চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাসায়নিক গুদাম পুরান ঢাকার আবাসিক এলাকা থেকে রাসায়নিক দ্রব্যের গুদাম সরিয়ে নেওয়ার কথা থাকলেও এ সিদ্ধান্ত কার্যকর হয়নি। ফলে মানুষের জীবনের ঝুঁকি রয়েই গেছে। ২০১০ সালের জুন মাসে নিমতলীর ভয়াবহ অগ্নিকাণ্ডে ১২৩ জন প্রাণ হারায়। রাসায়নিক পদার্থের গুদামের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় এত বেশিসংখ্যক মানুষের মৃত্যু হয়েছিল। এরপর রাসায়নিক পদার্থের গুদাম, কারখানা ও দোকান অন্যত্র সরিয়ে নেওয়ার কথা জোরেশোরেই উচ্চারিত হয়েছিল।পত্রিকার খবর থেকে জানা যায়, রাজধানী ঢাকায় রাসায়নিক পদার্থের গুদামের সংখ্যা প্রায় দুই হাজার। কিন্তু লাইসেন্স আছে মাত্র কয়েকটি গুদামের। তাহলে সরকারের পক্ষ থেকে লাইসেন্সবিহীন রাসায়নিক গুদামের মালিকদের ওপর চাপ প্রয়োগ করা হচ্ছে না কেন? পুরান ঢাকায় দাহ্য রাসায়নিক দ্রব্যের গুদামের আশপাশে বসবাসকারী মানুষের পক্ষে এ অবস্থায় শান্তিতে ঘুমানো সম্ভব নয়। তাদের আতঙ্কে বসবাস করতে হচ্ছে। আমরা আর কোনো নিমতলীর পুনরাবৃত্তি কিংবা ভয়াবহ অগ্নিকাণ্ড দেখতে চাই না। সরকারের কাছে অনুরোধ, যত দ্রুত সম্ভব আবাসিক এলাকা থেকে রাসায়নিক পদার্থের গুদাম, কারখানা ও দোকান অপসারণের ব্যবস্থা নেওয়া হোক।সাধন সরকারভূগোল ও পরিবেশ বিভাগজগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা। পাবলিক টয়লেট রাজধানী ঢাকার জনবহুল বিভিন্ন এলাকায় পাবলিক টয়লেট স্থাপন করা জরুরি। হাজার হাজার মানুষ শহরে বিভিন্ন কাজে চলাফেরা করে। প্রাকৃতিক ডাকে তাদের সাড়া দিতে হয়। উপায়ান্তর না দেখে যেখানে-সেখানে মানুষ দাঁড়িয়ে অথবা বসে যায় প্রাকৃতিক ডাকে।তা ছাড়া বাস্তুহারা ছিন্নমূল অসংখ্য মানুষ আছে, যাদের জন্য কোনো রকম টয়লেটের ব্যবস্থা নেই। তারা বাধ্য হয়ে যেখানে-সেখানে মল-মূত্র ত্যাগ করে রাজধানীর পরিবেশ দূষণীয় করে তোলে।এমনিতেই ঢাকা শহরে বিপুল পরিমাণ বর্জ্য পদার্থ যেখানে-সেখানে স্তূপাকারে পড়ে থাকে, তার ওপর অনেক মানুষ মল-মূত্র ত্যাগ করে পরিবেশকে আরও দূষণ করে অসহনীয় করে তোলে।তাই ঢাকার জনবহুল বিভিন্ন স্থানে ব্যবহার-উপযোগী পাবলিক টয়লেট স্থাপন করে ব্যবহারের জন্য সামান্য অর্থের বিনিময়ে পরিচালনা করা যায়।উল্লেখ্য, বর্তমানে ঢাকা শহরে স্বল্পসংখ্যক যে টয়লেট আছে, তা ব্যবহার-উপযোগী নয়। ঢাকা সিটি করপোরেশনকে (ডিসিসি) এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করা হলো। মাহতাব আলীমিরপুর, ঢাকা।