চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুদকের প্রতিবাদপ্রথম আলো পত্রিকায় ১১ ফেব্রুয়ারির (নগর সংস্করণ) বর্ষ ১৪, সংখ্যা-৯৫-এর ১২তম পাতায় ‘দুদক আইন সংশোধন, এক কুমিরের ছানা কতবার দেখাবেন?’ শিরোনামে প্রকাশিত সম্পাদকীয়টি দুর্নীতি দমন কমিশনের (দুদক) দৃষ্টি আকর্ষণ করেছে।ওই সম্পাদকীয়র একাংশে উল্লেখ করা হয়েছে, ‘কিন্তু দুদক গত তিন বছরে যুগ্ম সচিব বা তার ওপরের কোনো কর্মকর্তার বিরুদ্ধে একটিও মামলা দায়ের করতে পারেনি। এর মানে কী? তাঁরা সব ধোয়া তুলসী পাতা? তাঁরা আমাদের জানাচ্ছেন না যে কেন তাঁরা জনপ্রশাসনের উচ্চপদস্থ ব্যক্তিদের বিরুদ্ধে দুর্নীতির মামলা দায়ের করতে অপারগ।’ সম্পাদকীয়তে উল্লিখিত এ উক্তি বাস্তবতার সঙ্গে সংগতিপূর্ণ নয় এবং কল্পনাপ্রসূত। কমিশন বিগত তিন বছরে যুগ্ম সচিব বা এর ওপরের অথবা সমমর্যাদাসম্পন্ন কর্মকর্তাদের বিরুদ্ধে অসংখ্য মামলা দায়ের বা চার্জশিট দাখিল করেছে।এ ছাড়া সম্পাদকীয়তে উল্লেখ করা হয়েছে, ‘গত তিন বছরে সহকারী সচিব ও তার নিচের পর্যায়ের প্রায় ১০০ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে দুদক মামলা করেছে।’ সম্পাদকীয়র এ অংশও তথ্যনির্ভর নয়। দুদক বিগত তিন বছরে সরকারি কর্মকর্তা-কর্মচারী, ব্যবসায়ী, রাজনীতিবিদসহ সব পেশার দুর্নীতিপরায়ণ ব্যক্তিদের বিরুদ্ধে ৮৭৩টি মামলা দায়ের করেছে এবং একই সময়ে এক হাজার ৬২৭টি মামলার চার্জশিট বিজ্ঞ আদালতে দাখিল করেছে। এসব মামলায় অভিযুক্ত নানা পর্যায়ের সরকারি কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা সম্পাদকীয়তে উল্লিখিত সংখ্যার বহুগুণ।দুদক একটি সংবিধিবদ্ধ সংস্থা। এ প্রতিষ্ঠান ‘দুর্নীতি দমন কমিশন আইন-২০০৪’ অনুযায়ী ওই আইনের তফসিলে উল্লিখিত অপরাধগুলোর অনুসন্ধান, মামলা দায়ের ও তদন্ত পরিচালনা করে থাকে। তবে দুর্নীতি সম্পর্কে জনসাধারণের ধারণা কমিশনের আইনের তফসিলভুক্ত অপরাধের চেয়ে অনেক ব্যাপকতর। কমিশন আইন অনুযায়ী স্বাধীন ও নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছে। এটা অনস্বীকার্য, বিগত দশকগুলোয় দেশে দুর্নীতির ব্যাপক প্রসার ঘটেছে। দুর্নীতি দমনে গণমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ। দুদক গণমাধ্যমে প্রকাশিত দুর্নীতি-সংক্রান্ত তথ্যবহুল প্রতিবেদনগুলো আমলে নিয়ে অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করে। প্রথম আলোর কাছে যুগ্ম সচিব অথবা তদূর্ধ্ব কোনো কর্মকর্তার দুর্নীতি-সংক্রান্ত কোনো তথ্য থাকলে সে সম্পর্কে সংবাদ প্রকাশ করে অথবা প্রকাশে অপারগ হলে তা কমিশনে প্রেরণ করলে কমিশন আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিচ্ছে।প্রণব কুমার ভট্টাচার্যজনসংযোগ কর্মকর্তাদুর্নীতি দমন কমিশনপ্রধান কার্যালয়, ঢাকা।এমপিও ১০ বছরের অধিক সময় পার করে দিয়েছি, অথচ এমপিওভুক্তি থেকে বঞ্চিত হয়েই চলেছি। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে সর্বোচ্চ ডিগ্রি নিয়ে তুমুল প্রতিযোগিতামূলক নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে প্রায় বিনা বেতনে কিসের স্বার্থে জীবন-যৌবন অতিবাহিত করছি। এই ১০ বছরে আড়াই হাজারেরও বেশি শিক্ষার্থীকে পাস কারিয়ে (এ+সহ) উচ্চশিক্ষার দ্বার উন্মোচন করেছি। আমাদেরই তৈরি করা শিক্ষার্থীরা আজ দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে উচ্চপদে অধিষ্ঠিত। অথচ আমরা যে তিমিরে ছিলাম, সেই তিমিরেই আছি আপনাদের সুদৃষ্টি ও বিচক্ষণতার অভাবে। আপনারা শিক্ষকদের মানবসম্পদ গড়ার কারিগর বলেন। বিভিন্ন সেমিনার, সমাবেশ ও শিক্ষাবিষয়ক অনুষ্ঠানে আপনারা ভালো ভালো কথা বলেন, সঠিক জ্ঞান বিতরণের আহ্বান জানান; অথচ একবারও চিন্তা করেন না, দেশের নন-এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষক-কর্মচারীরা কী অবস্থায় আছে। যে ছেলেটি নিবন্ধন পরীক্ষায় পাস করে ২৭-২৮ বছরে একটি চাকরি নিয়ে শিক্ষকতায় ঢুকেছে, আজ তার বয়স প্রায় ৪০-এর কোঠায় এসে দাঁড়িয়েছে। সে না পারবে নিজের সংসার গোছাতে, না পারবে পরিবারকে কিছু আর্থিক সাহায্য করতে। অথচ বিভিন্ন খাতে খরচ থেমে নেই। কখনো কখনো অর্থের অপচয় হচ্ছে। এমপিওভুক্তিতে অর্থের অপর্যাপ্ততা সত্যিই বেদনাদায়ক, নির্মম। গত পাঁচ-সাত বছরের ফলাফল বিবেচনায় এনে শিগগির শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এমপিওভুক্ত করে মানবেতর জীবনযাপনকারী শিক্ষক-কর্মচারীদের রক্ষা করুন। মো. শাহরিয়ার মামুনপ্রভাষক, বাংলা বিভাগহাজী কাশেম আলী কলেজসদর, ময়মনসিংহ।