চি ঠি প ত্র
গাইড বই নিয়ে কথাবিজ্ঞান বিভাগে নবম শ্রেণীর শিক্ষার্থী আমার সন্তান আমাকে বলল, তার রসায়ন, পদার্থবিজ্ঞান ও জীববিজ্ঞানের গাইড বই দরকার। আমি কিছুটা অবাক হলাম। খোঁজ নিয়ে নিশ্চিত হলাম, শুধু আমার সন্তানের স্কুল নয়, নগরের শীর্ষস্থানীয় সব স্কুল থেকেই গাইড বই ব্যবহারে উৎসাহ দেওয়া হচ্ছে। অথচ জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রদত্ত বইগুলো এত চমৎকার যে, এর জন্য গাইড বইয়ের কোনো প্রয়োজন পড়ে না। কষ্টের কথা, সরকার যেখানে বিনামূল্যে বই বিতরণ করছে, সেখানে অত্যন্ত চড়া দামে গাইড বইগুলো কিনতে হচ্ছে। বিদ্যালয়গুলোই নির্দিষ্ট করে দিয়েছে, কোন প্রকাশনা সংস্থা থেকে গাইড বইগুলো কিনতে হবে। অথচ আমাদের সময় বিজ্ঞান বিভাগের কোনো বিষয়েরই গাইড বই ছিল না। আমাদের সম্মানিত শিক্ষকেরা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে সব বিষয় শ্রেণীকক্ষেই বুঝিয়ে দিতেন এবং প্রয়োজনে তাঁরাই নোট করে দিতেন। অতএব, দেশের সব বিদ্যালয়ের সম্মানিত শিক্ষকদের প্রতি সবিনয় অনুরোধ, শিক্ষার্থীদের গাইড বই ব্যবহারে নিরুৎসাহিত করে তাদের যথাযথ মেধা বিকাশে আপনাদের জ্ঞান ও প্রজ্ঞার হাত বাড়িয়ে দিন। কায়সার রশিদ‘বি’ ব্লক, হালিশহর, চট্টগ্রামভাষার স্বীকৃতি চাইভাষা শহীদদের কারণে শহীদ দিবস আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মর্যাদা পেয়েছে। ক্ষুদ্র ভাষাগুলো রক্ষার জন্য এখন সারা বিশ্বেই দাবি-দাওয়া জোরদার হচ্ছে। বাংলাদেশে ভাষাবৈচিত্র্য যথেষ্ট, কিন্তু এর সরকারি স্বীকৃতি নেই। দেশের সর্বাঙ্গীন উন্নতির জন্য এই স্বীকৃতি জরুরি। পার্বত্য অঞ্চলে চাকমা, মারমা ও ত্রিপুরা—প্রধান তিনটি ভাষা। অন্য প্রায় সব ভাষাই এই তিনটি ভাষার কাছাকাছি। এসব ভাষার সাহিত্যও বেশ সমৃদ্ধ।প্রতিবেশী ভারতে হিন্দির পাশাপাশি বাংলাসহ একাধিক ভাষা সরকারি ভাষা হিসেবে স্বীকৃত। বাংলাদেশে রাষ্ট্রভাষা বাংলা। এর পাশাপাশি বিভিন্ন আদিবাসী ভাষাকে স্বীকৃতি দিলে এবং স্থানীয়ভাবে সরকারি কাজে ব্যবহার করা হলে জাতীয় ঐক্য ও সংহতি বৃদ্ধি পাবে এবং সুদৃঢ় হবে। বিষয়টির প্রতি সরকারের সুদৃষ্টি কামনা করছি।পরিতোষ চাকমারাঙামাটি, পার্বত্য চট্টগ্রামপরীক্ষার সনদআমি মো. আরিফুল ইসলাম জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে কুষ্টিয়া সরকারি কলেজ থেকে ২০০৮ সালে মাস্টার্স (হিসাববিজ্ঞান) পাস করেছি। গত ২২ ডিসেম্বর ইন্টারনেটে ফলাফল প্রকাশিত হয়। কিন্তু কুষ্টিয়া সরকারি কলেজ থেকে এখনো পর্যন্ত পাস-সংক্রান্ত প্রশংসাপত্র দেওয়া হচ্ছে না। কলেজ কর্তৃপক্ষ বলছে, জাতীয় বিশ্ববিদালয় থেকে ফলাফলের গেজেট আসেনি। আমি একজন গরিবের সন্তান। চাকরির জন্য আমার সার্টিফিকেট একান্ত জরুরি। অথচ জাতীয় বিশ্ববিদ্যালয়ের গাফিলতির কারণে আমার ভবিষ্যৎ অন্ধকারের দিকে ধাবিত হচ্ছে। পরীক্ষার ফলাফল ইন্টারনেটে দেওয়া হয়েছে, কিন্তু কলেজ কর্তৃপক্ষ এর কোনো মূল্য দিচ্ছে না। তাহলে ফলাফল ইন্টারনেটে প্রকাশ করার অর্থ কী? জাতীয় বিশ্ববিদ্যালয় যেন জরুরি ভিত্তিতে ফলাফলের গেজেট প্রকাশ করে ও সনদ দেয়। এ ব্যাপারে মাননীয় শিক্ষা মন্ত্রীকে অনুরোধ করছি।মো. আরিফুল ইসলামকুষ্টিয়া সরকারি কলেজশিক্ষাবৃত্তির আবেদনআমি মোছা. মনোয়ারা খাতুন, পিতা: মরহুম মজিবুল হক, মাতা মোছা. রেহেনা বেগম, গ্রাম+ডাক: বড়বিল (মাঝাপাড়া), উপজেলা-গঙ্গাচড়া, জেলা-রংপুর। আমি ২০০৮ সালে বড়বিল দ্বিমুখী উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় (মানবিক শাখা) অংশগ্রহণ করে জিপিএ-৪.৫৬ পেয়ে বিদ্যালয়ের সেরা ছাত্রী নির্বাচিত হয়েছি। ২০১০ সালে গংগাচড়া মহিলা ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৪.৭০ পেয়ে কলেজে প্রথম হই। বর্তমানে আমি রংপুরের ঐতিহ্যবাহী বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় দুটি ইউনিটে যথাক্রমে (‘এ’ ও ‘সি’) ৪৯ ও ৫১ মেধাতালিকায় উত্তীর্ণ হয়েছি এবং টাকা ধার করে ‘সি’ ইউনিটে ভর্তিও হয়েছি। কিন্তু পরিবারের অবস্থা খুবই অসচ্ছল। পরিবারে উপার্জনকারী কেউ না থাকায় আমার পক্ষে লেখাপড়ার খরচ চালানো সম্ভব হচ্ছে না। অতএব, আমার স্বপ্ন বাস্তবায়নে আমাকে শিক্ষা বৃত্তি প্রদানে সহূদয় ব্যক্তি ও প্রতিষ্ঠানের সহায়তা কামনা করি।মোছা. মনোয়ারা খাতুনঅনার্স প্রথম বর্ষ (ফিন্যান্স)বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর।