবারগুলো বঞ্চিত হচ্ছে। ভুক্তভোগী প্রায় ৯৮ শতাংশ মানুষই এ বিধানটি জানেন না। এ জন্য সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসতে হবে। বিশেষ করে স্থানীয় ফরেস্ট অফিসগুলোকে বেশি করে তৎপর হতে হবে। যেন অবৈধভাবে কোনো জেলে বা মৌয়াল সুন্দরবনে প্রবেশ করতে না পারেন। কেননা, অবৈধভাবে প্রবেশ করে ক্ষতিগ্রস্ত হলে এ সাহায্য থেকে বঞ্চিত হবেন। রেডিও, টেলিভিশন ও বিভিন্ন গণমাধ্যমে এ বিধানটি প্রকাশ করে জনসচেতনতা বাড়াতে হবে। বন্য প্রাণী দ্বারা কেউ নিহত বা ক্ষতিগ্রস্ত হলে ইউনিয়ন পরিষদ কর্তৃক এ সরকারি সাহায্য পাওয়ার জন্য দ্রুত যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে। যেন কোনো ‘বাঘবিধবা’ পরিবার এ সাহায্য থেকে বঞ্চিত না হয়। প্রতিবছর ‘বাঘবিধবা’দের সঠিক তালিকা তৈরি করতে হবে। মন্দির, মসজিদ ও বিভিন্ন সামাজিক সংগঠনগুলোয় এ বিধান সম্পর্কে আলোচনা করতে হবে। বাঘবিধবাদের স্কুলগামী সন্তানেরা যাতে ভালো করে পড়ালেখা করতে পারে, এ জন্য সমাজের বিত্তশালী লোকদের এগিয়ে আসতে হবে। সর্বোপরি ‘বাঘবিধবাদের’ ইউনিয়নভিত্তিক সঠিক তালিকা তৈরি করে তাঁদের পুনর্বাসনের মাধ্যমে ‘আত্মকর্মসংস্থান’ সৃষ্টি করে ও সরকারি সাহায্য পাওয়ার নিশ্চয়তা প্রদান করে ‘বাঘবিধবাদের’ সুন্দরভাবে বাঁচার নিশ্চয়তা বা অধিকার প্রদানের জন্য পরিবেশ ও বনমন্ত্রীর সবিনয় জরুরি হস্তক্ষেপ কামনা করছি।মো. আবদুল মান্নানকালিঞ্চী, শ্যামনগর, সাতক্ষীরা। পদ্মা এখন ফারাক্কার বিরূপ প্রভাবে প্রমত্তা নদীর রাজশাহী অংশ, গড়াই নদীসহ আরও ১৮টি নদী এখন পানিশূন্য। পদ্মা নদীতে পানি শূন্যতায় হার্ডিঞ্জ ব্রিজের ১১টি স্প্যান চরের ওপর দাঁড়িয়ে আছে। পানির অভাবে দেখা দিয়েছে মরুময়তা। এ অঞ্চলের কয়েকটি জেলার এক লাখ ১৬ হাজার হেক্টর জমিতে চাষাবাদ হুমকির মুখে রয়েছে। ভারতের সঙ্গে পানি চুক্তির ১৫ বছর পার হলেও বাংলাদেশ কোনো সময়ই পানির সঠিক বা নায্য হিস্যা পায়নি। চুক্তির পর থেকেই ভারত কম পানি দিয়ে আসছে। পানির অভাবে চাষাবাদসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলে দেখা দিয়েছে মরুময়তা। নদীতে জেগে ওঠা চরে এখন চাষাবাদ করা হচ্ছে। পদ্মার বুকে ধু-ধু বালুচরের এক পাশ দিয়ে ক্ষীণ ধারায় পদ্মার পানি প্রবাহিত হচ্ছে। আর পদ্মার শাখা, উপশাখা নদীগুলোর অবস্থা তো আরও করুণ। গঙ্গার অববাহিকায় ভারত যেখানে এক কোটি ৩০ লাখ হেক্টর জমিতে সেচের ব্যবস্থা করেছে, সেখানে এ দেশের বৃহত্তম সেচ প্রকল্প (গঙ্গা-কপোতাক্ষ) সেচ প্রকল্প, পাবনা সেচ ও পল্লি উন্নয়ন প্রকল্প (পানাসি) বরেন্দ্র প্রকল্পসহ বিভিন্ন প্রকল্পের হাজার হাজার হেক্টর জমিতে অত্যাধুনিক প্রযুক্তি ও পাম্প ব্যবহার করে সেচ দেওয়া সম্ভব হচ্ছে না। তাই মরুময়তার হাত থেকে পদ্মাকে রক্ষা করতে হবে, রক্ষা করতে হবে এ অঞ্চলকে। দুই দেশের সরকারের আন্তরিক চেষ্টাই পারে এ দেশকে মরুকরণের হাত থেকে রক্ষা করতে। জাহেদুর রহমান ইকবাল পুরানা পল্টন, ঢাকা।